কলকাতার কলেজ স্ট্রিটে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই (SFI) এবং বিজেপি-র ছাত্র সংগঠন এবিভিপি (ABVP)-র মধ্যে বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের্ষে আজ ফের উত্তাল হল রাজপথ৷
গোলমালের সূত্রপাত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এসএফআই-এর পক্ষ থেকে একটি বইয়ের স্টল স্থাপনের উদ্যোগকে কেন্দ্র করে৷ বাম শিবিরের দাবি , ঐতিহ্যের বইপাড়ায় তারা নিয়ম মেনেই স্টল সাজাচ্ছিল। কিন্তু এর পরেই পাল্টা পদক্ষেপ হিসেবে নিখিল ভারত বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি কর্মীরা ঠিক তার বিপরীতে একটি পাল্টা স্টল স্থাপনের চেষ্টা করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার এসএফআই-এর বুকস্টল বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বামকর্মীদের ব্যাপক ধস্তাধস্তি ও আটকের ঘটনা ঘটেছিল। সেই উত্তেজনার রেশ ধরেই বুধবার সকালে পরিস্থিতি আরও হিংসাত্মক রূপ নেয়।
এসএফআই-এর অভিযোগ এবিভিপি সমর্থকরা হিংসাত্মক আক্রমণ চালিয়ে তাদের স্টলের ব্যানার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে। এই ফ্লেক্সগুলিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক এবং সুকান্ত ভট্টাচার্যের মতো বিশিষ্ট বাঙালি মনীষীদের ছবি ও উদ্ধৃতি ছিল। এছাড়া বইপত্র রাস্তায় ফেলে নষ্ট করা এবং লেনিনের ছবি পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
অন্যদিকে, এবিভিপির কর্মী-সমর্থকদের জোরালো দাবি ছিল যে, বাংলার মাটিতে তথাকথিত ‘ভারতবিরোধী’ বা সনাতন সংস্কৃতির পরিপন্থী কোনো বই বিক্রি করতে দেওয়া হবে না। তাদের অভিযোগ, বামেরা অতীতেও বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক ভাবাবেগে আঘাত হেনেছে, তাই কলেজ স্ট্রিটের মতো উন্মুক্ত শিক্ষাঙ্গনে তাদের একাধারে স্টল দেওয়া উচিত নয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এবং ব্যারিকেড মোতায়েন করা হয়। দুই পক্ষকে দূরে রাখতে গিয়ে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের তীব্র ধস্তাধস্তি ও বচসা বাঁধে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। এই সংঘর্ষ ও পথপ্রতিরোধের জেরে ব্যস্ততম কলেজ স্ট্রিট ও মহাত্মা গান্ধী রোড চত্বরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। চরম ভোগান্তির শিকার হন সাধারণ পথচারী ও নিত্যযাত্রীরা। পরবর্তী সময়ে প্রশাসনের মধ্যস্থতায় এবং পুলিশের কড়া নিরাপত্তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও কলেজ স্ট্রিটের রাজনৈতিক উষ্ণতা কমেনি।
এই ঘটনা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনগুলিতে বাম ও সংঘ পরিবারের রাজনৈতিক লড়াই এখন কেবল তাত্ত্বিক বা আদর্শগত স্তরে সীমাবদ্ধ নেই, বরং তা প্রকাশ্য রাজপথের সংঘাতে রূপ নিয়েছে। একদিকে বাম শিবিরের বই পড়ার, বই পড়ানোর লড়াই এবং অন্যদিকে দক্ষিণপন্থী শক্তির তীব্র কাউন্টার ন্যারেটিভ গড়ে তোলার চেষ্টা- এই বই বনাম রাষ্ট্রের লড়াই আগামীতে বঙৃগ রাজনীতিতে কীরূপ প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়৷

