আজ যে জগদ্ধাত্রীকে আমরা সিংহবাহিনী, চতুর্ভুজা রূপে দেখি, বাংলার নানা প্রান্তে তাঁর আরাধনার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একাধিক প্রাচীন দেবীমূর্তির তত্ত্ব ও ঐতিহ্য।
কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয় ঘটে। ১৭৬২ সালে মতান্তরে ১৭৫৪। প্রচলিত কাহিনি অনুসারে, মুঙ্গের থেকে মুক্তি পেয়ে নদীপথে ফেরার সময় মহারাজ কৃষ্ণচন্দ্র দুর্গাপুজোর বিসর্জন দেখতে পান। এরপর দেবী জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পান মহারাজ। কিন্তু তখনও দেবীর প্রতিমার নির্দিষ্ট রূপ কিংবা বীজমন্ত্র স্থির হয়নি।

রাজসভার পণ্ডিত চন্দ্রচূড় তর্কচূড়ামণির সঙ্গে দীর্ঘ আলোচনার পর দেবীর রূপ ও মন্ত্র নিয়ে ভাবনা এগোয়। ধ্যানযোগে দেবীর ঊষার মতো বর্ণের রূপ পণ্ডিত চন্দ্রচূড় দর্শন করেছিলেন। বাংলার ইতিহাসে তিনিই মূলত দেবী জগদ্ধাত্রীর প্রথম রূপদর্শী। যে পঞ্চমুন্ডির আসনে বসে দেবিদর্শন করেছিলেন সে ছিল নদিয়া জেলার শান্তিপুরের ব্রহ্মশাসন গ্রাম। এখানে আজও এই রুপদর্শী দেবীর পূজা হয়ে আসছে। গুপ্তিপাড়ায় প্রতিমাটি তৈরি হয়। একসময় এই গ্রামে সকল পরিবার ছিল ব্রাহ্মণ। ধ্যানযোগে দেবীদর্শন পেয়েছিলেন রাজসভার পণ্ডিত চন্দ্রচূড় তর্কচূড়ামণি।

অন্যদিকে, হুগলির গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজো আসলে বিন্ধ্যবাসিনী দেবীর পুজো। যা ভারতের তথা বাংলার প্রথম বারোয়ারি পুজো। এখানে দেবী জগদ্ধাত্রী বিন্ধ্যবাসিনী রূপে অর্থাৎ ভগবান কৃষ্ণের ভগ্নী যোগমায়া। যিনি বিন্ধ্য পর্বতে পূজিত হন।
বহু জায়গায় বাংলায় জগদ্ধাত্রী আরাধনা হয়। কিন্তু আসলে সেই জগদ্ধাত্রী রূপে রয়েছে গন্ধেশ্বরী দেবীর মূর্তিতত্ব। গন্ধেশ্বরী সিংহবাহিনী এবং চতুর্ভূজা। পুরাণ অনুসারে, গন্ধাসুর মহাদেবের বরে বলীয়ান হয়ে চারিদিকে যখন এক ভয়ানক ত্রাস সৃষ্টি করে তখন তাকে বধ করার জন্য দেবী দুর্গা গন্ধেশ্বরী রূপ ধারণ করেন। গন্ধেশ্বরী পুজো করে বহু গন্ধবণিক সম্প্রদায়। বণিকরা জলপথে বাণিজ্যে যাওয়ার আগে এই দেবীর আরাধনা করতেন। আর সিংহের পায়ের তলায় থাকে একটি গোলক। যার বিশেষত্ব হলো সিংহের পায়ের তলায় থাকা পৃথিবী হলো গোলকটি। যা মূলত বিশ্বব্যাপী ক্ষমতা, কর্তৃত্ব এবং সুরক্ষার প্রতীক। হুগলি জেলার গৌরহাটিতে বুড়িমা জগদ্ধাত্রীর রূপটি একেবারে এক। কথিত আছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম শূরের পরিবারের হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল।

ধাত্রীমাতা বা ধাত্রীদেবী রূপে পূজিত হয় কালনার প্রাচীন জগদ্ধাত্রী প্রতিমা। দেবীর বাহন হলো নরসিংহ। দেবীর নামে গ্রামের নাম ধাত্রীগ্রাম। আসলে বাংলার বিভিন্ন স্থানে জগদ্ধাত্রীকে আমরা যে রূপে দেখছি তার মধ্যে লুকিয়ে আছে বহু পুরাণের তত্ব রীতি। যা আজ সর্বজনীন রূপ পেয়েছে। কোথাও তিনি যোগমায়া, কোথাও গন্ধেশ্বরী, কোথাও ধাত্রীমাতা, ফিরে তাকাতে হয় বাংলার বিস্মৃত জনপদগুলির দিকেও।

