পাখিদের সরকারি খাবার প্রকৃতি-বিরুদ্ধ,​বিপন্ন কলকাতা চায় আরও গাছ

২৬ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

ব্যক্তি বিধর্মী খুঁজে না পাওয়া পর্যন্ত ধার্মিক আত্মা কাঁদে না। ক্রোধ আসে না। মুণ্ডপাত না করা গেলে সহি-ধার্মিক হয় না। কিন্তু প্রকৃতি-বিরুদ্ধ হলে? পুণ্যার্জনে গাছের গায়ে শাড়ি ঝুলিয়ে, সিঁদুর লেপে নানান আচার আছে। কিন্তু গাছটি কাটা হলে পুণ্যবাসনার মন কাঁদে না। ছাদে বা ব্যালকনিতে তার পুণ্যবাসনার গাছ নির্দিষ্ট তারিখে পুজো পায়। জঙ্গল কাটার প্রতিযোগিতা চলছে ভারতে। পুণ্যাত্মা কাঁদে না। ধূপের ধোঁয়ায়, প্রদীপের শিখায় তার আহ্নিকে থাকে মন্ত্র। মন্ত্রে গাছ বাঁচে না, জন্মায় না। পুকুর-নদী-খাল-বিল তাতে বাঁচেনি, বাঁচবে না। ‘ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট’ অনুযায়ী গত এক দশকে কলকাতার ৩০% গাছপালা কমে গেছে। জনবসতি অনুযায়ী শহরের মাত্র ১ শতাংশের কম সবুজ অবশিষ্ট আছে।

​সময়টা বাড়িয়ে দুই দশক করলে দেখা যাচ্ছে সবুজ কমার পরিমাণ ৬০ বর্গকিলোমিটার। আইআইটি খড়গপুরের গবেষণার হিসেব বলছে, ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে বৃহত্তর কলকাতা অঞ্চল থেকে ৬০ বর্গকিলোমিটারেরও বেশি গাছপালা এবং প্রায় ১০ বর্গকিলোমিটার জলাভূমি হারিয়ে গেছে। ফলাফল, ৮৬ শতাংশ অঞ্চলই এখন কংক্রিট।

​নানা সময়ে নানান সমীক্ষা হয়েছে। কলকাতার জীববৈচিত্র্য নিয়ে হওয়া অতীতের সমীক্ষায় দেখা গেছে, গত ৬ দশকে শহরের কমপক্ষে ২১ শতাংশ উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। শহরে থাকা ২৭৬টি প্রজাতির গাছের মধ্যে ঝাউ, মুচকুন্দ, জয়ন্তীসহ ৫৮টি প্রজাতি হারিয়ে গেছে। গত ২৫ বছরের নির্দিষ্ট একটি একক সরকারি জরিপ না থাকলেও, আইআইটি খড়গপুর, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এবং নানান পরিবেশকেন্দ্রিক সংস্থার গবেষণায় দেখা গেছে— গত দুই থেকে আড়াই দশকে কলকাতায় প্রায় ৬০ বর্গকিলোমিটার সবুজ আচ্ছাদন বা ট্রি কভার কমে গেছে। শেষ এক দশকেই বনাঞ্চল কমেছে প্রায় ৩০ শতাংশ। অন্যদিকে সামগ্রিকভাবে ভারত ও পশ্চিমবঙ্গে গত ২৫-৩০ বছরে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পাখির প্রজাতির সংখ্যা হ্রাস পেয়েছে। পাল্লা দিয়ে কমছে গাছ ও সবুজ আচ্ছাদন। নানা সময়ে প্রবণতার বিরুদ্ধে গিয়ে, স্থানীয় মানুষের সচেতন বাধায় কলকাতার মোট আয়তনের মাত্র ১.১ শতাংশ বনাঞ্চল অবশিষ্ট রয়েছে, যা দেশের প্রধান মেট্রো শহরগুলোর মধ্যে সর্বনিম্ন।

মাছবাজারে খাবারের খোঁজে বক

​‘স্টেট অফ ইন্ডিয়াস বার্ডস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ থেকে ৩০ বছরে ভারতের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ পাখির প্রজাতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পশ্চিমবঙ্গের অন্তত ২০টি পাখির প্রজাতি বর্তমানে উচ্চ সংরক্ষণ-ঝুঁকিতে রয়েছে। পশ্চিমবঙ্গে আবাসস্থল ধ্বংস, জলাভূমি ভরাট করে নগরায়ণ এবং চোরাশিকারের কারণে বহু দেশি ও পরিযায়ী পাখির সংখ্যা দ্রুত কমেছে। বিপন্ন পাখিদের তালিকায় আছে ডাহর পাখি বা বেঙ্গল ফ্লোরিকান। অত্যন্ত বিরল ও বিপন্ন ঘাসজমির ডাহর পাখি আজও শহরের প্রান্তে দেখা যায়। চরম বিপন্ন নীলকণ্ঠ পাখি সাম্প্রতিক বছরগুলিতে চোখে দেখাও দুষ্কর। জলাভূমি ও চর এলাকা কমায় কমে গেছে মদনটাক ও চখাচখি। ধনেশ জঙ্গলেও বিরল। শহর ও গ্রামে মাত্রাতিরিক্ত কমেছে পুলি শালিখ। শহরতলি ও প্রান্তে ফি-বছর শীতে আসা চখাচখি বা খয়রা চখাচখি নেই বললেই চলে; কারণ জলাভূমি নেই, যা আছে তা বাসযোগ্য নয়। কলকাতার আশপাশে পাখিটির প্রচলিত বাংলা নাম ভুঁতিহাঁস বা বড় ভুঁতিহাঁস, মানে বেয়ার্স পোচার্ড, এক দশক আগেও শীতে দেখা যেত— এখন বিরলতম। হাড়গিলে হারিয়েই গেছে পাকাপাকি। ডাইক্লোফেনাক জাতীয় ওষুধের প্রভাবে এবং খাদ্যাভাবে মহাবিপন্ন হতে হতে শকুন কলকাতার আকাশ থেকে কার্যত বিলুপ্ত হয়ে গেছে।

টুনটুনি

​এতকিছুর পরেও কলকাতার জলাভূমিতে শামুকখোল, পানকৌড়ি, বিভিন্ন প্রজাতির বক, জলপিপি এবং মাছরাঙা আজও আছে। থার্মোকল, প্লাস্টিকে ভরা পুকুরে জলপিপির সংসার যাদবপুর আর নাকতলায় রোজ দেখি। এদের প্রধান খাদ্য ছোট মাছ, ব্যাঙ, জলজ পোকামাকড়, কাঁকড়া এবং ছোট সরীসৃপ। এরা জলের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং সুযোগ পেলেই লম্বা ও ধারালো ঠোঁট দিয়ে শিকার ধরে। পাড়ার পুকুর খাবার দিতে না পারলে মাছবাজার হয় বকের খাবার খোঁজার জায়গা। চিলও স্বাভাবিকভাবে খাবার না পেয়ে কাকের মতো মাছ বা মাংসের দোকানের উচ্ছিষ্টের ওপর নির্ভরশীল।

​আজও এই প্রাকৃতিকভাবে বিপন্ন কলকাতায় কোকিল, বেনেবউ, সিপাহি বুলবুলি, বউ কথা কও, দোয়েল, শালিক, ফিঙে, চড়াই, টুনটুনি, সাতভাই, গাছ-দোয়েল, বুলবুলি, খঞ্জনা, মদনা টিয়া, গোলাপি শালিক, ফিন্সের বাবুই দেখা যায়। গঙ্গার ধারে কালো-গলা সারস চোখে পড়ে আজও, কিন্তু তা বিরল। অতীতে কলকাতা অঞ্চলে মোট ৪১৩ প্রজাতির পাখি নথিভুক্ত রয়েছে, যার মধ্যে ১৮টি বিশ্বব্যাপী বিপন্ন। তবে শহরের ভেতরে নিয়মিত দেখা যায় এমন প্রজাতির সংখ্যা এর চেয়ে অনেক কম— কমবেশি ৫৫-৫৬ রকমের পাখি স্বাভাবিকভাবে দেখা যায়। বসন্তবৌরি, দোয়েল, কোয়েল, ইষ্টিকুটুম বা বেনেবউ, কাঠঠোকরা, ঝুট শালিক, হাঁড়িচাচা, বউ কথা কও, শামুকখোল ক্রমশ কমতির দিকে। হাওড়া ও কলকাতার কাছাকাছি জলাভূমিগুলোতে প্রায় ১৫০ প্রজাতির পাখির অস্তিত্ব নথির সঙ্গে মেলানো কঠিন কাজ!

খঞ্জনা

​পাখির ডাকে জেগে উঠে, পাখির ডাক শুনতে শুনতে, পাখি নিয়ে নিপাট সুগদ্য লেখার জন্য— এই লেখার আয়োজন নয়। শুনলাম, মন্ত্রী বা সরকার পাখিদের খাবার দিতে চায়। গাছে মাটির পাত্রে ঝুলবে সেই খাবার। পাখিরা আসবে— দানাশস্য ধান, গম, জোয়ার, বাজরা খাবে— আর বাসায় ফিরে গিয়ে ডিম পাড়বে। গাছ না থাকলে কোথায় বাসা বাঁধবে? কার্নিশে? ব্যালকনিতে? নাকি ফ্ল্যাট বাড়ির সামনে সেলফি তোলার ঝোপে? আতা, আম, জাম বা পেয়ারা-সহ নানান ফল খেতে অভ্যস্ত পাখি স্রেফ দানা খাবে? উঠোন গেছে, উঠোনের পাশের পেয়ারা, জাম বা অন্য ফলের গাছটা নেই। যে বাড়িতে গাছ আছে, মনে হয় সে বাড়িতে এক বা একাধিক গাছপাগল প্রবীণ-প্রবীণা আছেন। এখনও তাঁরা বৃদ্ধাবাসে যাননি। কিন্তু তারপর? গলির মোড়ে গাছের দোকানে ব্যালকনি সাজে। ইনডোর সবুজ হয়। গৃহীর রুচির মাপকাঠিতে নম্বর বাড়ে। কিন্তু পাখিটা কোথায় যাবে?

​এমনিতেই নগরের পশুপাখি প্রাকৃতিক অভ্যাস বদলে ফেলেছে বহুলাংশে। তারা বনজঙ্গলহীন মানুষের ওপর নির্ভরশীল। জনপ্রিয়তা বাড়ানোর খেলায় থাকা নেতামন্ত্রীরা এসব জানেন। না জানলেও, জানার পরিসর ও ব্যবস্থাপনা আছে। পাখির খাবারের কৃত্রিম জোগান দিয়ে গাছ কাটার পক্ষে যুক্তি সামনে চলে আসছে না? ফল খেতে অভ্যস্ত পশুপাখি দানা খাবে কেন? উত্তরাখণ্ড বা হিমাচলের জঙ্গল কাটার পর— প্রাকৃতিক অভ্যাস হারানো বাঁদর জানে মানুষ খাবার দেবে, বা ছিনিয়ে খেতে হবে। অন্ধ মানুষ এতে পুণ্য খুঁজবেন। আর আমরা দেখব— পাকাপাকি জঙ্গল হারিয়ে গেল! কলকাতা একদিন তেমনই পাখিহীন তিলোত্তমা হবে। সরকারি বাবুরা উন্নত কলারে উন্নয়ন দেওয়ার কৃতিত্ব নেবেন!

জলাভূমি দিবস

​এই কয়েকদিন আগে নন্দন চত্বরে দেখলাম ডাস্টবিন থেকে খাবার খাচ্ছে বেজি। অলিতে-গলিতে আজও আছে তারা। ফ্ল্যাট বাড়ছে, যুগের নিয়মে বাড়ছে। বাসস্থান ওপরে উঠবে, চেনা গাছটা নেই। ভাম কমেই গেছে, বিরল। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের বাঘরোলও বিপন্ন, সেটিও বিরল। গঙ্গায় বিরল ভোঁদড়, শুশুক। যাত্রাপথে দূষণ-জঞ্জাল, প্লাস্টিক বয়ে আনা গঙ্গার পুণ্যস্নানে গঙ্গার জন্য মঙ্গলকামনা থাকে না; থাকে না প্রাণ-প্রকৃতি বাঁচানোর প্রার্থনা। তারাই এবার পাখিদের পাকাপাকি নির্ভরশীল পোষ্য বানাতে চায়। সন্তানের আঁকার শিক্ষককে দিয়ে আঁকিয়ে নিতে চায় হারিয়ে যাওয়া পাখির ছবি। যুগের হাওয়া হাতিদের বন্দি করতে ছোট পরিসরে। একদিন তাদের দেখা মিলবে আম্বানি-আদানির চিড়িয়াখানায়।

​কলকাতা পরিবেশ আন্দোলন দেখেছে অতীতে। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরের বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে নাগরিক সচেতনতার সাক্ষী। পূর্ব কলকাতার জলাভূমি সংরক্ষণ নিয়ে নাগরিক আন্দোলন আজও আছে। আছে চিংড়িঘাটার জলাভূমি বাঁচানোর দাবি। অতীতেও গাছ ও সবুজ বাঁচানোর লড়াই ছিল, ছিল ঝিল ও জলাভূমি বাঁচানোর আন্দোলন। কলকাতার ফুসফুস ময়দান হলে— অলিগলির গাছপালা, জলাশয়— প্রতিটি মূল্যবান অঙ্গপ্রত্যঙ্গ। কে শোনে কার কথা? জলপিপির প্লাস্টিক-ঢাকা জলের সংসারে জঞ্জাল ফেলা মন কি আদৌ নাগরিকের? নাকি স্রেফ মন্ত্রময় পুণ্যের অপশনহীন কোনও জম্বির?

​মদ্দা কথাটা পরিষ্কার, প্রাকৃতিক ভারসাম্যে বিপন্ন কলকাতার পাখি চায় গাছ— ফলের গাছসহ নানান গাছ। মার্চের বসন্তদিন পার হলে— এয়ার কন্ডিশনার আর কাটা গাছ নিয়ে নকল কান্নার সহনাগরিকদের প্রশ্নহীন মেনে নেওয়ার অভ্যাসে— অদূর ভবিষ্যতে পাখিহীন হবে শহর। কারণ তার আগেই গাছহীন হবে কল্লোলিনী। আর তার শুরুটা— গাছে পাখির জন্য কৃত্রিম খাবারের আয়োজন করে! গাছ কই, গাছ? পোষা পাখিকে গাছ লাগানোর বুলি শেখাবে না কলকাতা?

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.