RSS-ঘনিষ্ঠ ২০ সংগঠনকে ১০ বছরে ৬৭১ কোটি টাকার CSR অনুদান ONGC-র, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

২২ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

এই মুহূর্তে গোটা দেশ জুড়েই চলছে সরকার বিরোধী একাধিক আন্দলোন। দিল্লির যন্তর-মন্তরে জড়ো হচ্ছেন বিরোধীরা। এই আবহেই ফের বিতর্কের জন্ম হয়েছে একটি খবর ঘিরে। দ্য নিউজ মিনিট -র রিপোর্ট অনুযায়ী রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থা ওএনজিসি (ONGC) গত ১০ বছরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS ঘনিষ্ঠ ২০টি সংগঠনকে ৬৬৮ কোটিরও বেশি টাকা অনুদান দিয়েছে বলে দাবি করা হচ্ছে। ২০১৩ থেকে ২০২৫ সালের মধ্যে CSR (Corporate Social Responsibility) তহবিলে এই বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে বলে দাবি করেছে দ্য নিউজ মিনিট (TNM) ।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের প্রথম তিন মাস পর্যন্ত ONGC সারা দেশে ২,০০০-এর বেশি সংস্থা ও বিভিন্ন প্রকল্পে ৪,৫৩১ কোটি টাকা CSR খাতে ব্যয় করেছে। এর মধ্যে ৬৬৮.০১ কোটি টাকা, অর্থাৎ মোট CSR ব্যয়ের প্রায় ১৪.৭ শতাংশ, গেছে RSS-সংশ্লিষ্ট বলে চিহ্নিত ২০টি সংগঠনের কাছে। এছাড়া ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে আরও প্রায় ৩ কোটি টাকা তিনটি সংগঠনকে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ৬৭০.৯৭ কোটি টাকা।

TNM জানিয়েছে, এই ২০টি সংগঠনের মধ্যে ৯টি সরাসরি RSS-এর সঙ্গে যুক্ত, ৯টি RSS-ঘনিষ্ঠ ব্যক্তিদের তৈরি বা পরিচালিত, আর ২টি সংগঠন বিভিন্ন সময়ে RSS-এর সঙ্গে কাজ করেছে। সংবাদ সংস্থার দাবি, সবচেয়ে বেশি অনুদান পেয়েছে অসমের শিবসাগরের স্বর্গদেউ সিউ-কা-ফা হাসপাতাল। ৩০০ বেডের এই হাসপাতালটি ওএনজিসি ও ডঃ বাবাসাহেব আম্বেদকর বৈদ্যকীয় প্রতিষ্ঠান (বিএভিপি) যৌথভাবে পরিচালনা করে। রিপোর্টের দাবি, বিএভিপি আরএসএস-এর আদর্শে অনুপ্রাণিত সংস্থা।

দ্বিতীয় সর্বোচ্চ অনুদান পেয়েছে নাগপুরের ডঃ আবাজি ঠাট্টে সেবা ঔর অনুসন্ধান সংস্থা। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট গড়তে তারা ১৪০ কোটি টাকা পেয়েছে। এছাড়া এস-ভ্যাসা পেয়েছে ১৫.৫৩ কোটি টাকা, সেবা ভারতী-র বিভিন্ন শাখা ১৩.৯৫ কোটি টাকা এবং একল বিদ্যালয় ফাউন্ডেশন পরিচালিত স্কুলগুলি ৮.৬৯ কোটি টাকা অনুদান পেয়েছে।

মোহন ভাগবত

এই প্রতিবেদনটি প্রকাশের কয়েক সপ্তাহ আগে RSS প্রধান মোহন ভাগবত বলেছিলেন, RSS সরকারি অনুদানের উপর নির্ভর করে না। তাঁর দাবি, সংগঠনটি মূলত স্বেচ্ছাসেবকদের দেওয়া ‘গুরুদক্ষিণা’ দিয়েই চলে। তবে TNM-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, RSS-ঘনিষ্ঠ একাধিক সংস্থা ONGC-এর CSR তহবিল থেকেও অর্থ পেয়েছে। উল্লেখ্য, এই তথ্যগুলি The News Minute (TNM)-এর অনুসন্ধানী প্রতিবেদনের দাবি। ONGC বা RSS-এর পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্যান্য প্রতিবেদন.