২০২৪ সালের আগস্ট মাসে দিল্লির ভারতীয় জনতা পার্টির (BJP) অর্থনৈতিক সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান বিকাশ গর্গ। এর ঠিক আট মাস পরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তাঁর সংস্থায় আচমকা তল্লাশি চালায়। কিন্তু কী কারণে সেদিন তাঁর সংস্থায় তল্লাশি চালানো হয়েছিল তা খোলসা করা হয়নি তখন। অবশেষে প্রায় ১ বছরেরও বেশি সময় পর গত ১০ জুলাই একটি বিবৃতিতে ইডি আসল বিষয়টি প্রকাশ্যে এনেছে। ইডি জানায় মহাদেব অনলাইন বুক/স্কাইএক্সচেঞ্জ বেটিং মামলায় (Mahadev Betting App Case) আর্থিক তছরুপের সঙ্গে সরাসরি জড়িত বিকাশ গর্গ। গত মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে ইডি।
মহাদেব বুক একটি মোবাইল অ্যাপ যা খেলা সংক্রান্ত প্রেডিকশন ইনসাইট দেওয়ার দাবি করে। বর্তমানে এই অ্যাপের গ্রাহক সংখ্যা ১০ লক্ষেরও বেশি। অন্যদিকে, স্কাইএক্সচেঞ্জ হলো দুবাই-ভিত্তিক একটি বেটিং প্ল্যাটফর্ম, যা এই মহাদেব অ্যাপেরই সহযোগী সংস্থা হিসেবে কাজ করে। ২০২২ সাল থেকেই এই অ্যাপ নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি।
ইতিমধ্যেই একাধিক হেভিওয়েটদের নাম জড়িয়েছে এই মামলায়৷ অভিযোগ এই অ্যাপের আড়ালে তাঁরা একটি অবৈধ বেটিং সিন্ডিকেট চালাচ্ছিলেন। এই চক্রের মাধ্যমে বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রিপ্টোকারেন্সি এবং হাওয়ালা নেটওয়ার্ক ব্যবহার করে কোটি কোটি টাকার আর্থিক তছরুপ চলত৷ এমনকি এই বেআইনি অর্থ দিয়ে ভারতীয় শেয়ার বাজারেও কারচুপি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে৷

২০২৩ সালে প্রথমবার এই ঘটনা সর্বসমক্ষে আসে। এই অ্যাপের মূল প্রমোটার—ছত্তীসগঢ়ের দুই ব্যবসায়ী সৌরভ চন্দ্রাকর এবং রবি উপ্পল। তাদের বিরুদ্ধে তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে প্রায় ৫০৮ কোটি টাকা কাটমানি বা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল।
মঙ্গলবার বিকাশের গ্রেফতারির পরেই ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বুধবার অভিযোগ করেন বিকাশ গর্গের সঙ্গে বিজেপির ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে এবং তিনি “বিজেপির সুরক্ষা” পাচ্ছিলেন। তাঁকে ৬,০০০ কোটি টাকার তছরুপের অভিযোগে গ্রেফতার করে ইডি। বাঘেল আরও অভিযোগ করেন, গর্গের বাবা বিজেপির প্রাক্তন বিধায়ক ছিলেন। তাঁর দাবি, বিকাশ গর্গ বিজেপির সুরক্ষা পাচ্ছিলেন। তিনি দিল্লি বিজেপির বর্ষীয়ান নেতা এবং তিনবারের প্রাক্তন বিধায়ক নন্দ কিশোর গর্গের ছেলে। বিকাশ গর্গকে দিল্লির বাসভবন থেকে গ্রেফতার করে ইডি। বুধবার তাঁকে রায়পুরের বিশেষ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে ১০ দিনের জন্য ইডি হেফাজতে পাঠায়
তিনি আরও বলেন , “কেন্দ্র সরকার মহাদেব বেটিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? এই অ্যাপ এখনও কীভাবে চালু রয়েছে? সোশ্যাল মিডিয়ায় এর বিজ্ঞাপন এখনও কেন অবিরাম দেখা যাচ্ছে? বিদেশে বসে থাকা মহাদেব বেটিং অ্যাপের পরিচালকদের আজ পর্যন্ত দেশে ফিরিয়ে আনতে আমাদের তথাকথিত ‘বিশ্বগুরু’ কেন সফল হল না?”
অন্যদিকে, মহাদেব অনলাইন বেটিং অ্যাপ-সংক্রান্ত অর্থপাচার মামলায় গ্রেফতার হওয়া বিজেপি নেতা বিকাশ গর্গকে দল থেকে বহিষ্কার করেছে দিল্লি বিজেপি। বৃহস্পতিবার দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রের দাবি, অর্থপাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পরই বিকাশ গর্গের বিরুদ্ধে এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
