বাংলার পলিমাটি আর রোদ-বৃষ্টির খামে মোড়া এক অনন্য শিল্পকর্ম হলো জামদানি। এটি কেবল একটি বস্ত্র নয়, বরং বাঙালির হাজার বছরের ঐতিহ্য, আবেগ ও নান্দনিক সুষমার জীবন্ত দলিল। মসলিনের উত্তরসূরি হিসেবে পরিচিত জামদানি আজ বিশ্বমঞ্চে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের (Intangible Cultural Heritage) স্বীকৃতি লাভ করেছে। মেঘের মতো হালকা আর জলের মতো স্বচ্ছ কাপড়ের বুকে সুঁই-সুতো বা তুলা-মাকুর জাদুতে ফুটিয়ে তোলা হয় লতা, পাতা, ফুল কিংবা জ্যামিতিক নকশা। এই শিল্পের প্রাণকেন্দ্র হলো এর মোটিফ বা নকশা।
‘জামদানি’ শব্দটির উৎপত্তির পেছনে রয়েছে ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক এক মেলবন্ধন। সাধারণত ফার্সি শব্দ ‘জামা’ (যার অর্থ পোশাক বা কাপড়) এবং ‘দানি’ (যার অর্থ পাত্র বা বুটি) মিলে ‘জামদানি’ শব্দটির সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। এর আক্ষরিক অর্থ দাঁড়ায় বুটিদার কাপড়। তবে প্রাচীন বাংলায় এই কাপড়ের আদি নাম ছিল ‘ডোরিয়া’ বা ‘পন্না’।
ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকদের মতে, জামদানি নকশার প্রচলন এবং বিশ্বখ্যাত মসলিনের বিকাশ সমান্তরালভাবে এগিয়েছিল। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে গ্রিক পরিব্রাজক ও ব্যবসায়ীদের বিবরণীতে বাংলার মিহি কাপড়ের উল্লেখ পাওয়া যায়।
তবে জামদানি নকশার মূল সোনালী সময় শুরু হয় মোগল যুগে। দিল্লির মোগল সম্রাট এবং বাংলার সুবাদারদের পৃষ্ঠপোষকতায় ঢাকার চারপাশের জনপদ—যেমন সোনারগাঁও, ডেমরা, তিতাবদী ও রূপগঞ্জের তাঁতিরা রাজকীয় মন জুগিয়ে তুলতে নতুন নতুন নকশার জন্ম দেন। মোগল রাজদরবারের অভিজাত রুচি, পারস্যের কার্পেট শিল্প এবং মধ্য এশীয় জ্যামিতিক কাঠামোর সঙ্গে বাংলার লোকশিল্পের মেলবন্ধন ঘটে। ফলস্বরূপ, জামদানির নকশায় এক অভূতপূর্ব রূপান্তর আসে।

জামদানির নকশাগুলো কোনো কৃত্রিম ল্যাবরেটরিতে তৈরি হয় না; বরং এগুলোর প্রধান উৎস আমাদের চারপাশের নিসর্গ, ঋতুবৈচিত্র্য এবং পারিপাস্ত্রিক সংস্কৃতি। বয়নশিল্পীরা তাঁদের চোখের দেখা এবং মনের মাধুরী মিশিয়ে সুতার টানে ফুটিয়ে তোলেন বাংলার মাটি ও মানুষের রূপ,যেমন- পদ্মফুল, জবা, লতা-পাতা, আমলকি পাতা, পানপাতা, চালতার ফুল, ময়ূরপঙ্খী, বুলবুলি পাখি, মাছের আঁশ…
গ্রামবাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নানা উপকরণও জামদানি নকশার উৎস হিসেবে কাজ করেছে। কুঁড়েঘর, চরকা, বিয়ের পিঁড়ি, কিংবা রান্নার নানা উপাদানের ক্ষুদ্র রূপ তাঁতির কল্পনাশক্তিকে সমৃদ্ধ করেছে।
জামদানি নকশার উৎস কেবল বাহ্যিক দৃশ্য বা মোটিফে সীমাবদ্ধ নয়, এর আসল জাদুকরি দিকটি নিহিত রয়েছে এর বয়নপ্রযুক্তিতে। জামদানি কোনো প্রিন্ট বা এমব্রয়ডারি করা কাপড় নয়। এটি ‘অফ-লুম’ বা তাঁতের ওপর সরাসরি সুতা গুজে তৈরি করা হয়। মূল কাপড়ের জমিন যখন টানা ও পোড়েন সুতার টানে তৈরি হতে থাকে, ঠিক তখনই কারিগর তাঁর কল্পনা বা মনের মধ্যে থাকা নকশার মানচিত্র অনুযায়ী অতিরিক্ত রঙিন বা সোনালি-রুপালি জরি সুতা হাত দিয়ে আলাদা করে নকশার আকারে বুনে দেন। প্রবীণ কারিগররা তাঁদের স্মৃতি এবং পুরুষানুক্রমে প্রাপ্ত অভিজ্ঞতার ওপর নির্ভর করে নিখুঁত সমান্তরালে এই নকশা ফুটিয়ে তোলেন।
সময়ের পালাবদলে ফ্যাশনের সংজ্ঞা বদলায়, রুচির পরিবর্তন ঘটে। কিন্তু জামদানির নকশার আবেদন আজও অম্লান। প্রাচীন জ্যামিতিক বা লৌকিক মোটিফের পাশাপাশি সমসাময়িক ফ্যাশন ডিজাইনাররা জামদানিতে জ্যামিতিক মিনিমালিজম, বিমূর্ত শিল্প এবং আধুনিক ফিউশন ঘটিয়ে চলেছেন। তা সত্ত্বেও, জামদানির মৌলিক উৎস—অর্থাৎ বাংলার নিসর্গ, লতা-পাতা ও সংস্কৃতির সুবাস আজও তার প্রতিটি সুতায় অক্ষুণ্ণ রয়েছে।জামদানি কেবল একটি সুতার শিল্প নয়, এটি হলো এক টুকরো বাংলাদেশ—যা তার নিজস্ব মহিমায় বিশ্বজুড়ে দীপ্তিময়।

