হিন্দি সংস্করণ না বেরনো অব্দি,বন্ধ ‘পুরশ্রী’- পত্রিকা?

৪৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

​কলকাতা পুরসভার প্রায় ৪৮ বছরের ঐতিহ্যবাহী বাংলা পত্রিকা ‘পুরশ্রী’র প্রকাশনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, ইংরেজি ও হিন্দি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত আপাতত বাংলায় ‘পুরশ্রী’র প্রকাশনা বন্ধ রাখা হচ্ছে। প্রবীণ সাংবাদিকদের ক্ষোভ থেকে শুরু করে রাজনৈতিক মহলের চর্চা—সব মিলিয়ে এই ঘটনাটি এখন কেবল একটি প্রকাশনা সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ নেই, বরং তা বাংলার ভাষা-রাজনীতি এবং পুর প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলছে৷

​১৯৭৮ সালের ২৬ আগস্ট সমরেশ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় শুরু হয়েছিল ‘পুরশ্রী’। কলকাতার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং নাগরিক জীবনের দলিল হয়ে ওঠা এই পত্রিকার শিকড় প্রোথিত রয়েছে ১৯২৪ সালের ‘ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট’ ও ১৯৬১ সালের রবীন্দ্র-শতবর্ষের বাংলা বিশেষ সংখ্যাগুলোর মধ্যে। অথচ আজ সেই বাংলা প্রকাশনার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক মাধ্যমের দাবি অনুযায়ী, পত্রিকাটির হিন্দি ও ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত এর বাংলা সংস্করণের প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। GNNXT-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচিত পুরবোর্ড না থাকায় প্রশাসক স্মিতা পাণ্ডের অধীনে পুর প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি বাংলায় পত্রিকাটি বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে পশ্চিমবঙ্গ কংগ্রেসসহ বিভিন্ন মহল।

​তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর পর্যন্ত বাংলা প্রকাশনা বন্ধ রাখার কোনও লিখিত নির্দেশ প্রকাশ্যে আসেনি এবং প্রশাসক স্মিতা পাণ্ডে এমন কোনও নির্দেশ দিয়েছেন কি না, তা-ও স্পষ্ট নয়। পুরসভার সরকারি ই-প্রকাশনা আর্কাইভে ১৬ আগস্ট ২০২৬-এর পরের নিয়মিত সংখ্যা না থাকলেও অন্য একটি প্রকাশনা-তালিকায় নভেম্বরের সংখ্যার উল্লেখ রয়েছে। পাশাপাশি, ২১ সেপ্টেম্বর শারদীয় সংখ্যার দরপত্র ডেকে ১২ অক্টোবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে পুজোসংখ্যার উদ্বোধন প্রমাণ করে যে, পত্রিকাটির ছাপা বা প্রকাশনা পুরোপুরি স্তব্ধ নয়। ফলে নিয়মিত সংখ্যার এই ছেদ ছাপাখানার জটিলতা, অনলাইন আর্কাইভের গাফিলতি, নাকি সত্যিই কোনও নীতিগত সিদ্ধান্তের ফল—তা নিয়ে ধন্দ রয়ে গেছে।

২০২৪ সালের ডিসেম্বরে দোকান ও প্রতিষ্ঠানের নামফলকে বাংলা ব্যবহারের উদ্যোগ এবং ২০২৫ সালের জুলাইয়ে তৎকালীন চেয়ারপার্সন মালা রায়ের অধিবেশনে বাংলাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ—সবই ছিল বাংলা ভাষার পরিসর দৃঢ় করার প্রয়াস। কিন্তু ২০২৬ সালের অক্টোবরে দুর্গাপুজোর পরিচ্ছন্নতা সংক্রান্ত বিজ্ঞাপনে বাংলা-হিন্দি মিশ্র বাক্য (‘মায়ের করবো স্বচ্ছতা সে স্বাগত’) ব্যবহৃত হয়৷ এরপর এক মাসের মাথায় ‘পুরশ্রী’র বাংলা সংস্করণ আটকে রাখার অভিযোগ সেই ভাষা-সংবেদনশীলতাকেই আরও উসকে দিয়েছে।

​বর্তমানে কলকাতা পুরসভায় নির্বাচিত বোর্ড নেই; গত ৮ জুন বোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসনিক কর্তৃত্বে চলছে সংস্থাটি। এই অবস্থায় বহুভাষিক শহরে হিন্দি ও ইংরেজি সংস্করণ চালুর উদ্যোগ ইতিবাচক হতে পারে, কিন্তু তার জন্য দীর্ঘদিনের বাংলা সংস্করণকে শর্তাধীন করে রাখার অভিযোগ রাজনৈতিকভাবে স্পর্শকাতর। অনুবাদক, সম্পাদক বা ছাপাখানার পরিকাঠামোগত প্রস্তুতি ও আর্থিক সংগতির প্রশ্ন থাকতেই পারে, কিন্তু অন্য ভাষার সংস্করণ না আসা পর্যন্ত বাংলা পত্রিকা বন্ধ রাখার যুক্তি প্রশাসনিক স্বচ্ছতার দিকে প্রশ্ন তোলে।

​লিখিত নির্দেশের অনুপস্থিতি এবং পুজোসংখ্যার প্রকাশনা সচল থাকায় ‘পুরশ্রী’র নিয়মিত বাংলা সংখ্যা বন্ধ রাখার অভিযোগ কতটা বাস্তব, তা নিয়ে প্রশাসনিক স্পষ্টতা জরুরি। শহরের ইতিহাস ও নাগরিক চেতনার সঙ্গে যুক্ত একটি পত্রিকাকে নতুন ভাষার সংস্করণের বলি না করে, পুর প্রশাসনের উচিত দ্রুত তথ্য সামনে আনা জরুরু৷ নয়তো এই ঘটনা প্রশাসনিক জটিলতার চেয়েও বড় হয়ে উঠবে বাংলার ভাষার মর্যাদা ও রাজনীতির লড়াইয়ে।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.