এদেশ গণেশের দুধ খাওয়া দেখেছে। দুধ খাওয়ানোর লাইন সে সময় বাড়ছে তো বাড়ছেই। এমন দুধ খাইয়ে পুণ্য পাবার লোভ সামলাতে না পেরে— শিশু-সন্তানের খাবার দুধটুকু খাইয়ে এসেছে একজন। সোজা সে দুধ ড্রেনে গেছে। তখনকার ডক্টর এডগার জর্জ জম্বস মেপে নিয়েছিলেন— এভাবেই যুগযুগ ধরে পাবলিককে ঘোল খাওয়ানো যায়। তারপর আরও একদিন এমন এসে গেল, ১৫ লাখি গুজবে সরকার বদলে গেল। আরেক দিন, টিভির পর্দার বিশ্বস্ত নিউজ কাস্ট ঘোষণা করল— ২০০০ টাকার নোটের ভিতর এমন ন্যানো-চিপস আছে, যা ২০০ ফুট মাটির নিচে থাকলেও ধরা পড়ে যাবে! অতঃপর ডক্টর জম্বস নতুন পথ খুঁজে পেলেন। তথ্য বড় কথা নয়। বিশ্বাসী ভক্তগণ প্রশ্নহীন তথ্য খায়, তথ্য গায়ে মাখে, নিউজ চ্যানেলের কিচেন টু ভাড়ার প্যানেল— সর্বত্র ভক্তময়। ‘তাহারা কি তথ্য চিবাইয়া খায়?’ জানা নেই। তবে তাহারা স্রেফ বিদ্বেষ ও ঘৃণা নির্গমন করে। এতে হজম-ঘটিত সমস্যা নেই। ওয়ান-ওয়ে, ঘৃণায় বাড়িতং বিদ্বেষ। বিদ্বেষের এই বেকারত্বের যুগে টাইম পাস টু দাদাগিরি— সবই ঠাসা থাকছে।
সেই কবে থেকে দেখে আসছি, গুজব উপাদেয়। খেয়ে তৃপ্তি, খাইয়েও! ছেলেধরা, কংক্রিটের জঙ্গলে সুদূর ছত্তিশগড় থেকে আসা হায়না, গরুচোর। অবশ্যি, গরু চুরি হচ্ছে হামেশাই। নড়াইলের কালিয়ায় যেমন হল। বাড়ি ভেঙে, মারধর করে খুঁটিতে বাঁধা গরু খুলে নিয়ে গেছে মুখ ঢাকা গুণ্ডারা। আওয়ামী লীগ বনাম বিএনপির বিবাদে মুখ ঢাকে কে? তেমনই, হায়নায় তুলে নিয়ে যাওয়া একটি মেয়ে দিন কয়েক পর ফিরে এসেছিল, পাশের বাড়ির পটলার হাত ধরে। আবার সাইকেল-চোর বা ছেলেধরা লাইটপোস্টে বেঁধে মারতে দেখেছি কতবার! যার সাইকেল চুরি হয়েছে, যার সাইকেল নেই বা সাইকেল চুরি হতে পারে সে, বা তিনি, যিনি কোনও দিন কারোকে মারেননি, তিনিও— আজ বাঁধা চোরের ওপর বীরদর্পে রঞ্জিত মল্লিক! কিন্তু এসব ডিজিটাল যুগের আগের কথা। তখনও আস্ত ঐতিহাসিক ইমারত বা ভাস্কর্য ভেঙে ফেলা যেত। বাবরি বা বামিয়ান যাকে বলে। বোধ-বুদ্ধি গিলে ফেলা যেত। তারও বহুবহু আগে থেকে— এমন আয়োজনের পর দাঙ্গা আসত। তাতে জমা হত প্রশ্নহীন ক্রোধ আর লাশ। আবার, করোনা মহামারির সময় গোমূত্র পান বা বিশেষ কোনো ভেষজ খেলে করোনা সেরে যায়, কিংবা করোনার টিকা নিলে মানুষ নপুংসক হয়ে যাবে বা দুই বছরের মধ্যে মারা যাবে— এমন অসংখ্য পবিত্র খবর, থুড়ি গুজব ব্যাপকভাবে প্রচারিত হয়। প্রশ্নহীন জম্বি বাড়ে সংখ্যায়। যারা শূন্য-ঘিলুর মাথায় বয়ে বেড়ান ডক্টর জম্বসকে।
‘বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ২০০ বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।’ রবিবার এই তথ্যে ফোঁসফোঁস করেছে ফেসবুক। হাল এমন দাঁড়ায়, মূলধারার সংবাদমাধ্যমের কেউকেউ খবর করতে বাধ্য হয়। পশ্চিমের বাংলার এক কবিমন দাঙ্গা ও সংখ্যালঘু-সংহার নিয়ে কবিতা লিখে ফেলেন। সে কবিতা সর্বত্র তাবৎ সংখ্যালঘুর পক্ষ নিলেও— ঘটনাপ্রবাহে ‘নড়াইলের মিথ্যা খবরকে খানিক প্রশ্রয় দেয়।’ তথ্য ও আবেগের লড়াইয়ে শেষমেশ সত্যি-তথ্যকে জিতিয়ে দেওয়াই— সাংবাদিকের আসল ও আদর্শগত কাজ, তা কেউকেউ সচেতনভাবেই জানেন না! অতএব ‘নড়াইল সারা দিনভর জ্বলল!’ স্থানীয় রাজনীতির সংঘাত হয়ে গেল ধর্মীয় বিদ্বেষ। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর ঘর জ্বলল এপারের সংখ্যাগুরুর মনেমনে! নড়াইল জ্বালানোর জ্বালা নিয়ে এখানকার সংখ্যালঘু পিষে ফেলার স্বপ্ন চাগাড় দিল। নিউজ রিডারের চোখ-মুখ সত্যি নির্মাণে কসুর করল না। সিকি-আদুলি থেকে কোটি টাকার নেতার বাইট এল। জম্বিতন্ত্র জমিয়ে বসল এবার। এমন দৃশ্যে ডক্টর জম্বস নিশ্চিত তৃপ্ত ছিলেন। নারদ নারদ!

এভাবেই উপমহাদেশ দাঙ্গা লালনপালন করে। তা দেয়। ডিম ফোটে। আবার ডিম পাড়ে। ঘোড়া ও মুরগি দুই ডিমই পাড়ে। মন্দিরে গরুর মাংস, মসজিদে নবীজির অবমাননা— চলছে তো চলছেই। সংখ্যালঘুর সংখ্যা থাকে, জমি-বাড়ি-অর্থনীতি থাকে, মোল্লা বা মালাউন পরিচয় থাকে। বাংলাদেশে তাঁকে পুড়িয়ে ফেলে যায়। ভারতের ট্রেনে বা বাজারে গরুর মাংসের নামে কোতল করা যায়। জম্বিরা যুগের দায়িত্ব হাতে নেয়। ডক্টর এডগার জর্জ জম্বস পরিস্থিতিতে চোখ রাখেন।
নড়াইলের খবর, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে পুলিশ, প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আসল কথা সংবাদের বিশ্বাস ও বাস্তবতার সম্পর্ক নির্ভর করে— তথ্যের যাচাইয়ের ওপর। উৎস এবং প্রেক্ষাপটের ওপর। উৎস আছে। প্রেক্ষাপট মানে এখানে বিদ্বেষ আছে, ফ্যাক্ট নেই। তথ্য সত্য বা মিথ্যা— আছে। নেই যাচাই। কে করবে যাচাই? জম্বিতন্ত্রের ভক্তগণ? নাকি জম্বিজনতা? নাকি জম্বিমনের সাংবাদিক? ডক্টর জম্বস এসব জানেন। জানেন, কেন ১৮০টি দেশের মধ্যে সাংবাদিকতার স্বাধীনতার প্রশ্নে ভারতের মান ১৫৭! কে বা কারা যথাযথ ১৫৭? যাদের যাচাইয়ের সাংবাদিক-প্রবৃত্তি নেই, আছে প্রভু। প্রভুর ওপর প্রভু। জম্বিদের মাথায় ডক্টর জম্বস যেমন।
কোনো খবর শোনার বা পড়ার পর তা কতটা বাস্তবসম্মত, তা বোঝার জন্য কয়েকটি বিষয় আছে। উৎস যাচাই— নির্ভরযোগ্য ও স্বীকৃত সংবাদমাধ্যম বা সরকারি সূত্র থেকে আসা তথ্য সাধারণত বেশি যাচাইকৃত হয়। এক্ষেত্রে যা সংবাদমাধ্যমের প্রাথমিক দায়িত্ব। তথ্য ও মতামতের পার্থক্য— প্রতিবেদনে থাকা প্রকৃত ঘটনা এবং বিশ্লেষক বা রাজনৈতিক বক্তব্যের মধ্যে পার্থক্য বোঝা দরকার। বাস্তব প্রেক্ষাপট— মানে কোনো দাবি বা প্রতিশ্রুতির সঙ্গে মাঠের বাস্তবতা বা পূর্বের নথি মিলিয়ে দেখা উচিত। একাধিক সূত্র দেখা— মানে কেবল একটি মাত্র পোস্ট বা খবরের ওপর নির্ভর না করে একাধিক বিশ্বাসযোগ্য সূত্রে একই তথ্য মিলছে কি না তা যাচাই করা জরুরি। ফেক বা নকলের বাজার সীমান্তের দুই দিকে বেশ ভালো। ফি বছর পুজোয় মূর্তি ভাঙার ছবি আসবে। মূর্তি অবশ্যই ভাঙছে। তাতে মাতাল বা ব্যক্তিগত শত্রুতাও থাকছে। আবার ধর্মীয় বিদ্বেষ আছে। এখানে রামনবমী বা হনুমান জয়ন্তীতে আছে মসজিদে আক্রমণ। ওখানে নানান অছিলায় মহান নবীর অপমান আরোপ করে নির্যাতন। কী কারণ ও কাকে আক্রমণ— সব ঠিক করবে সংখ্যাগুরু জম্বি। ভিড় জমবে দুর্বল সংখ্যালঘুর বাসায়। ছড়াবে দাদাগিরি। রাস্তায়, ট্রেনে-বাসে সংখ্যালঘুকে অপমান করা চলবে। ফেসবুক জুড়ে চলতে থাকবে জম্বি-উল্লাস, ঘৃণার উৎসব।
আছে সামাজিক মাধ্যম ও মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ডক্টর জম্বস বা জম্বিরা যার মাধ্যমে গুজব ও ভিত্তিহীন দাবি সহজেই ভাইরাল করেন! যেখান থেকে পুরোনো বা ভিন্ন ঘটনার ভিডিও ও ছবি ভুল প্রসঙ্গে বা সুচিন্তিত প্রসঙ্গে বিকৃত করে উপস্থাপন করা হয়। সহজে যেখান থেকে বিভিন্ন গোষ্ঠী মতাদর্শ প্রচার বা বিভ্রান্তি ছড়াতে ভুয়া তথ্য ব্যবহার করে। যা নির্বাচনের সময় আরও বাড়ে। মনে সাম্প্রদায়িক হিংসার বেগ এলে যা এমনি এমনি বাড়ে। গুজবের জেরে উত্তেজনা বৃদ্ধি এবং হিংসার ঘটনা ঘটে চলেছে ক্রমাগত। বিশাল জনসংখ্যা, একাধিক ভাষা এবং ডিজিটাল মাধ্যমে দ্রুত বিস্তারের কারণে ভুয়ো খবর নিয়ন্ত্রণ করা বেশ চ্যালেঞ্জিং। কিন্তু সংবাদদাতা? মানে পেশায় যিনি সংবাদদাতা? তিনি কী করবেন? প্রভু যা বলবেন! প্রভুর প্রভু যা বলবেন!

আসলে হিংসায় উন্মত্ত, পাল্লা দিয়ে সংখ্যালঘু নির্যাতন করা এই উপমহাদেশের আত্মা পারস্পরিক সহাবস্থান ভুলেছে। দুই বাংলার সম্পর্কের টানাপোড়েন, রাজনৈতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচার— পারস্পরিক অবিশ্বাস ও বিদ্বেষ বাড়াতে ভূমিকা রাখছে। অঞ্চলভেদে ভাষা, ধর্ম বা জাতিগত পরিচয় নিয়ে তৈরি হওয়া বিতর্ক সামাজিক সম্প্রীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বহুকাল। যা এখন স্বাভাবিক মনে হয়। গুজব, উসকানিমূলক পোস্ট এবং যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। বিভাজন পোক্ত হয়। এ বড় দুর্দিন। কৌশলী হওয়ার বদলে সস্তার নেতা, পবিত্র মুখোশে ঢাকা নানান ধর্মগুরু জম্বিতন্ত্রে জম্বি-জনতার হাততালি ও হাতখরচ পাবার জন্য ডক্টর জম্বিস হয়ে ওঠেন, উঠছেন। নড়াইল ভ্যানিশ হয়ে পড়ে থাকছে খ্রিষ্টানপাড়া, মোল্লাপাড়া, হিন্দুপাড়া, বৌদ্ধপাড়া। জম্বিরা তাতে চড়ে বেড়ায়। জম্বিরা তাতে আগুন খোঁজে, আগুন লাগায়। জম্বিরা বুলডোজার ভালোবাসে।
জম্বিরা সীমান্তের দুপারে রবীন্দ্রনাথের মুখে কালি মাখে বা সিলেবাস থেকে রবীন্দ্রনাথ বাদ দেয়। ডক্টর জম্বিস জম্বিমাথা দখল নিয়ে— খবর ছড়ায়। খবর হয়। বাই দ্য ওয়ে, জম্বিদের প্রশ্ন ও পরাজয়— দুটোই না-পসন্দ। তেমন হলে গণ-রিপোর্ট করে খবর, তথ্য বা বাস্তবতা— ভ্যানিশ করে দিতে পারে এরা। এই কঠিন বাস্তবতায়— সঠিক তথ্যের প্রতি সজাগ থেকে তা জানানো ছাড়া আর উপায় কী! এই সাম্প্রদায়িকতার দিনে ঘৃণা নিয়ে সীমান্তের দুই পারে সংখ্যালঘু নির্যাতনে চ্যাম্পিয়ন হতে চাওয়া মন— কারও ওপর নামিয়ে আনতে পারে ধর্মীয় বিদ্বেষ। তবু এমন কঠিন দিনে, সরকার বা শাসক নয়, সংবিধানে আস্থা রাখা, সংবিধানের গুরুত্বপূর্ণ স্তম্ভ খবর যাচাই না করে— সংবিধানের প্রস্তাবনার পক্ষে না দাঁড়ালে, যা পড়ে থাকে, তা চাটুকারিতা। যা বিদ্বেষ-প্রবণ। সাংবাদিকতা নয়। চাটুকার জম্বি হতে পারে। সাংবাদিক নয়। উহাদের আজকাল ‘গোদি-মিডিয়া’ কয়। যারা দেশ ও দেশের মানুষের দাবিদাওয়া— চাহিদা, সংবিধানের প্রতি দায়বদ্ধতায় প্রশ্ন করে না। স্বাধীন সংবাদমাধ্যম ১৫৭ নম্বরের তলানিতে পৌঁছলে যারা অপমানিত হয় না— একদিন তাদের প্রশ্ন হারিয়ে যায় বলেই সময় বিদ্বেষ নিয়ে বাঁচে। দেশে দেশে। সীমান্তের দুই দিকে। সংবাদমাধ্যমের প্রশ্ন, স্বাধীন প্রশ্ন— জম্বিতন্ত্রকে নাস্তানাবুদ করতে পারে। ফেরাতে পারে গণতন্ত্র। যে গণতন্ত্রের প্রহরী হওয়ার কথা সংবাদমাধ্যমের। আপাতত যে সংবাদমাধ্যম ডক্টর জম্বসের খেলনা মাত্র।

