কীটনাশক থেকে শরীরে বিষক্রিয়া! হাসপাতালে সংকটজন বিধায়ক রেখা পাত্র

৩৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

শরীরে বিষক্রিয়া! হাসপাতালে সংকটজন
বিধায়ক রেখা পাত্র

​উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ কেন্দ্রের বিজেপি বিধায়ক রেখা পাত্র আকস্মিক অসুস্থ। শরীরে বিষক্রিয়া। শনিবার রাত ন’টা নাগাদ নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে আইটিইউ-তে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রে বিধায়কের শরীরে বিষক্রিয়ার  প্রভাব মেলার কথা জানা গেছে৷  সাম্প্রতিক রেফারেল কার্ড অনুযায়ী পরিবারের দাবি, রেখার পেটে বিষাক্ত ‘হার্বাল লার্ভিসাইড’ অর্থাৎ ভেষজ কীটনাশক গেছে। সংবাদমাধ্যমের একাংশে খাদ্যে বিষক্রিয়ার  পাশাপাশি পারিবারিক বিবাদের জেরে অসুস্থতার ইঙ্গিতও উঠে এসেছে। পরিবার বা বিজেপি নেতৃত্বের তরফে সুনির্দিষ্ট কোনো বিবৃতি না আসায় জল্পনা আরও বেড়েছে। তবে রবিবার সকালে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে গিয়ে বিধায়কের খোঁজখবর নেন এবং জানান যে রেখা পাত্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বসিরহাট হাসপাতাল থেকে বন্ডে সই করিয়ে কলকাতায় আনার ক্ষেত্রে পরিবারের তরফে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়।  

রেখা পাত্রের রাজনৈতিক যাত্রা সাম্প্রতিক সময়ে বঙ্গরাজনীতির অন্যতম আলোচিত অধ্যায়। সন্দেশখালি আন্দোলনের মুখ হিসেবে উঠে আসার পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপি তাঁকে প্রার্থী করেছিল। সেই নির্বাচনে পরাজিত হলেও দল তাঁর ওপর আস্থা হারায়নি। পরবর্তীকালে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। সাধারণ গৃহবধূ থেকে জনপ্রতিনিধি হয়ে ওঠার এই পথচলায় বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁকে ‘নারীশক্তি’ ও প্রান্তিক মানুষের প্রতিবাদের প্রতীক হিসেবে তুলে ধরেছিল। 

​তবে বিধায়ক হওয়ার পর সাম্প্রতিক মাসগুলিতে দলের অন্দরেই রেখা পাত্রের অবস্থান নিয়ে অস্বস্তি তৈরি হয়েছিল। দলীয় কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ না জানানো এবং জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এমনকি অতীতে পারিবারিক কলহ ও দল ছাড়ার হুঁশিয়ারি ঘিরেও সংবাদ শিরোনামে এসেছিলেন হিঙ্গলগঞ্জের এই বিধায়ক। ফলে একদিকে প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসা এক জনপ্রতিনিধির ওপর প্রবল মানসিক ও রাজনৈতিক চাপ, এবং অন্যদিকে সংগঠনের অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব—এই দুইয়ের সমান্তরাল প্রবাহ তাঁর সাম্প্রতিক রাজনৈতিক জীবনকে জটিল করে তুলেছিল। 

বর্তমান পরিস্থিতিতে রেখা পাত্রের দ্রুত আরোগ্য কামনাই সমস্ত রাজনৈতিক শিবিরের প্রাথমিক অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। শাসক-বিরোধী রাজনৈতিক তরজার ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া এবং প্রশাসনের সহযোগিতা যেমন ইতিবাচক বার্তা দিয়েছে, তেমনই একজন নির্বাচিত জনপ্রতিনিধির শরীরে বিষক্রিয়ার মতো গুরুতর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করাও প্রশাসনের কাছে বড় দায়িত্ব। হাসপাতাল কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ মেডিক্যাল বুলেটিন এবং তদন্তের পরবর্তী গতিপ্রকৃতির ওপরই এখন নির্ভর করছে এই ঘটনার প্রকৃত সত্য ও তার সম্ভাব্য রাজনৈতিক অভিঘাত। 

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.