Wimbledon Championships: উইম্বলডনে পুরুষদের ট্রফি আর মহিলাদের প্লেট: এটি কি সত্যিই কোনো বৈষম্য?

২৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

জ্যানিক সিনার আরও একবার উইম্বলডন ট্রফি যখন হাতে তুলছেন, তখন সোমবার পড়ে গিয়েছে। বিশ্বকাপের ম্যাচ (FIFA World Cup 2026) নেই, এক মাসের ‘অভ্যাস’ রাতে ঘুমাতে দিচ্ছে না। সঙ্গে, এমন দুর্দান্ত উইম্বলডন (Wimbledon 2026) ফাইনাল চোখের দু’পাতা এক করতে দেয় না। তবে ভেবে দেখেছেন, সিনার (Jannik Sinner) হাতে তুলে নিচ্ছেন একটা ট্রফি। আর তার ঠিক একদিন আগের রাতে মহিলাদের সিঙ্গলসে জিতেছেন লিন্ডা নোসকোভা (Linda Noskova)। তাঁর হাতে উঠেছে রূপোর থালা। কেন এমন বৈষম্য ঐতিহ্যের উইম্বলডনে?

​আসুন জেনে নেওয়া যাক, গোটা ব্যাপারটা ঠিক কী। এটা কি আদৌ বৈষম্য?

​উইম্বলডনের মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নরা পান ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ (Venus Rosewater Dish), যা খাঁটি রূপোর তৈরি একটি চমৎকার প্লেট এবং এটি ১৮৮৬ সাল থেকে দেওয়া হচ্ছে। ভেনাস রোজওয়াটার ডিশকে কিন্তু কোনো কম মর্যাদার পুরস্কার হিসেবে ভাবা হয়নি। ভিক্টোরিয়ান ব্রিটেনে, চমৎকার নকশা করা রূপার ডিশগুলো ছিল বেশ মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিক পুরস্কার, এবং উইম্বলডন কেবল সেই ঐতিহ্যকেই টিকিয়ে রেখেছে।

‘ভেনাস রোজওয়াটার ডিশ’ হাতে লিন্ডা নোসকোভা

​আসলে, এটি পুরুষদের বর্তমান ট্রফির চেয়েও পুরোনো! পুরুষদের বর্তমান বিজয়ী পান ‘জেন্টলমেনস সিঙ্গেলস ট্রফি’ (Gentlemen’s Singles Trophy), যা প্রথম চালু হয়েছিল ১৮৮৭ সালে। অর্থাৎ এটি মহিলাদের ট্রফির চেয়ে এক বছর পর।

​পুরুষদের মূল ট্রফিটির নাম ছিল ‘চ্যালেঞ্জার্স কাপ’ (Challenger’s Cup), যা ১৮৭৭ সালে উইম্বলডন শুরুর সময় থেকেই ছিল। তবে ১৮৮৬ সালে উইলিয়াম রেনশ (William Renshaw) এটি টানা জিতে নেওয়ার পর ট্রফিটি তুলে নেওয়া হয়। কারণ তখন নিয়ম ছিল যে পরপর তিনবার চ্যাম্পিয়ন হলে ট্রফিটি নিজের কাছে রেখে দেওয়া যাবে।

‘জেন্টলমেনস সিঙ্গেলস ট্রফি’ হাতে সিনার

​তবে কেন এই বিতর্ক?

আজকের দিনে এই বিতর্কটি সম্মানের চেয়ে বেশি মানুষের দৃষ্টিভঙ্গির কারণে তৈরি। আধুনিক দর্শকদের কাছে একটি প্লেটের চেয়ে ট্রফি কাপকেই বেশি চ্যাম্পিয়নশিপের প্রতীক বলে মনে হয়। তবে উইম্বলডন সচেতনভাবেই তাদের ঐতিহ্য ধরে রেখেছে। তাছাড়া উভয় চ্যাম্পিয়নই সমান প্রাইজমানি এবং সমান চ্যাম্পিয়নের মর্যাদা পান। প্রতি বছর উইম্বলডনে এই প্রশ্ন বারবার উঠে আসে, পুরুষ চ্যাম্পিয়নরা পাচ্ছেন একটি বিশাল সোনার ট্রফি, আর মহিলারা পাচ্ছেন একটি প্লেট? সেটা আসলে সত্যি নয়, পুরো টেনিস ইতিহাসের অন্যতম পুরোনো এবং সবচেয়ে আইকনিক একটি ট্রফিই তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

অন্যান্য প্রতিবেদন.