“শ্রমজীবী মানুষের ঐক্যের বিরুদ্ধে স্বদেশী–বিদেশী শোষকের হাতে চিরন্তন হাতিয়ার হল সাম্প্রদায়িকতা। শোষিত মানুষকে বিচ্ছিন্ন করে, বিভক্ত করে, লুটের স্বরাজ বাঁচিয়ে রাখার এই পদ্ধতিকে ধিক্কার জানিয়ে, জাতি ধর্ম নির্বিশেষে শ্রমজীবী মানুষকে এক হয়ে, দাঙ্গার বিরুদ্ধে মিলনের সেতু বাঁধা – এই আহ্বান রচিত হয়েছিল ১৯৪৯ সালে।“ – এর পর মণ্টু ঘোষের কণ্ঠে গলা মেলাবেন অনেকে। ভেসে উঠবে সবিতা চৌধুরীর কণ্ঠ। ‘ওরে এই নদীর পাকে পাকে কুমির লুকায়ে থাকে/ ভাঙে সুখের ঘর ভাঙে খামার,/হেঁইয়া হেই হেঁইয়া মার, জোয়ান বাঁধ সেতু এবার॥’ যৌবনের শুরুতে ছেচল্লিশের দাঙ্গা দেখা সলিল চৌধুরীর গান এর পর সেতু বাঁধবে। অন্তরের মায়া দিয়ে বুকে-বুকে সেতু শক্ত হবে। ঘৃণার নিষ্ঠুর আঘাত, কুটিলের বাঁধা ছিন্ন করে, সাম্যের স্বদেশভুমি গড়ার শপথ নিয়ে – চলতে থাকবে সেতু বাঁধার কাজ। আসবে শ্রমজীবী মানুষের শ্রম লাঘবের দোহারি। ‘হেইয়া হেই মারো জোর বাঁধি সেতু বাঁধিরে/বাঁধি সেতু বাঁধিরে॥‘ ৭৮ বছর পেরিয়ে গেল! সেতু বাঁধা হল না! নাকি, বাঁধা সেতু দুর্বল হয়েছে। কেউ গাইতি মেরে ভেঙে ফেলতে চাইছে? নাকি, কালোনদীর তুফান ভারী। স্রোত বেশি। কারা, যারা সেতু বাঁধছে? কারা তাঁরা, যার চিরকাল সেতু গড়ছে? – চিনি তোমায় চিনি গো, সাদা হাতির কালা মাহুত তুমি না! এই গান ‘কালো বিভেদের বান’ চেনে।
সলিল মানে জল, জল মানে পানি। পানি শব্দটির মূল উৎস সংস্কৃত পানীয় (√পা + অনীয় = পানীয়)। এটি একটি তদ্ভব শব্দ। এই লেখা যখন লিখছি, তখন শতবর্ষ পেরিয়ে আজ ১০১ হলেন আধুনিক বাংলা গানের অন্যতম মায়েস্ত্রো সলিল চৌধুরী। শহর কলকাতার এক প্রান্তে – নতুন সরকার আসার পর, কাশীপুরের জ্যোতিনগরের মুসলমান- বস্তিতে জল বন্ধ করেছে নতুন বিধায়কের দলবল। ৪০০ ঘর মুসলমানের পাড়ায় ৭-৮ ঘর হিন্দু। শুনেছি – ওদের জন্য খাওয়ার জল আনে বামপন্থী যুবকরা। একদিন বাদে একদিন। জল আটকানোর লোক, জল এগিয়ে দেবার লোক আলাদা। সলিলের রহিম বিপদে, পরাণ পানি এগিয়ে দেয়। নইলে এই ৫ মাস ওরা বাঁচে কী করে? জানিনা, ও পাড়ার আনোয়ার, অশোক, মইনুদ্দিন, ঝন্টু, ফতিমা গায় কিনা – ‘হেইয়া হেই মারো জোর বাঁধি সেতু বাঁধিরে/বাঁধি সেতু বাঁধিরে॥’ এই গান গণনাট্যের। গীতিকার ও সুরকার সলিল চৌধুরী। ৪৮-এ এই গানটি রেকর্ড করেছিলেন – সলিল চৌধুরী ও গীতা মুখোপাধ্যায়। ১৯৮১ সালে নতুন করে রেকর্ড হয়। গানের আগে – ভাষ্য জুড়ে দেন সলিল স্বয়ং। এখনও গমগম করে বাজছে সেই ভাষ্য – “শ্রমজীবী মানুষের ঐক্যের বিরুদ্ধে স্বদেশী–বিদেশী শোষকের হাতে চিরন্তন হাতিয়ার হল সাম্প্রদায়িকতা।’ কালো বিভেদের বানের মধ্যে – ‘সাবাশ কলকাতা’ হয়ে যিনি জল বয়ে নিয়ে যান – আজ এই গানে তিনি দৃশ্য হয়ে যান! তিনি হিন্দু-মুসলমান থেকে আত্মীয় হয়ে, বন্ধু হয়ে গেছেন।

সলিল এক বিচিত্র গোলকধাঁধা। যাতে হারানো স্বাভাবিক। তারপর হারিয়ে যাওয়াটাই নেশা হয়। তাঁর সুর চা-বাগান হয়ে, বাংলার নদী-মাঠ পেরিয়ে বিশ্বে হারায়। ৯৫-এ তাঁর মৃত্যুর পর পেরিয়ে গেছে ৩১টা বছর। বাবরি মসজিদ ভাঙতে দেখা সলিল – এ দেশের সাম্প্রদায়িক শক্তিকে চিনতেন। তাঁর গান পক্ষ নিয়েছে সজোরে। তেভাগা, তেলেঙ্গানা হয়ে, খাদ্য আন্দোলন- দেখা সলিল গণসংগীতের ক্ষেত্রে স্বভাব–গীতিকার। পক্ষ নেওয়ার দায় অন্তরে না থাকলে সম্ভব? এই দায়ে চৈতন্য, লালন, রবীন্দ্রনাথে মেশেন – সুরের মাঝি। সলিল প্রবল। সলিল সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে অন্ত্যজ বাংলার আধুনিক উচ্চারণ। সুরে যার – বাংলার ঘাম। ‘পঞ্চাশে লাখ প্রাণ দিসি /মা-বোনেদের মান দিসি,/কালোবাজার আলো কর তুমি না।।/মোরা তুলবনা ধান পরের গোলায়/ মরবনা আর ক্ষুধার জ্বালায় মরবনা।’ – এ গান তেভাগার। সলিলের গানে গানে অধিকার জানান হাতে হাত রাখা ‘রহিম-পরাণ’।
সাড়ে এগারশো মত গান। এম মধ্যে সাড়ে পাঁচশো গান নির্ভেজাল বাংলা। সংকলিত ৪৩ টি গণসংগীত আছে সলিলবাবুর। বহু গণসংগীত রেকর্ড হয়নি। তাই গণসংগীতের মোট সংখ্যা জানা যায় না। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিজের চূড়ান্ত অবস্থান নেওয়া সলিল চৌধুরীরা বাংলা আধুনিক গানের অভিমুখ নির্মাণ করেছেন। ভাব ও ভাবনার সেই অলিগলি কোনও ধর্মান্ধের বিভাজন-কামনায় মেশে না। বরং, ফকির-সুর বিশ্বচরাচরে লংমার্চে যায়। তাতে জড়িয়ে থাকে মাটির সুরের ধারা। মানুষের প্রতি অপার প্রেম ও অনুরাগ ছাড়া মন জোড়ার কারিগর গান বাঁধেন কী করে? সলিল আজও মিছিলে যায়। পোষ্টারিং করে, গান বাঁধে, কবিতা লেখে।স্লোগান ছোঁড়ে। জ্যোতিনগরের মুসলমান মহল্লায় জলের জোগান দেয়। সলিলের গান জানে – রহিম-পরাণ একই মানুষ।
শত শহিদের বিভিন্নতার দেশে কালোনদী হঠাৎ বইছে না। ছিল। অন্তরসলিলা ছিল। আমাদের চারপাশে ধিকিধিকি সে আগুন জ্বলেছে। বেবাক পুড়িয়ে ছারখারের আগে – আসতে হবে তীব্র মানুষের প্রাচীর। ছেচল্লিশের দাঙ্গা দেখেছেন সলিল।

একই সঙ্গে দেখেছেন প্রতিবাদ। দাঙ্গা থামানোর মিলন-বাসনা। সলিলের গান গণশত্রু চেনে। সঠিক নির্বাচন করে। ক্রোধিত হয়। জেগে ওঠে। চিরবঞ্ছনায় গণ-মানুষের পক্ষ সলিলের গান। শেষমেশ সে গান সীমানা মানে না। সলিলের বাংলাভাষা বিশ্বজনীন হয়ে যায়। ‘আমি মাতি যুদ্ধের হেথায় সেথায়/মানুষের মুক্তির বিপন্নতায়/ আমারই রক্ত ঝরে দেশে দেশে বন্দরে,/শত মরু কন্দরে গৌরী শিখায়/ মিলনের তীর্থের সন্ধানে॥’ গান পেরিয়ে গান আসে। গানে ভাসে সলিল-ভাবনা। ওই পথের শেষে আলোর সন্ধান আছে। আছে মুক্তিকামীর মুক্তি! মুক্তির দাবি সচেতন না হলে – কালোনদী বয়ে যাবে চিরকাল। কালোনদী প্রবল হয়েছে। গান জানে, জানেন সলিল – ‘যুগ সঞ্চিত সুপ্তি দিয়েছে সাড়া/ হিমগিরি শুনল কি সূর্যের ইশারা/ যাত্রা শুরু উচ্ছল চলে দূর্বার বেগে তটিনী,/উত্তাল তালে উদ্যাম নাচে মুক্ত স্রোত নটিনী/ এ শুধু সত্য যে নব প্রাণে জেগেছে,/ রণ সাজে সেজেছে, অধিকার অর্জনে- আহবান/’। – আজ তবে এই ডাক কার? আমার, আমাদের বাংলা ভাষার। বিপন্নতা পরাণ-রহিমের। যারা বিশ্বাস করে ফেলতে পারবেন – ‘জমা আছে মনে রক্তের যত ধার/প্রতি বিন্দুও শোধ দিতে হবে তার/জেনে রেখো তুমি বিদেশির তাঁবেদার/ তোমাদের দিন শেষ হবে এইবার/ …মানব না এ বন্ধনে/ মানব না এ শৃঙ্খলে’!
অতএব ‘পথে এবার নামো সাথী’- গানে গানে ডাক আসে। বহু মিছিল পেরিয়ে – মিছিল-নগরীতে জনতার জাগরণ দেখে নেওয়া সলিলের ডাক শোনা যায়। সে কি ডাক? নাকি হুংকার! নাকি যুগের পক্ষ? জানা নেই। ধেয়ে আসছে – ‘বিচারপতি তোমার বিচার করবে যারা/ আজ জেগেছে এই জনতা/ তোমার গুলির, তোমার ফাঁসির,/তোমার কারাগারের পেষণ শুধবে তারা/ ও জনতা, এই জনতা, এই জনতা।’ সময়ের শুধু মিলিয়ে নেওয়ার দায়। ইতিহাস থেকে শিখে নেবার টাস্ক। সলিলের গানের শেষে আসবে শান্তি, বিশ্বশান্তি। ‘একই সাগরে তুলেছি ঢেউ/ কেউ বা ধর্মী বিধর্মী কেউ/ সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখী দেশ/ শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ/ মোরা সবাই তখন একসাথে ভাই মিলি॥…আর রক্ত নয়, নয়/ আর ধ্বংস নয়, নয়’। কিন্তু তার আগে? “শ্রমজীবী মানুষের ঐক্যের বিরুদ্ধে স্বদেশী – বিদেশী শোষকের হাতে চিরন্তন হাতিয়ার হল সাম্প্রদায়িকতা।” – বলছেন, বলেই চলেছেন সলিল। সলিল মানে জল। সলিল মানে পানি।

