বস্তারের জঙ্গল থেকে র্যাম্পের আলো— এই রূপান্তর নিছকই পোশাক বা ফ্যাশনের কোনো পরিবর্তন নয়; এটি মানুষের অদম্য ইচ্ছেশক্তি, পুনর্বাসন এবং আত্মমর্যাদার এক অবিশ্বাস্য দলিল।কয়েক বছর আগেও যাঁদের হাতে ছিল ল্যান্ডমাইন, রকেট লঞ্চার কিংবা চিনের তৈরি স্বয়ংক্রিয় অস্ত্র, আজ সেই হাতের আঙুলই ছুঁয়ে দেখছে সূক্ষ্ম সুতোর বুনন।সম্প্রতি রায়পুরের জমকালো ট্রাইবাল ফ্যাশন শো-তে (Tribal Fashion Show) যখন প্রাক্তনী নকশাল মহিলারা হ্যান্ডলুম পোশাকে র্যাম্পে হাঁটলেন, তখন তা কেবল একটি ফ্যাশন শো বা পোশাক প্রদর্শনী ছিল না; তা ছিল এক যুগান্তকারী সামাজিক রূপান্তরের জীবন্ত দলিল।
বন্দুকের বদলে হাতের কাজ, তাঁতের বুনন কিংবা সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া প্রমাণ করে যে সুযোগ পেলে মানুষ সবসময় ধ্বংসের বদলে সৃজনশীলতাকেই বেছে নেয়।
বস্তার মানেই দীর্ঘকাল ধরে ছিল ভয়, অনিশ্চয়তা, ল্যান্ডমাইনের শব্দ আর বারুদের গন্ধ। নকশাল আন্দোলনের গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিল হাজার হাজার তরতাজা প্রাণ। এই অন্ধকূপে সবচেয়ে বেশি নির্মমতার শিকার হয়েছেন নারীরা। মতাদর্শের মোড়কে বন্দি হয়ে, কখনও বা জোরপূর্বক টেনে নিয়ে গিয়ে তাঁদের ঠেলে দেওয়া হয়েছিল এক চরম হিংস্রতার জগতে। জঙ্গল যাঁদের আশ্রয় ছিল, তা হয়ে উঠেছিল বেঁচে থাকার কঠিন লড়াইয়ের ক্ষেত্র।
আজ তাঁরা শুধু মূলস্রোতেই ফেরেননি, বরং নিজেদের সৃজনশীলতা দিয়ে তৈরি করছেন নতুন পরিচয়। হ্যান্ডলুমের তাঁতে কাপড়ের নকশা করা, রঙিন সুতোয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলা— এ যেন ধ্বংসের পটে নতুন সৃষ্টির উপাসনা।
এই পোশাকগুলি সাধারণ কোনো বস্ত্র নয়; এর প্রতিটি তন্তুতে লুকিয়ে রয়েছে বস্তারের মাটি, সেখানকার সংস্কৃতি এবং এই মহিলাদের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের গল্প। ছত্তিশগঢ়ের ঐতিহ্যবাহী কোসা সিল্ক কিংবা উপজাতীয় নকশার পোশাক পরে যখন তাঁরা মঞ্চে এলেন, তখন তা হয়ে উঠল আত্মসম্মান পুনরুদ্ধারের প্রতীক। সমাজ যাঁদের এতদিন ‘অপরাধী’ হিসেবে দেখে এসেছে, আজ সেই সমাজই তাঁদের কুর্নিশ জানাচ্ছে শিল্পীর আসনে। এই বদল শুধুমাত্র ওই নারীদের ব্যক্তিগত জীবনে স্বস্তি এনেছে তা নয়, এটি সমগ্র সমাজের মনস্তত্বকেও বদলে দিচ্ছে।
গত কয়েক বছরে ছত্তিশগঢ় সরকার এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আজ ফলপ্রসূ। অস্ত্র ছেড়ে যারা স্বাভাবিক জীবনে ফিরছেন, তাঁদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, জীবিকা নির্বাহের পথ সুগম করা এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে নিরবধি । আজ সেই মহিলারা হস্তশিল্প, কুটির শিল্প এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন। এই অর্থনৈতিক স্বাধীনতা তাঁদের কেবল পেটের ভাত জোগাচ্ছে না, সমাজে তাঁদের কণ্ঠস্বরকে জোরালো করছে। যে নারীরা একসময় বনের অন্ধকারে হারিয়ে গিয়েছিলেন, আজ তাঁরা সমাজের আলোয় উদ্ভাসিত।
কয়েক দশকের বারুদ মাখা ইতিহাসকে পিছনে ফেলে বস্তার আজ এক নতুন সূর্যোদয়ের অপেক্ষায়। বন্দুকের নল থেকে উঠে আসা এই শান্ত ও সৃজনশীল হাতগুলো আগামী প্রজন্মের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিচ্ছে।

