যে বুকে মাথা রেখে নিশ্চিন্ত হওয়ার কথা ছিল, যে ঘর ছিল স্বপ্নের গন্তব্য, সে ঘরই হল কারাগার—বা মৃত্যুর ঠিকানা। নিশ্চিন্তের বুক বা আপনজনের হাত হল রক্তাক্ত। কখনো যন্ত্রণার বাঁচা থেকে নিষ্কৃতি পেতে নিজেকেই নিতে হল আত্মহত্যার সিদ্ধান্ত। এই প্রবাহ যেন থামার নয়। তালিকায় যেমন প্রত্যন্ত এলাকার মেয়েটি আছেন, তেমনি আছেন পেশাদার দুনিয়ার অভিজাত কেউ। আছেন ভালোবেসে উজাড় হয়ে যাওয়া মেয়েটি, বা স্রেফ পরিবার-পরিজনের কুসংস্কার কিংবা বাধ্যতার শিকার। ভারতে প্রতিদিন এমন মৃত্যু হয় ১৬ জনের।
২০২৫ সালে সারা পৃথিবীতে এক বছরে ৭৮ হাজার মহিলা ও কন্যাশিশুকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। এমন মরণের শিকার হয়েছেন প্রতিদিন ১২৯ জন। এঁদের প্রায় ৬০ শতাংশের মৃত্যু হয়েছে স্বামী, জীবনসঙ্গী বা পরিবারের কোনো সদস্যের হাতে। ২০২৪ সালের বিশ্বব্যাপী তথ্য বলছে, কমবেশি প্রায় ৫০ হাজার নারী বা মেয়ে তাঁর ঘনিষ্ঠ কারও হাতে খুন হয়েছেন। খুনি কখনো স্বামী, কখনো প্রেমিক, কখনো পরিবারের অন্য কেউ। ২০২৪-এর হিসাব অনুযায়ী, প্রতি ১০ মিনিটে সারা পৃথিবীতে ১ জন মহিলা খুন হয়েছেন; প্রতিদিনের হিসাবে সংখ্যাটা ১৩৭ জন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় এবং ইউএন উইমেন কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য এমনই।
বিশ্বব্যাপী ২০২৫-এর নিরিখে আফ্রিকা মহাদেশের পরিসংখ্যান সবচেয়ে খারাপ। ২০২৫-এ সেখানে কমবেশি ২২ হাজার ১০০ জন মহিলা ও শিশুকন্যাকে ঘনিষ্ঠরা খুন করেছে। প্রতি ১ লক্ষ শিশুকন্যা ও মহিলার নিরিখে এই মৃত্যুর হার ২.৯। ক্রমান্বয়ে আমেরিকা মহাদেশে এমন অপরাধের সংখ্যা প্রায় ৭,৪০০। এশিয়ায় ১৫,১০০, ইউরোপে ২,১০০ এবং ওশিয়ানিয়ায় প্রায় ৩০০। জনসংখ্যার অনুপাতে মৃত্যুর হারে আমেরিকার পরেই ওশিয়ানিয়া। এই দুই মহাদেশে প্রতি ১ লক্ষ শিশুকন্যা ও মহিলার নিরিখে হত্যার হার যথাক্রমে ১.৪ এবং ১.১। এশিয়ায় হার ০.৬ এবং ইউরোপে ০.৫।
জাতিসংঘের রিপোর্ট বলছে, নির্যাতনের শিকার অনেক মহিলা নিরাপত্তার অভাব, সামাজিক বাধা এবং আইনের কাছে পৌঁছে অভিযোগ জানিয়ে উঠতে পারেন না। অথচ মহিলাদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের পিছনে বহুলাংশে লাগাতার নির্যাতন, হুমকি এবং নিয়ন্ত্রণ করার প্রবণতা কাজ করে। পরিস্থিতি জটিল হওয়ার আগেই হস্তক্ষেপ করা গেলে প্রায়শই প্রাণ বাঁচানো যায়। জাতিসংঘ জানিয়েছে, পৃথিবীতে সাধারণ হত্যাকাণ্ডের হার কমলেও মহিলাদের বিরুদ্ধে এই ধরনের হত্যাকাণ্ড কমার গতি তুলনায় সামান্যই। বিশেষত, আমেরিকা ও ইউরোপে ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে সাধারণ হত্যার হার যে গতিতে কমেছে, ফেমিসাইডের হার সেই তুলনায় পিছিয়ে রয়েছে।

ভারতে পিতৃতান্ত্রিক মানসিকতা, সামাজিক কুসংস্কার এবং পারিবারিক সহিংসতার কারণে বিভিন্ন ধরনের ফেমিসাইড ঘটে চলেছে রোজ। আছে পণের দাবিতে নির্যাতন ও হত্যা। বিয়ের পর স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের অতিরিক্ত যৌতুকের দাবি মেটাতে না পারায় বহু নারীকে পুড়িয়ে, বিষ খাইয়ে বা শারীরিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, ভারতে পণের দাবিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। ২,০৩৮টি মামলা পাওয়া গেছে উত্তরপ্রদেশে। সারা দেশে মোট ৫,৭৩৭টি পণজনিত মৃত্যুর ঘটনার মধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি ঘটেছে শুধুমাত্র এই রাজ্যেই। আছে আত্মহত্যায় প্ররোচনা। ক্রমাগত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে অনেক নববধূ আত্মহত্যা করতে বাধ্য হন, যা আইনগতভাবে পণজনিত মৃত্যুর আওতায় পড়ে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র তথ্য অনুযায়ী, ভারতে প্রতিবছর হাজার হাজার নারী যৌতুকের কারণে প্রাণ হারান। উত্তরপ্রদেশের পর তালিকায় আছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান ও পশ্চিমবঙ্গ। দেশের মোট পণজনিত মৃত্যুর অর্ধেকেরও বেশি, প্রায় ৫৪%, ঘটেছে শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং বিহারে। জনসংখ্যার অনুপাতে প্রতি ১ লক্ষ নারীর মধ্যে মৃত্যুর হার উত্তরপ্রদেশে ১.৮ এবং বিহারে ১.৭। ২০২৪ সালের পণজনিত মৃত্যুর সংখ্যার নিরিখে পঞ্চম স্থানে থাকা পশ্চিমবঙ্গে ৩৩৭টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লিতে পণের জন্য মৃত্যুর হার সবচেয়ে বেশি। সেখানে ১০৯টি মামলায় ১১১ জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর হার প্রতি লক্ষে ১.১ থেকে ১.৪-এর মধ্যে। সাকুল্যে, ২০২৪-এর হিসাব বলছে, প্রতিদিন সারা ভারতে পণের বলি হয়েছেন ১৬ জন।
জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর ২০২৪ সাল পর্যন্ত প্রকাশিত তথ্য বলছে, সারা ভারতে সে বছর ২৭ হাজার ৪৯ জন মহিলা, শিশুকন্যা ও কিশোরী খুন হন। এঁদের ৬,৯০০ জনের বয়স ১৮ বছরের বেশি। ১,৭৮৬ জনের বয়স ৬ বছরের কম। হত্যার সময় ১৬৯ জনের বয়স ছিল ছয় থেকে ১২। খুনের সময় ১২ থেকে ১৬ বছর বয়স ছিল ১৫৩ জনের। ২০২৪ সালে ১৬ থেকে ১৮ বছর বয়সি ১৩৫ জন যুবতীর হত্যা হয়েছে। ওই বছর ঘনিষ্ঠমহলে ধর্ষণ করে খুনের ঘটনা ২৭৪। পণের দাবিতে মৃত্যুর সংখ্যা ৫,৮১১টি।
জাতিসংঘের মহিলা শাখার অন্যতম পরিচালক সিমা বাহুস মনে করেন, যাতে মহিলারা নির্যাতনের বিষয়টি থানায় গিয়ে জানাতে পারেন, সেটুকু নিশ্চিত করা সব দেশের সব প্রশাসনের কর্তব্য। বহুলাংশে দেখা গেছে, মহিলারা নির্যাতনের বিষয়টি কাউকে জানাতেই পারেননি। পরবর্তী কালে খুন হলেও যথাযথ তদন্তও হয়নি।

প্রসঙ্গত, ২৫ নভেম্বর বিশ্বব্যাপী নারীর বিরুদ্ধে হিংসা নির্মূল দিবস হিসেবে পালিত হয়। এই দিন থেকেই ১৬ দিনব্যাপী লিঙ্গ-ভিত্তিক ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি শুরু করে জাতিসংঘ। ১৯৬০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের তিনজন রাজনৈতিক কর্মী—মিরাবাল বোনদের হত্যার স্মরণে ১৯৮১ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা ও ঘরোয়া হিংসাও এর অন্তর্ভুক্ত। জাতিসংঘের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে গড়ে ৫ জন নারী প্রাণ হারান।
প্রেমের আকুলতা আছে। আছে নারী-পুরুষের যৌথ জীবনের প্রবাহ। সুখের সংসার আছে। আছে প্রিয় মানুষের সঙ্গে বাঁচার ও বংশবিস্তারের রীতি। আছে আরও অনেক কিছু। দগদগে ঘায়ের মতো আছে ঘনিষ্ঠজনের হাতে মৃত্যু। সময় এগিয়ে যায় রোজ। তবু এমন মৃত্যু জুড়ে থাকে। রোজকার জীবন বাঁক নেয়, চলতে থাকে। বিশ্বাস গড়ে ওঠে, ভাঙে। কিন্তু এই মরণের রীতি ভাঙে কই!

