ছটপূজা এবং বৌদ্ধ সহজযানের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক যোগসূত্র নিয়ে গবেষকদের মধ্যে দুই ধরনের মতবাদ প্রচলিত রয়েছে। ভৌগোলিক ও আচারগত মিলের কারণে একদল গবেষক ছটপূজাকে বৌদ্ধ শ্রমণ সংস্কৃতির উত্তরাধিকার বলে মনে করেন। মূলধারার ঐতিহাসিকদের মতে এটি প্রাচীন বৈদিক ও লৌকিক সূর্য উপাসনার প্রবাহ। ভাষাবিদ ও ঐতিহাসিক ড. রাজেন্দ্রপ্রসাদ সিং সহ বহু গবেষক মনে করেন, ছট পূজার উৎস প্রাচীন মগধ ও বৌদ্ধ ঐতিহ্যের সাথে গভীরভাবে জড়িত। সহজযান বৌদ্ধধর্ম মূলত প্রচলিত ব্রাহ্মণ্যবাদী আচার-অনুষ্ঠান, পুরোহিততন্ত্র এবং শাস্ত্রীয় জটিলতা বর্জন করে সহজ-সরল প্রকৃতি-ঘনিষ্ঠ সাধনার কথা বলত। ছট পূজাতেও বৈশিষ্ট্যগুলো স্পষ্ট। সহজযান মতবাদের মতো ছট পূজাতেও স্পষ্টত কোনো পুরোহিত বা মধ্যস্থতাকারীর প্রয়োজন হয় না। সমস্ত স্তরের মানুষ একসাথে ঘাটে দাঁড়িয়ে উপাসনা করেন।
ছট মূলত বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে প্রচলিত। এই অঞ্চলগুলোই ছিল গৌতম বুদ্ধের বিচরণক্ষেত্র এবং পরবর্তীকালে বজ্রযান ও সহজযান বৌদ্ধধর্মের প্রধান কেন্দ্র। প্রসঙ্গত, তন্ত্র ও বজ্রযানের প্রবাহ থেকে বাংলায় কালীপূজার উৎপত্তি। ফলে এই দীর্ঘ ইতিহাস আসলে একই সূত্রে গাঁথা। যা প্রমাণ করে ব্রাহ্মণ্যবাদ বা আর্যবাদ আসার আগে এখানে কৃষি ছিল, ছিল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর লোকাচার। গুপ্ত বা পালযুগ তা প্রমাণ করতে সক্ষম।
ছটপূজায় নদীর ঘাটে মাটির যে বেদি তৈরি করা হয়, স্থানীয় ভাষায় তার নাম ‘সিরসৌতা’, যার আকৃতি নালন্দা বা বৌদ্ধগয়ার প্রাচীন বৌদ্ধ মানত স্তূপের সাথে হুবহু মিলে যায়। যে নালন্দার পুঁথি খিলজি আসার আগেই তো পুড়িয়ে দেওয়া হয়নি, বা, তা বাঁচাতে নেপাল, তিব্বত বা শ্রীলঙ্কায় পৌঁছে দিয়েছেন কোনো শ্রমণ! কিন্তু কেন, কারা বৌদ্ধ পুঁথি নষ্ট করত?

ছটের প্রধান প্রসাদ ঠেকুয়ার ছাঁচে অষ্টচক্র, যা বৌদ্ধ-মৌর্য সম্রাট অশোকের ধর্মচক্রের প্রতীক বলে মনে করেন কেউ কেউ। অশ্বত্থ বা পিপল পাতার নকশাকে বোধিবৃক্ষের প্রতীক ধরা হয়। সহজযান বা বজ্রযান দর্শন প্রকৃতি ও মানবদেহকেই সাধনার মূল ক্ষেত্র মনে করে। ছট পূজাতেও মূর্তি নেই। সরাসরি সূর্য, নদী এবং ফসলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় এই ব্রতপূজায়।
পাশাপাশি, প্রাচীন মগধ ও বাংলা অঞ্চলে দীর্ঘকাল ধরে লৌকিক এবং বৌদ্ধ—বিশেষত পালযুগ থেকে তান্ত্রিক ও সহজযান সংস্কৃতি পাশাপাশি সহাবস্থান করেছে। ফলে উভয় সংস্কৃতির আচার-আচরণ একে অপরকে গভীরভাবে প্রভাবিত করেছে। বাংলার কৃষিসমাজের নানান ব্রত ব্রাহ্মণ্যবাদী পুরোহিত ও জাঁকজমকে হারিয়ে গেছে বা যেতে বসেছে। যেমন—ইতু পূজা, ষষ্ঠীব্রত, ভাদুলিব্রত, টুসুব্রত, ভাঁজোব্রত, ইঁদুর-পূজা ইত্যাদি।
চলতি হিন্দুয়ানি ও হিন্দুত্বে (দুটো এক নয়) বিতর্কে বলা যায়, ছট পূজা সরাসরি সহজযান বৌদ্ধধর্ম থেকে সৃষ্ট না হলেও, এই উৎসব পুরোহিতহীন সর্বজনীন। একই সঙ্গে এর রূপ এবং লোকাচারে মগধ ও পূর্ব ভারতের বৌদ্ধ শ্রমণ সংস্কৃতির গভীর ছাপ রয়েছে। প্রখ্যাত হিন্দি সাহিত্যিক ও চিন্তাবিদ রামধারী সিং দিনকর তাঁর ‘সংস্কৃতি কে চার অধ্যায়’ (Four Chapters of Culture) গ্রন্থে উল্লেখ করেছেন, ‘আর্যরা এই অঞ্চলে আসার পর অনার্য ও আদিবাসী নারীদের বিবাহ করেছিলেন এবং তাঁদের মাধ্যমেই এই ধরনের প্রকৃতি-কেন্দ্রিক লৌকিক উৎসব আর্য সমাজে প্রবেশ করে।’ উল্লেখ্য, যজ্ঞ ও আগুনের উপাসক আর্য বা ব্রাহ্মণ্যবাদ প্রকৃতিপূজা নিয়ে আসছেন না, প্রয়োজনে তা গ্রহণ করছেন। ফসল কাটার পর প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানো আসলে কৃষিভিত্তিক সমাজের ছবি। এই ব্রতের মূল চালিকাশক্তি নারীরা। তাদের লোকগানে সূর্যের চেয়েও মাতৃদেবী ‘ছঠি মাইয়া’-র গুণকীর্তন হয়। বাঁশের কুলা ও মাটির পাত্র ব্যবহারের মধ্য দিয়ে প্রান্তিক ও কারিগরের অংশগ্রহণ নিশ্চিত হয়। হ্যাঁ, বাংলার জনজীবনে ছট পূজা নতুন নয়। নতুন বলতে ‘বজরংবলির মন্দির’, আরও নতুন বিহার-ফেরতা মানুষের জন্যও রেলওয়ে স্টেশনে পাতা সরকারি রেড কার্পেট।

এবার ফেরা যাক চলতি বিতর্কে। নানান স্টেশনে ভোজপুরী লোকগান শুনতে শুনতে হাওড়া স্টেশনের রেড কার্পেট পেরলেন কারা? কাদের সংবর্ধনা দিল বিজেপি সরকার? হিন্দুদের? বিহারিদের? নাকি বিহারের তপশিলি, দলিত, মহাদলিতদের? যারা আসানসোল পেরিয়ে গেলে, বা গাদাগাদি করে রেলের বগিতে ঢুকলে জাতপাতের গিনিপিগ হয়ে যাবেন। না, এরা জাত বানাননি। কলকাতায় এরাই হিন্দুত্বের সেনা। এদের জন্যই বজরংবলির মন্দির বাড়ছে। এরাই শ্রমিক। এরাই ১৯২৬ বা ১৯৪৬-এর দাঙ্গার সৈন্য। কিন্তু পরিচালক কে? কী সেই রাজনীতি—যাতে ছট হয়ে উঠলো বাংলা-বিহার বিতর্কের কেন্দ্র? এরা বহুকালের কলকাতা, কিন্তু এরা নতুন করে আসা ব্যাংক, বিমা বা রেলের কর্মী নন। এরা ঘাম ঝরানো হিন্দি। এরা আসলে বিহার বা পূর্ব উত্তরপ্রদেশের তপশিলি ভান্তর, ভোগতা, ভূমিজ, চৌপাল, ধোবি, ঘাসি, হালালখোর, কঞ্জর, লালবেগী, নট, পান বা সোয়াসি। এরা সেই অনার্য, অন্ত্যজ বা দলিত—বাউরি, বিহারের অন্যতম বৃহৎ দলিত গোষ্ঠী চামার বা মুচি, দবগর, বিহারের রাজনীতি ও জনসংখ্যার নিরিখে অন্যতম প্রধান দলিত সম্প্রদায় দুসাধ বা পাসোয়ান, অন্যতম প্রান্তিক গোষ্ঠী হাঁড়ি বা মেথর।
রেড কার্পেটে দেশে ফিরছেন দলিত কুরারিয়ার, অত্যন্ত পিছিয়ে থাকা মুসাহার, পাসি, রাজোয়ার, তুরি। রেড কার্পেটে পা রেখে উৎসবের বিহারে ফিরলেন যাদবরা। সবচেয়ে বড় ও শক্তিশালী রাজনৈতিক এবং বিজেপি-বিরোধী পরিচিতি। কলকাতায় এরা হিন্দি। ২০২৬-এর বিধানসভা ভোটের রেজাল্ট বলছে এরা—বাংলার নির্বাচনে বিজেপিকেই ভোট দিয়েছেন। ভোটের আগেও তেমনই আভাস ছিল। হিন্দি ছট পূজার সঙ্গেই ছিল। স্রেফ হিন্দুত্ব আর হিন্দুস্তান জুড়ে দেবার দায়িত্ব ছিল—বিজেপি বা আরএসএসের। হাওড়া স্টেশনে পাতা রেড কার্পেট সেই হিন্দুত্ববাদী স্বীকৃতি, সেই বিজয়ের আয়োজন। একদিন যারা সাবর্ণের তাড়া খেয়ে বাংলায় এলেন, বা এলেন জীবিকার জন্য—বিহারে ফিরে তারা অচ্ছুত হবেন, বাংলায় তারাই হিন্দুত্বের সেনা। এখানেই সমন্বয়ের আত্মীয়তার সঙ্গে সঙ্ঘের সংঘাত। সঙ্ঘের মাথাগুলো ভালোই জানে—হিন্দুস্তান আর ভারত এক নয়। বিহারে জাতের নামে অপমানিতরাই বাংলায় গর্বিত হিন্দু। এই গল্পে ঝুঁকি নিশ্চিত থাকছে। মুসলমান বিদ্বেষ জাগিয়ে রাজনীতির ফায়দা আর জাতের নামে শোষণ—মাঝে যূপকাষ্ঠে বাংলা আর বাঙালির অধিকার—আসলে যা সংঘাত, ধীরে হলেও যা বড় আকার নিচ্ছে।

১৯১৫ সালে হরিদ্বারের কুম্ভমেলায় পণ্ডিত মদনমোহন মালব্য ‘অখিল ভারতীয় হিন্দু মহাসভা’ প্রতিষ্ঠা করার সময় ‘হিন্দুত্ব’ শব্দটি ভারতীয় সমাজে বা রাজনীতিতে আসেনি। সমস্ত হিন্দু সম্প্রদায়ের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখা এবং তাদের অধিকারের পক্ষে সোচ্চার হওয়া—হিন্দু মহাসভার লক্ষ্য ছিল। সমস্ত হিন্দু মানে কারা? ১১১ বছর পর—জাতপাতের হিন্দুয়ানি তা ভালোই জানে। সেই সময় মুসলিম লিগের রাজনীতির বিপরীতে হিন্দুদের নিজস্ব অবস্থান ও রাজনৈতিক প্রভাব শক্তিশালী করা, জাতীয় কংগ্রেসের ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের সমালোচনা করে ধর্মীয় জাতীয়তাবাদী রাজনীতির প্রসার ঘটানো ছিল মহাসভার লক্ষ্য। গোরক্ষা এবং হিন্দুত্বের ধারণা ও সাংস্কৃতিক পরিচয় জোরালোভাবে প্রচার করতে চেয়েছিলেন তারা।
একই সঙ্গে ‘হিন্দু’ সমাজে শিক্ষার প্রসার ঘটানো, অস্পৃশ্যতা দূরীকরণ এবং সামগ্রিকভাবে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ও সংহতিশীল করে তোলার লক্ষ্যে—প্রান্তিক বা অচ্ছুতকে ক্ষত্রিয়ে বদলাতে চাইতেন তারা। হ্যাঁ, এই প্রান্তিক, হিন্দু সমাজের নিচের দিকে থাকা দলিত—হিন্দিভাষী রাজ্যে দলিত বা অচ্ছুত হয়ে থাকেন। কিন্তু জনসংখ্যা ও হিন্দিভাষার জোরে—হিন্দুত্ব চাপানো আজকাল সহজ হয়ে যাচ্ছে। আসানসোল থেকে মূল বাংলায় ঢুকলে এই বিশাল সংখ্যায় ‘হিন্দি’ দলিত-অচ্ছুত, হিন্দুত্ব ও হিন্দুস্তানের পোস্টার হয়ে যাচ্ছেন। বিহারে তারাই বিরাদরি কে বাহার, নিচুজাত। বাংলায় বাঙালি জনসংখ্যা ও কম জন্মহারের কারণে বহুকাল ধরেই এই ভারসাম্যের সমস্যায় আছে। সেখানে হিন্দিভাষী বাড়ছে। তাতে, যথাযথ বিনিয়োগ লাভজনক মনে করছেন হিন্দুত্ববাদীরা। কলকাতায় বা বাংলায় যিনি গর্বিত হিন্দু বা হিন্দুস্তানি, বিহারে তিনি স্রেফ নিচুজাত হলেও—হিন্দুত্বের সমীকরণে একটা ব্যালেন্স আসছে।
তাই ছট উপলক্ষ্য মাত্র। অনার্যের প্রকৃতি-সাধনা, বৌদ্ধ গুপ্ত ও পালেদের বাংলা-বিহার-উড়িয়া-আসাম জুড়ে নানা ভাবে আজও থাকবে—টাই স্বাভাবিক। তার ব্রাহ্মণ্যকরণ আজও চলছে, চলবে। তবু, জাতপাত মিটিয়ে যথাযথ সংস্কার আজও আনতে পারেনি হিন্দুত্ববাদীরা। বিহারে যিনি দলিত, পিছড়ে বর্গ, নিচুজাত—বাংলায় তাদের মুকুট পরিয়ে হিন্দুত্ব জোরালো করতে চায় সঙ্ঘ। জনসংখ্যার চাপ তাতে কমছে। একই সঙ্গে, ১৯১৫ সালে হিন্দু মহাসভার একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণ করছেন ‘বিহারের হিন্দিভাষীরা’। তা হলো—হিন্দি ভাষার বিস্তার। মৈথিলী, বৈশালি, মগধী—ভাষাগুলি আর সরকারিভাবে নেই। হিন্দির বিস্তারবাদ গিলে খেয়েছে। ভোজপুরী স্রেফ বুলি। এই বিস্তার হিন্দির। হিন্দির কাছে ভাষা হারিয়ে—হিন্দি হয়ে যাওয়া বিহারের দলিত-মহাদলিত এখন মহারাষ্ট্র হোক বা বাংলা, কর্ণাটক হোক বা অসম—হিন্দুত্বের বিস্তারবাদের সেরা ঘুঁটি। রেড কার্পেট দিয়ে জাতপাত ঢেকে রেখে—বেশ বহুকাল ধরেই বাংলা-বিহারে ছুটে চলেছে হিন্দি-হিন্দু-হিন্দুস্তান। বৈচিত্রের ভারতের সঙ্গে তার সংঘাত বহুকালের। সে সংঘাত থাকবেও।

