এগিয়ে আসছে দুর্গাপূজা। ১৯০৫-এর বঙ্গভঙ্গ নিয়ে রাজনৈতিক উত্তাপ তখন তীব্র। বরিশালের অশ্বিনীকুমার দত্তের আগ্রহে নাটক ‘মাতৃপূজা’ রচনা করলেন চারণকবি। সপ্তমীতে বরিশালের নবগ্রামে মঞ্চস্থ হলো ‘মাতৃপূজা’, সঙ্গে মুকুন্দ দাসের দেশাত্মবোধক গান।
‘মাতৃপূজা’ নাটকটি বাজেয়াপ্ত করে বছর সাতাশের মুকুন্দ দাসের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ আনলেন ব্রিটিশ শাসক। সাজা—আড়াই থেকে তিন বছরের সশ্রম কারাদণ্ড। ১৯০৮-এ মুক্তি পাওয়ার আগেই স্ত্রী সুভাষিনী দেহ রাখলেন। গণনায়ক এরপরও ফিরলেন মঞ্চে, গানে। অমন তীব্র কণ্ঠে দেশমায়ের প্রতি ভালোবাসা যাঁর, দিল্লির জেল তাঁর বিষাদ বাড়াবে! ক্ষণিকের দূরত্বে গানের আসরে তাঁর গান যে ঝড় তুলবে—সময় তা জানত।

১৮৭৮, রবীন্দ্রনাথ তখন আঠারোর তরুণ। মধ্য চল্লিশে বঙ্কিমচন্দ্র। ১৮৭৬-এর মন্বন্তরের রেশ চলছে বৃহৎ বাংলায়। ইতিমধ্যে ৮০-৮২ লাখের মতো মানুষ মারা গেছেন মন্বন্তরে। নীলবিদ্রোহ শেষ হওয়ার ১৮ বছর পর মঞ্চে দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ ও উপেন্দ্রনাথ দাসের ‘চা-কর দর্পণ’ অভিনীত হচ্ছে। ঔপনিবেশিক শোষণের চিত্র ফুটে উঠছে নগরে, গ্রামে, চিন্তায়। ‘স্ববিরোধী স্বৈরাচারী’ কেশবচন্দ্রের অবস্থানের অভিযোগে ভেঙে যাচ্ছে ব্রাহ্মসমাজ। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এবং উমেশচন্দ্র দত্তের মতো তরুণ নেতারা ১৮৭৮ সালে সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করলেন, যা বাংলার নবজাগরণ এবং বুদ্ধিবৃত্তিক চর্চায় গণতান্ত্রিক ও যুক্তিবাদী সংস্কৃতির এক নতুন ধারা তৈরি করল। বরিশালের অশ্বিনীকুমার দত্ত তখন বছর বাইশের যুবক, পড়ছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। সে বছর শ্যামাসুন্দরীর কোলে এলেন যজ্ঞেশ্বর।
২২ ফেব্রুয়ারি ১৮৭৮, বিক্রমপুরের বানারি গ্রামে জন্ম হয় যজ্ঞেশ্বরের। বাবা গুরুদয়াল দে, মা শ্যামাসুন্দরী। ডাকনাম—যজ্ঞ্বা। পদ্মায় গ্রাম ডুবে যাওয়ার পর গুরুদয়াল চাকরিস্থল বরিশালে পাকাপাকি চলে যান। এখানকার ব্রজমোহন স্কুলে পাঠ শুরু হয় যজ্ঞার। প্রাথমিক ভাবে শুনে গান রপ্ত করলেও বৈষ্ণব সাধক রামানন্দ অবধূতের কাছে তালিম শুরু করেন যজ্ঞেশ্বর। সালটা ১৮৯৭, যজ্ঞ্বা তখন উনিশের। এই বয়সে নিয়মিত বরিশালের ‘হিতৈষী’ পত্রিকায় লিখছেন, যাত্রা গানে রীতিমতো সাড়া ফেলেছেন। শখানেক গান নিয়ে একটি বই রচনাও করে ফেলেছেন মুকুন্দ দাস।

১৮৯৭, অশ্বিনীকুমার দত্ত তখন চল্লিশ পার করেছেন মাত্র। তাঁদের পারিবারিক জমিতে বাবা ব্রজমোহন দত্তের নামের স্কুলের পৃষ্ঠপোষক তিনিই, ১৮৮৪ সালে স্কুলটির প্রতিষ্ঠাতা তিনিই। সেই স্কুলের ছাত্র মুকুন্দ দাস। আধুনিক বরিশালের রূপকার, জাতীয়তাবাদী নেতা অশ্বিনীকুমারকে জনকল্যাণ ও উন্নয়নমূলক কাজের জন্য ‘মহাত্মা’ অভিহিত করা হয়। দুর্নীতি, সামাজিক গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে নিবেদিতপ্রাণ ছিলেন মহাত্মা। ১৯০৫-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুখোমুখি হলেন বরিশালের দুই যুগমানব। বরিশাল টাউন হলে অশ্বিনীকুমার দত্তের অগ্নিগর্ভ ভাষণে মুকুন্দ দাস গভীরভাবে অনুপ্রাণিত হন। অশ্বিনীকুমার দত্তকে রাজনৈতিক গুরু মেনে স্বদেশি আন্দোলনে যোগ দেন। ১৯০৫, বহুপথ পার করা অশ্বিনীকুমার দত্ত তখন ৪৯, মুকুন্দ দাস ২৭ বছরের যুবক।
ইতিমধ্যে মুকুন্দ দাসের নাম ছড়িয়ে পড়েছে—‘ছেড়ে দাও রেশমি চুড়ি’, ‘বান এসেছে মরা গাঙে’, ‘আয়রে বাঙালি আয় সেজে’, ‘অগ্নিময়ী মায়ের ছেলে’, ‘ভাইরে মানুষ নাই রে দেশে’, ‘দশ হাজার প্রাণ’, ‘মা আমার বিশ্বরানী’…। প্রতিবাদী সভা, যাত্রার মঞ্চ বা গানের আসর থেকে ক্রমেই ছড়িয়ে পড়ছেন মুকুন্দ দাস। এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালীন মহাত্মা অশ্বিনীকুমার দত্তের নির্দেশে ‘মাতৃপূজা’ নামের যাত্রাপালা রচনা করেন তিনি। সেবারের দুর্গাপূজার সপ্তমীতে নবগ্রামে যাত্রা মঞ্চস্থ হলে ব্রিটিশ পুলিশ তাঁকে গ্রেফতার করে। দিল্লির জেলে পাঠানো হলো তাঁকে। গণগায়ক হলেন ব্রিটিশ-রাজদ্রোহী।
ব্রিটিশ সরকার ‘মাতৃপূজা’ নাটকটি বাজেয়াপ্ত করে। জেল থেকে ছাড়া পাওয়ার পর চলতে থাকে গানের পালা। রবীন্দ্রনাথ তাঁকে ‘চারণ-সম্রাট’ উপাধি দেন। নজরুল বলতেন, ‘বাংলা মায়ের দামাল ছেলে।’ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, সুভাষচন্দ্র বসু ও অন্যদের প্রেরণায় পুনরায় একের পর এক রচনা করেন চারণকবি। ১৯১৬ সালে দেশবন্ধুর ডাকে কলকাতায় ইউনিভার্সিটি ইন্সটিটিউটে যাত্রাপালা মঞ্চস্থ করেন। ১৯২১-এ অসহযোগ আন্দোলনে ছিলেন সামনের সারিতে। ১৯৩০-এ সরাসরি আইন অমান্য আন্দোলনে যোগ দেন। ১৮ মে শুক্রবার, ১৯৩৪, মুকুন্দ দাস প্রয়াত হন।

আটের দশকে আমাদের বড় হয়ে ওঠা। অনেক বড় হয়ে জেনেছি, আমার দাদু শশিভূষণ দাসসহ আমাদের উদ্বাস্তু কলোনির বেশ কয়েকজন মুকুন্দ দাসের অনুচর ছিলেন। সারা বাংলার মতো শৈশবে আমাদের নীলপুর বাজারে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ও নেতাজি জয়ন্তীতে মাইকে বাজত মুকুন্দ দাসের গান, শিল্পী সবিতাব্রত দত্ত। নানান গানের মাঝে ‘ভয় কি মরনে, ডাকিছে সন্তানে / মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে’ বেজে উঠত। প্রাত্যহিক বাজার চলতে থাকত। কারিগর, দোকানি, খেলার মাঠ—যেন নিজের মতো চলছে! সবিতাব্রত হয়ে গেয়েই চলেছেন চারণকবি—
‘‘ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে॥ তাথৈ তাথৈ থৈ দ্রিমী দ্রিমী দং দং, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। দানব দলনী হয় উন্মাদিনী, আর কি দানব থাকিবে বঙ্গে॥ সাজ রে সন্তান হিন্দু মুসলমান থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ। লয়ে কৃপাণ হও রে আগুয়ান, নিতে হয় মুকুন্দেরে নিও গো সঙ্গে।’’
কী প্রবল সেই উচ্চারণ! যেন গাজির গানে বৈঠা টেনে যুদ্ধে চলেছেন মাতঙ্গী। ‘মাতৃপূজা’ কার হে স্বদেশ? মায়ের এই কী রূপ! অতঃপর দানব দলনী উন্মাদিনী হলেন। এ যেন রবীন্দ্রনাথের সেই ‘স্বদেশী আত্মা’! প্রলয়ঙ্করী কালী ভর করেছেন মুকুন্দ দাসের মনে! গাইছেন, গেয়েই চলেছেন—‘সাজ রে সন্তান হিন্দু মুসলমান / থাকে থাকিবে প্রাণ না হয় যাইবে প্রাণ।’
৯২ বছর আগে স্বাধীনতার তীব্র স্বপ্নে বিভোর গণগায়ক বিদায় নিয়েছেন। দেশভাগ আর স্বাধীনতা যেন একের বদলে আরেক পাওয়া—এই আমরা বাংলাভাষীরা পূবে-পশ্চিমে, হিন্দু-মুসলমানে, সংখ্যাগুরু-সংখ্যালঘুতে, সঙ্ঘ-জামাতে বিভক্ত। বিচ্ছিন্নতার নানান ফিকির আর অঙ্ক আছে। মুকুন্দ দাসের এই গানের ঠাঁই আজ মৌলবাদহীন দেশ দেখতে চাওয়া মানুষের কণ্ঠে। মিলন-প্রত্যাশীর মিছিলে, বিভেদ ভাঙার গণসংগীতে। মুকুন্দ দাসের মাতঙ্গী, যোগিনী, উন্মাদিনী—গণতন্ত্র বাঁচানোর যুদ্ধে, নতুন দিন আনার লড়াইয়ে ‘হিন্দু-মুসলমান’-কে একজোট হওয়ার ডাক দেন। স্বদেশী আত্মা অপেক্ষা করে আরও এক আরম্ভের জন্য।

প্রসঙ্গত, চারণকবি মুকুন্দ দাস স্বয়ং শক্তি-উপাসক ছিলেন। বরিশালের কাশীপুরে তাঁর প্রতিষ্ঠিত স্মৃতিবিজড়িত কালীমন্দির রয়েছে। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির সঙ্গেও চারণকবি মুকুন্দ দাসের নাম জড়িয়ে আছে। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত মন্দিরটি শতবর্ষে পদার্পণ করল। পরাধীন ভারতে বিপ্লবীদের অন্যতম আস্তানা ছিল এই মন্দির। জীর্ণদশা থেকে এই মন্দিরের শ্রী ফেরাতে চারণকবি মুকুন্দ দাসের ভূমিকা আজও লোকমুখে ঘোরাফেরা করে। সম্প্রতি মন্দিরে চারণকবি মুকুন্দ দাসের একটি আবক্ষ মূর্তি উন্মোচিত হয়েছে।

