পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে আবারও বিচ্ছিন্নতাবাদ ও প্রাদেশিক অস্মিতার আগুনে ঘি ঢেলেছে ইসলামাবাদের প্রশাসনিক পুনর্গঠনের পরিকল্পনা। সম্প্রতি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক নেতৃত্বের পক্ষ থেকে দেশের বর্তমান চারটি প্রদেশ ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রশাসনিক প্রদেশ তৈরির যে প্রস্তাব এবং সেই লক্ষ্যে গণভোট আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়েছে, তা সিন্ধু প্রদেশে তীব্র গণবিক্ষোভের জন্ম দিয়েছে। গত ২২ নভেম্বর করাচির রাজপথে হাজার হাজার সিন্ধি সমর্থকের মিছিল সমাবেশ হয়েছিল৷ স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর দাবির পুনরুত্থান পাকিস্তানের ভৌগোলিক ও রাজনৈতিক স্থিতিশীলতার সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালের সাম্প্রতিক বক্তব্য থেকে। প্রশাসনিক কাজের সুবিধার যুক্তিতে পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দেওয়া হয় এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ২০২৬ সালের শেষ নাগাদ এ বিষয়ে গণভোটের প্রক্রিয়া চূড়ান্ত রূপ পেতে পারে। সিন্ধু প্রদেশের বাসিন্দাদের আশঙ্কা, এই পরিকল্পনার আসল উদ্দেশ্য হলো সিন্ধুর ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করা এবং করাচিসহ প্রদেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে মূল সিন্ধু থেকে বিচ্ছিন্ন করা। এই প্রস্তাবের প্রতিবাদে ‘জিয়ে সিন্ধ রাহবার কমিটি’ (JSRC)-র ব্যানারে চারটি প্রধান দল করাচিতে বিশাল বিক্ষোভ মিছিল করে। এর আগে হায়দরাবাদ, লারকানা, নবাবশাহ এবং দাদু জেলার মেহার শহরেও একই দাবিতে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।
সিন্ধিদের এই আন্দোলন কেবল প্রশাসনিক বিভাজনের বিরোধিতায় সীমাবদ্ধ নেই। বরং তা সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পঞ্জাব-প্রধান রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এক সর্বাত্মক রাজনৈতিক লড়াইয়ে রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির সামরিক-বেসামরিক এস্টাবলিশমেন্ট দীর্ঘদিন ধরে সিন্ধুর বিপুল প্রাকৃতিক সম্পদ—বিশেষ করে তেল, গ্যাস, কয়লা, উপকূলীয় দ্বীপ এবং উর্বর কৃষিজমি কুক্ষিগত করছে।
এই পরিস্থিতিতে ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ (JSMM)-এর মতো কট্টর বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো পঞ্জাবের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে। যেহেতু পাকিস্তানের প্রধান বন্দরনগরী করাচি সিন্ধু প্রদেশে অবস্থিত, তাই সিন্ধুর মধ্য দিয়ে যাওয়া মহাসড়ক ও সরবরাহ লাইন বন্ধ করে দিলে পঞ্জাবের অর্থনীতি চরম সংকটে পড়বে। জার্মানিতে নির্বাসিত জেএসএমএম চেয়ারম্যান শফি মুহাম্মদ বুরফাত পাকিস্তানকে একটি “অস্বাভাবিক রাষ্ট্র” এবং “পঞ্জাবি ঔপনিবেশিক দখলদারিত্ব” আখ্যা দিয়ে স্বাধীন ‘সিন্ধুদেশ’ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন।
‘সিন্ধুদেশ’-এর ধারণা নতুন নয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রবীণ সিন্ধি নেতা জি. এম. সৈয়দ সিন্ধিদের জন্য একটি পৃথক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ডাক দিয়েছিলেন। সিন্ধিদের মতে, সিন্ধু কেবল একটি প্রশাসনিক প্রদেশ নয়, বরং সিন্ধু সভ্যতার উত্তরাধিকার বহনকারী এক প্রাচীন জাতিসত্তা ও সংস্কৃতির পীঠস্থান, যার অস্তিত্ব পাকিস্তান সৃষ্টির বহু আগে থেকেই ছিল।
বর্তমান সংকটে মূলধারার রাজনৈতিক দলগুলোও বিভাজন পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তান পিপলস পার্টির (PPP) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু বিভাজনের চেষ্টার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, জমিয়ত উলেমা-ই-ইসলাম (JUI-F)-এর সিন্ধু নেতৃত্বও এই ইস্যুতে অন্য নেতৃত্বদের সঙ্গে একমঞ্চে আসার ইঙ্গিত দিয়েছে। তবে করাচিতে বসবাসকারী উর্দুভাষী মোহাজির সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দল এমকিউএম-পাকিস্তান (MQM-P) নতুন প্রদেশ গঠনের পক্ষে পাল্টা সমাবেশের ডাক দেওয়ায় শহরে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। উল্লেখ্য, নেতারা স্পষ্ট করেছেন যে তাঁদের আন্দোলন কোনো বিশেষ ভাষাভাষী বা উর্দুভাষীদের বিরুদ্ধে নয়, বরং ইসলামাবাদের জনবিন্যাস পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে।
একদিকে বালুচিস্তানে সশস্ত্র বিদ্রোহ, অন্যদিকে খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP) ক্রমবর্ধমান হামলা এবং অর্থনৈতিক দেউলিয়াত্ব—এই ত্রিমুখী সংকটের মধ্যে সিন্ধুর এই গণজাগরণ পাকিস্তানের শাসকগোষ্ঠীর জন্য অশনিসংকেত। ইতিহাস সাক্ষী, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের ন্যায্য অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিকে দমন করতে গিয়ে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। আজ সিন্ধুর প্রাকৃতিক সম্পদ শোষণ ও ভৌগোলিক সীমারেখা বদলের চেষ্টা সেই পুরনো ক্ষতকেই নতুন করে উসকে দিচ্ছে।
পরিশেষে বলা যায়, প্রশাসনিক সংস্কারের নামে কেন্দ্রীয় ক্ষমতা কুক্ষিগত করার এই কৌশল পাকিস্তানের ফেডারেল কাঠামোকে আরও দুর্বল করে তুলবে। সিন্ধুর মানুষের ঐতিহাসিক ও সাংস্কৃতিক আবেগকে উপেক্ষা করে জোরপূর্বক প্রদেশ বিভাজনের পথে হাঁটলে, তা পাকিস্তানের অভ্যন্তরে আরেকটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের পথ প্রশস্ত করতে পারে।

