বলপূর্বক সোনমের অনশন ভাঙাল পুলিশ, তুলে নিয়ে গিয়ে ভর্তি করা হল হাসপাতালে

১৯ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

২১দিনের মাথায় দিল্লির যন্তর মন্তর থেকে বলপূর্বক সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) তুলে নিয়ে যাওয়া হল হাসপাতালে। বিরাট পুলিশ বাহিনী অনশন মঞ্চ ঘিরে ফেলে সোনমকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান শুক্রবার রাতে সোনমের উপর হামলার চেষ্টা করা হয়।

শনিবার সকালে দিল্লি পুলিশ চিকিৎসাজনিত কারণ দেখিয়ে আন্দোলনস্থল থেকে সরিয়ে হাসপাতালে নিয়ে যায় সোনমকে। অভিযোগ, NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলা এই আন্দোলনের মধ্যেই পুলিশ হঠাৎ অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালে ওয়াংচুক আন্দোলনকারীদের সঙ্গে বসে থাকাকালীন সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সেখানে পৌঁছায়। কেউ নীল, কেউ সাদা শার্ট পরে ছিলেন। এরপর নিরাপত্তা জোরদার করে পর্দা টাঙিয়ে এলাকাটি ঘিরে ফেলা হয়। পরিস্থিতি বোঝার আগেই পুলিশ ওয়াংচুককে সেখান থেকে নিয়ে যায়। কিন্তু এতদিন অনশনরত সোনমের দাবিগুলো শুনতে একটি বারের জন্যও সরকারের তরফে কেউ আসেননি বলে অভিযোগ।

পুলিশের দাবি, ৫৯ বছর বয়সি ওয়াংচুককে শান্তিপূর্ণভাবেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যদিও তাঁকে সরানোর সময় আন্দোলনকারীদের বিক্ষোভ ও স্লোগানকে ঘিরে কিছুক্ষণ উত্তেজনা তৈরি হয়। আন্দোলনের নেতৃত্বদানকারী Cockroach Janata Party (CJP)-এর কর্মীরা পুলিশের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান।

অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গেছে, ওয়াংচুক সচেতন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, অনশন দীর্ঘায়িত হওয়ায় তাঁর স্বাস্থ্যের অবনতির আশঙ্কা তৈরি হয়েছিল, তাই চিকিৎসার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যান্য প্রতিবেদন.