ফের চর্চায় বাগেশ্বর বাবা ৷ উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার কুণ্ডায় আয়োজিত একটি ‘রামকথা’ অনুষ্ঠান আসন্ন নির্বাচনের আগে বড় রাজনৈতিক বার্তা দিয়েছে। কুণ্ডার প্রভাবশালী বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং (রাজা ভাইয়া) এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এতে প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রী।
এই অনুষ্ঠানে হিন্দুদের এক হওয়ার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। বিধায়ক রাজা ভাইয়া জাতপাত ভুলে সবাইকে মিলেমিশে থাকার ডাক দিয়ে ‘আমরা সবাই হিন্দু ভাই-ভাই’ স্লোগান দেন। এ ছাড়া, পাকিস্তান থেকে আসা হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবিও সেখানে তোলা হয়। রাজনীতির বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের আগে হিন্দু ভোট একজোট রাখতেই এই ধর্মীয় মঞ্চ ব্যবহার করা হয়েছে।
এই অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল, আলাদা আলাদা দলের বড় রাজপুত নেতাদের একসাথে যোগ দেওয়া। প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, নেতা ধনঞ্জয় সিং এবং সমাজবাদী পার্টির কিছু বিদ্রোহী নেতাও এই অনুষ্ঠানে এসেছিলেন।
গত নির্বাচনে পশ্চিম উত্তরপ্রদেশের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ রাজপুত হওয়া সত্ত্বেও প্রথম ও দ্বিতীয় দফার ১৬টি আসনের মধ্যে বিজেপি মাত্র একজন রাজপুত প্রার্থী (মোরাদাবাদে কুনওয়ার সর্বেশ সিং) দিয়েছিল। গাজিয়াবাদ থেকে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি. কে. সিং-কে বাদ দেওয়া এবং ফতেহপুর সিক্রিতে রাজপুত ভোটারদের আধিক্য থাকা সত্ত্বেও জাঠ প্রার্থী দেওয়ায় সম্প্রদায়টি ক্ষুব্ধ হয়। গুজরাটের রাজকোটের বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী পরশোত্তম রূপালার একটি মন্তব্যে ক্ষত্রিয় সমাজের আত্মসম্মানে আঘাত লাগে। ব্রিটিশদের সঙ্গে ক্ষত্রিয়দের বৈবাহিক ও সামাজিক সম্পর্ক নিয়ে করা তার মন্তব্যের আঁচ গুজরাট ও রাজস্থান পেরিয়ে উত্তরপ্রদেশেও ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদের ঝড় ওঠে৷
এই পরিস্থিতির পর থেকে উত্তরপ্রদেশের রাজপুত সমাজের মধ্যে যে রাগ বা ক্ষোভ তৈরি হয়েছিল, এই অনুষ্ঠানের মাধ্যমে তা মেটানোর চেষ্টা করা হয়েছে। সব দলের রাজপুত নেতারা এক জায়গায় এসে এটাই বোঝাতে চেয়েছেন যে, উত্তরপ্রদেশের রাজনীতিতে তাঁদের শক্তি ও একতা এখনও আগের মতোই আছে।
অনুষ্ঠানস্থলের চারপাশে লাগানো কিছু ব্যানার নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। সেই ব্যানারগুলোতে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেশের ‘প্রধানমন্ত্রী’ এবং রাজা ভাইয়াকে উত্তরপ্রদেশের ‘মুখ্যমন্ত্রী’ হিসেবে দেখার কথা লেখা ছিল। সমর্থকদের আবেগ থেকেই হয়তো এই ব্যানার করা হয়েছে, তবে এর পেছনে রাজনীতির অঙ্কও রয়েছে। এর মাধ্যমে একদিকে যোগী আদিত্যনাথের প্রতি সমর্থন জানানো হয়েছে, আর অন্যদিকে রাজ্যের রাজনীতিতে রাজা ভাইয়া যে কতটা গুরুত্বপূর্ণ, তা-ও বুঝিয়ে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে, সামনের নির্বাচনের আগে উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানগুলো এখন রাজনীতির বড় মাধ্যম হয়ে উঠেছে। কুণ্ডার এই রামকথা যেমন হিন্দু ঐক্যের প্রচার করেছে, তেমনই রাজপুত নেতাদের একজোট করে নির্বাচনে নিজেদের শক্তি জানান দেওয়ার কাজও করেছে।

