কাঠগড়ায় সরকারি উদ্যোগ,অতিরিক্ত রক্তাল্পতার শিকার বাংলার মা-মেয়েরা

১৭ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

পুরুষদের তুলনায় নারীদের মধ্যে রক্তশূন্যতার প্রবণতা বিশ্বজুড়েই উদ্বেগজনক, এবং উন্নয়নশীল দেশগুলোতে এই চিত্র আরও প্রকট। মাসিক ঋতুস্রাব, গর্ভাবস্থা এবং সন্তানকে স্তন্যপান করানোর মতো শারীরবৃত্তীয় অবস্থার কারণে নারীরা সহজেই রক্তশূন্যতার ঝুঁকিতে পড়েন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের ৩০ শতাংশ এবং গর্ভবতী নারীদের ৩৭ শতাংশই রক্তশূন্যতায় ভোগেন।

NFHS সমীক্ষায় দেখা যায়, ২০০৫-০৬ সালে ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ৫৫.৩% ও ১৫-১৯ বছর বয়সী কিশোরীদের ৫৫.৮% রক্তাল্পতায় ভুগতেন। ২০১৫-১৬ সালে তা কমে যথাক্রমে ৫৩% ও ৫৩.১% হলেও ২০১৯-২১ সালে বেড়ে দাঁড়ায় ৫৭% ও ৫৯.১%-এ। ​অন্যদিকে, ICMR ও NIN-এর ২০২৩-২৫ সমীক্ষা অনুযায়ী, সামগ্রিক ভাবে রক্তাল্পতা কিছুটা কমলেও অর্ধেকের বেশি মহিলা এখনও আক্রান্ত। তবে জাতীয় গড়ের তুলনায় পশ্চিমবঙ্গে পরিস্থিতি অনেক উদ্বেগজনক। রাজ্যে ১০-১৯ বছর বয়সিদের ৬০.৪%, ২০-৫৯ বছর বয়সি মহিলাদের ৭০.৭% এবং ১৫-৪৯ বছর বয়সিদের ৭২.৪% রক্তাল্পতায় ভুগছেন—যেখানে জাতীয় হার যথাক্রমে ৪৬.৩%, ৫৪.৮% ও ৫৫.৯%।

​পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের বসবাস বেশি। ফলে তুলনামূলক ভাবে বেশি আমিষ গ্রহণের প্রবণতা থাকলেও খাদ্যতালিকায় পর্যাপ্ত আয়রনযুক্ত খাবারের ঘাটতি থেকে যাচ্ছে। পাশাপাশি, এ রাজ্যের জলবায়ু ও প্রাকৃতিক কারণে শরীর থেকে যে পরিমাণ আয়রন ক্ষয় হয়, সেই তুলনায় ঘাটতি পূরণ হচ্ছে না।

রক্তাল্পতা কেবল শারীরিক সমস্যা নয়। এর সঙ্গে খাদ্য সংস্কৃতি, নিরামিষ খাদ্যাভ্যাসের পরিকল্পনা এবং প্রচলিত সামাজিক অভ্যাসের গভীর যোগসূত্র রয়েছে। খাদ্যতালিকায় লাল শাক, পালং শাক, কচু শাক, কলমি শাক, মসুর ডাল, গুড়, ছোলা ও কুমড়োর বীজ উদ্ভিজ্জ বা নন-হিম আয়রনের ভালো উৎস হলেও শরীর তুলনামূলক ভাবে কম সহজে নন-হিম আয়রন শোষণ করে। স্ট্যানফোর্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, সঠিক পরিকল্পনা ছাড়া নিরামিষ খাদ্যাভ্যাসে রক্তে আয়রনের মাত্রা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে; পাশাপাশি দুগ্ধজাত খাবার, ফর্টিফায়েড খাবার বা প্রয়োজনীয় সাপ্লিমেন্টের অভাবে ভিটামিন বি১২-এর ঘাটতি থেকেও রক্তাল্পতা দেখা দিতে পারে। রক্তক্ষরণ, থ্যালাসেমিয়া বা দীর্ঘস্থায়ী অসুখও এর পেছনে কাজ করতে পারে। অন্যদিকে, ছোট মাছ, ডিম, মুরগির মাংস ও কলিজায় থাকা হিম আয়রন সহজে শোষিত হয়, আর পাতে লেবু, আমলকী, টমেটো, কমলা বা বেল মরিচের মতো ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখলে আয়রন শোষণ বাড়ে। বিপরীতে, খাবারের ঠিক পরেই চা বা কফি পানের অভ্যাসে থাকা ট্যানিন ও ক্যাফেইন আয়রন শোষণে বাধা দেয়।

​সামাজিক ও পারিবারিক রীতিনীতিও মেয়েদের ঝুঁকি বাড়ায়। অনেক পরিবারে মেয়ে ও বউদের সবার শেষে খাওয়ার প্রবণতা থাকায় পুষ্টিকর ও আয়রনসমৃদ্ধ খাবার তাঁদের পাতে কম পড়ে। ঋতুস্রাব বা গর্ভাবস্থায় টক ফল, নির্দিষ্ট মাছ বা পুষ্টিকর খাবারের ওপর সামাজিক বিধিনিষেধ বাড়তি আয়রন ও ভিটামিনের চাহিদার সময়ে সমস্যা আরও বাড়ায়। পাশাপাশি নিজের ক্লান্তি বা দুর্বলতাকে কাজের চাপ হিসেবে এড়িয়ে যাওয়ার প্রবণতাও সময়মতো পরীক্ষা ও চিকিৎসায় বিলম্ব ঘটায়।

অপরদিকে, পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলোতে পড়ুয়াদের মধ্যে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট এবং কৃমিনাশক ওষুধ বিতরণে বড় ধরনের ঘাটতি ধরা পড়েছে। বিভিন্ন সরকারি পরিদর্শন ও স্বাস্থ্য সমীক্ষায় এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।​কেন্দ্রীয় সরকারের জয়েন্ট রিভিউ মিশনের (JRM) রিপোর্ট অনুযায়ী, রাজ্যের অধিকাংশ পরিদর্শিত স্কুলেই নির্দিষ্ট সময়ে এই ওষুধগুলো বিতরণ করা হয়নি। ‘উইকলি আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন’ (WIFS) প্রকল্পের সমীক্ষায় দেখা গেছে, গ্রামীণ এলাকার মাত্র ৯.৪ শতাংশ কিশোরী এবং ৭.১ শতাংশ কিশোর নিয়মিত আয়রন ট্যাবলেট পেয়েছে। অর্থাৎ, ৯০ শতাংশের বেশি পড়ুয়াই এই সুবিধার বাইরে। মূলত ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে সময়মতো ওষুধের জোগান না আসায় স্কুলগুলো তা বিতরণ করতে পারছে না।

​বিতরণের এই অনিয়ম ও নজরদারির অভাবে রক্তাল্পতার (অ্যানিমিয়া) হারে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের শীর্ষ রাজ্যগুলোর একটি। রাজ্য দপ্তরের পক্ষ থেকে ঘাটতির সামগ্রিক বার্ষিক হিসাব প্রকাশ না করা হলেও, সাম্প্রতিক সমীক্ষাগুলো স্পষ্ট করছে যে সরবরাহের ঘাটতির কারণে রাজ্যের সিংহভাগ পড়ুয়াই স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

গুজরাতের পরিসংখ্যানও খুব একটা স্বস্তিদায়ক নয়। সেখানে ৬১.৪ শতাংশ কিশোরী-তরুণী, ৬৩.৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মহিলা এবং ৬৬.২ শতাংশ প্রজননক্ষম মহিলা রক্তাল্পতায় ভুগছেন। ছত্তীসগঢ়ের সঙ্গে মিলে এই রাজ্যগুলো স্বাস্থ্য-সূচকের নিচের সারিতে অবস্থান করছে। বিপরীতে কেরলের ছবিটি অনেকটাই আলাদা—সেখানে রক্তাল্পতার হার কিশোরী-তরুণীদের ক্ষেত্রে ২১.৪ শতাংশ, প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে ২৮.৪ শতাংশ এবং প্রজননক্ষম মহিলাদের ক্ষেত্রে ২৯.১ শতাংশ।

কংগ্রেস দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাত কেরলের তুলনায় স্বাস্থ্য-সূচকে এতটা পিছিয়ে কেন? তাঁর কটাক্ষ, শাসক দল যে ‘গুজরাত মডেল’-এর প্রচার করে, এই রিপোর্ট তার বাস্তবতাকে সামনে এনে দিয়েছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পদ থাকা নিয়েও রাজনৈতিক প্রশ্ন তুলেছেন তিনি।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিতর্ক কেবল একটি রিপোর্টের বা নির্দিষ্ট দু-একটি রাজ্যের বিষয় নয়; এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও উন্নয়ন-রাজনীতির এক গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। একদিকে অর্থনৈতিক অগ্রগতি বা পরিকাঠামোগত উন্নয়নের দাবি, অন্যদিকে পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মতো মৌলিক সূচকে ঘাটতি—এই দুইয়ের ফারাক বিরোধী দলগুলোকে কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই প্রশ্ন তোলার সুযোগ করে দেয়।

ICMR ও NIA-এর সমীক্ষা দেখিয়ে দিয়েছে যে, রক্তাল্পতা দূরীকরণের সরকারি কর্মসূচি ও প্রচারের বাইরে গিয়ে পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা এবং সচেতনতার জায়গায় এখনও বড় কাজ বাকি। পশ্চিমবঙ্গ হোক বা গুজরাত—রাজনৈতিক স্লোগান ও পাল্টা আক্রমণের ঊর্ধ্বে উঠে নারী ও কিশোরীদের পুষ্টি ও হিমোগ্লোবিনের ঘাটতি মেটানোই এখন সবচেয়ে জরুরি ।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.