স্কুল নয়, বাবা-মা চান পাথর ভাঙতেই যাক ছেলেমেয়েরা

৩৮ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

​সম্প্রতি প্রকাশিত সংবাদমাধ্যমের একটি তথ্য পশ্চিমবঙ্গের বীরভূমের পাঁচামী পাথর বলয়ের এক নির্মম ও করুণ বাস্তব চিত্র তুলে ধরেছে৷ এই অঞ্চলের স্কুলছুট শিশুরা পড়াশোনার পরিবর্তে বাবা-মায়ের সঙ্গে পাথর ভাঙার কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে। এটি নিছকই কিছু পরিবারের অর্থনৈতিক অনটনের ফল নয়, বরং এর পেছনে জড়িয়ে রয়েছে সরকারি শিক্ষা পরিকাঠামোর চরম বেহাল দশা, শিক্ষক সঙ্কট এবং প্রশাসনিক উদাসীনতার এক গভীর ও দীর্ঘমেয়াদী সঙ্কট।

পাঁচামীর তেঁতুলবান্দি এবং সগরবান্দির মতো এলাকার স্কুলগুলিতে যে করুণ চিত্র ফুটে উঠেছে, তা রাজ্যের প্রান্তিক ও গ্রামীণ শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার রূপটিকে উন্মোচিত করে। তেঁতুলবান্দির প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে যথাক্রমে মাত্র তিনজন ও দু’জন শিক্ষক রয়েছেন। এমনকি পঠনপাঠন সচল রাখতে দুই স্কুলের শিক্ষকদের একে অপরের সাহায্য নিতে হচ্ছে। সগরবান্দির প্রাথমিক বিদ্যালয়ে একসময়ে শতাধিক পড়ুয়া থাকলেও আজ তা কমে ৫৩টিতে দাঁড়িয়েছে। শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। এর ওপর প্রশাসনিক কাজ, বিএলও বা জনগণনার ডিউটির মতো অতিরিক্ত কাজের চাপে একজন শিক্ষককেও যখন নিয়োজিত থাকতে হয়, তখন পঠনপাঠন সম্পূর্ণ লাটে ওঠে।

​অভিভাবকদের একাংশের যুক্তি— স্কুলে পড়াশোনা ঠিকমতো হয় না এবং যাতায়াতের পথে ক্রাশার এলাকা পেরিয়ে যাওয়ার ঝুকি রয়েছে। এর ফলে তাঁরা সন্তানকে দূরবর্তী হোস্টেলে পাঠাতে বাধ্য হন। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, হস্টেলে গিয়েও শিশুরা থাকতে পারছে না এবং অবশেষে পাথর ভাঙার কোদালই তাদের সম্বল হয়ে দাঁড়াচ্ছে। এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে- রাষ্ট্রের তরফ থেকে যদি প্রতিটি শিশুর জন্য স্থানীয় স্তরে নিরাপদ ও মানসম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করা না যায়, তবে সাধারণ মানুষ বিকল্প হিসেবে কী পাবে? পেটের টানে এবং নিরাপত্তাহীনতার ভয়ে শ্রমজীবী মায়েরা যখন নিজেদের চোখের সামনে সন্তানদের পাথর খাদানে কাজ করাতে নিরাপদ বোধ করেন, তখন একটি রাষ্ট্রের সামাজিক নিরাপত্তার ব্যর্থতার এক জীবন্ত দলিল হয়ে ওঠে ।

​পাঁচামীর মতো অর্থনৈতিকভাবে সংবেদনশীল ও শিল্পভিত্তিক অঞ্চলে শিশুশ্রমের শিকড় অনেক গভীরে। এই অঞ্চলের অর্থনীতি মূলত অসংগঠিত পাথর উত্তোলনের ওপর নির্ভরশীল। কিন্তু এই বিশাল শিল্পাঞ্চল থেকে আসা রাজস্ব বা লাভের সুফল স্থানীয় শ্রমিক পরিবারগুলির কাছে পৌঁছায় না। উলটে বঞ্চনা, অপুষ্টি এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি (যেমন সিলিকোসিস বা ফুসফুসের রোগ) তাদের নিত্যসঙ্গী।

​রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে এই সমস্যা সমাধানের জন্য যে দূরদর্শী পরিকল্পনা বা কঠোর নজরদারির প্রয়োজন ছিল, তার অভাব স্পষ্ট। শাসক বা বিরোধী— উভয় শিবিরই যখন কাঠামোগত সংস্কারের চেয়ে ভোটমুখী রাজনীতির ওপর বেশি জোর দেয়, তখন শিক্ষার মতো মৌলিক অধিকার উপেক্ষিত থেকে যায়। মিড-ডে মিল বা পোশাক বিতরণের মতো প্রকল্পগুলি কাগজে-কলমে থাকলেও যখন শ্রেণিকক্ষে শিক্ষকই থাকেন না, তখন সেই প্রকল্পগুলি অর্থহীন হয়ে পড়ে।

​পা পাঁচামীর পাথর ভাঙার এই ছবি আমাদের গণতন্ত্র ও সংবিধানের মৌলিক অধিকারের প্রতি এক চরম উপহাস। সংবিধানের ২১ক ধারা অনুযায়ী ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা পাওয়ার কথা। অথচ পাঁচামীতে শিশুশ্রমের এই রমরমা প্রমাণ করে যে নীতি প্রণয়ন এবং তার বাস্তবায়নের মধ্যে ব্যবধান আকাশচুম্বী।

​যে বয়সে শিশুদের হাতে খাতা-কলম ও বই থাকার কথা, সেই বয়সে যদি তাদের হাতে পাথর ভাঙার হাতুড়ি তুলে নিতে হয়, তবে তা একটি প্রগতিশীল সমাজের কাছে লজ্জাজনক। রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সক্রিয়তা ছাড়া এই অন্ধকার থেকে শিশুদের ফিরিয়ে আনা অসম্ভব।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.