পরিবেশকর্মী, শিক্ষাবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুকের অনশন ১৮ দিনে পড়তেই (Sonam Wangchuk’s Hunger Strike) তাঁর সমর্থনে সরব হলেন বলিউডের একাধিক তারকা। অনুরাগ কাশ্যপ, জীনত আমন, অভয় দেওল, ওমি বৈদ্য-সহ বহু পরিচিত মুখ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়াংচুকের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে আসতেই দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবিও তুলেছেন অনেকেই।
গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টি (CJP)-র সঙ্গে যৌথভাবে তিনি এই কর্মসূচি শুরু করেন। NEET-UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জবাবদিহি এবং যথাযথ পদক্ষেপের দাবিতে তাঁর এই আন্দোলন। টানা ১৮ দিন অনশনে থাকায় ওয়াংচুকের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। পেশিশক্তি কমে যাওয়া-সহ একাধিক স্বাস্থ্যগত উদ্বেগের খবরও প্রকাশ্যে এসেছে। তবে এত কিছুর পরেও নিজের অবস্থান থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি তিনি।

চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ ইনস্টাগ্রামে সোনম ওয়াংচুকের একাধিক ছবি শেয়ার করে লেখেন, এক সময় অনশনের গভীর তাৎপর্য ছিল, কারণ মানুষ অকারণে এই পথ বেছে নিত না। তাঁর কথায়, যখন রাষ্ট্র মানুষের জীবন ও দাবির প্রতি এতটাই উদাসীন হয়ে পড়ে, তখন তা অত্যন্ত উদ্বেগজনক। ওয়াংচুকের সাহসের প্রশংসা করে তিনি জানান, এই লড়াইয়ে তিনি তাঁর পাশেই রয়েছেন।

প্রবীণ অভিনেত্রী জীনত আমনও ইনস্টাগ্রামে ওয়াংচুকের ছবি পোস্ট করে ওয়াংচুককে নিয়ে নিজের উদ্বগের কথা জানান। অন্যদিকে, অভিনেতা অভয় দেওল একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তাঁর সমর্থন জানিয়েছেন। ‘থ্রি ইডিয়টস’ ছবিতে ‘চতুর রামালিঙ্গম’ ওরফে ‘সাইলেন্সার’-এর চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া অভিনেতা ওমি বৈদ্যও ভিডিও বার্তায় সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমি চাই না ফুন্সুখ ওয়াংডু মারা যাক।” উল্লেখ্য, ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘ফুন্সুখ ওয়াংডু’ চরিত্রটি বাস্তব জীবনের সোনম ওয়াংচুককে অনুসরণ করেই নির্মিত হয়েছিল। তাই ওমি বৈদ্যের এই মন্তব্যও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। সোনমের অনশনের সমর্থন জানিয়েছেন প্রকাশ রাজ, নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক, সোনি রাজদান, স্বরা ভাস্করের মতো তারকারাও।

বাংলা থেকেও সমর্থন পাচ্ছেন ওয়াংচুক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াংচুককে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিলেন। তাঁর সমর্থনে কলম ধরেছেন অভিনেতা ঋদ্ধি সেন অপর্ণা সেনরাও। কিন্তু ‘থ্রি ইডিয়টসে’ ওয়াংচুকের চরিত্রে অভিনয় করা আমির খান এখনও এই বিষয়ে সম্পূর্ণ নীরব।

