ককরোচদের বাধা, বন্ধ করা হল দিল্লিমুখী ১৬টি মেট্রো স্টেশন

৫ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

দিল্লিতে আন্দোলনকারীদের ভিড় ক্রমেই বাড়তে শুরু করেছে। সারা দেশ থেকেই সমর্থন পাচ্ছেন ককরোচরা। NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলন ঘিরে উত্তপ্ত রাজধানী। পরিস্থিতির জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লি মেট্রোর ১৬টি স্টেশন বন্ধ রাখার ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। যন্তর-মন্তর ও কনট প্লেসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর মধ্য দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যন্তর-মন্তরে চলা ছাত্র আন্দোলনের জেরে নিরাপত্তার কারণ দেখিয়ে মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

এদিকে, আন্দোলন থেকে পিছু হটার কোনও ইঙ্গিত দেয়নি CJP। দলের সাফ বার্তা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই আন্দোলনের প্রধান দাবি। সেই দাবি থেকে সরে আসার প্রশ্নই নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেই হুঁশিয়ারি দিয়েছে নেতৃত্ব। দিল্লির পরিস্থিতি ঘিরে প্রতিটি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ।

অন্যদিকে, এই দিল্লি মেট্রো বন্ধ হয়ে থাকায় বেজায় সমস্যার মুখে পড়েছেন নিত্য যাত্রীরা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (SCBA) সভাপতি বিকাশ সিং আইনজীবী ও আদালতের কর্মীদের ভোগান্তির কথা তুলে ধরে বলেন, মেট্রো স্টেশন বন্ধ থাকায় আদালতে যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছে। এই শুনেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, দুপুরের মধ্যেও যদি মেট্রো স্টেশন খুলে না দেওয়া হয়, তবে এ বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। যদিও মেট্রো স্টেশন বন্ধ রেখেও খালি করা যাচ্ছে না যন্তর-মন্তর। সারা দেশ থেকেই এই আন্দোলনের সংহতি জানিয়ে বিক্ষোভকারীরা দিল্লিতে ঢুকছেন বিভিন্ন পথে।

অন্যান্য প্রতিবেদন.