লুলার প্রত্যাবর্তন : নয়া-বামপন্থা নাকি নিয়ন্ত্রিত উদারনীতিবাদ?

২৯ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

সার্গিও মোরো নামটা সকলেরই জানা। ২০১৮ সালে ব্রাজিলের অন্যতম জনপ্রিয় শ্রমিকনেতা সার্ভিও লুলা দ্য সিলভাকে ‘অপারেশন কার ওয়াশ’-এর অংশ হিসেবে এক সাজানো ট্রায়ালে, মিথ্যা মামলায় জেলে পাঠিয়েছিলেন এই বিচারপতি। লুলা সেইবার প্রেসিডেন্ট পদে প্রার্থীই হতে পারেননি। ২০১৪ সালে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসকে কেন্দ্র করে যে বিরাট দুর্নীতিবিরোধী অভিযান শুরু হয় তার অংশ হিসেবেই এই ষড়যন্ত্র করা হয়েছিল, যাতে লুলা ভোটে দাঁড়াতে না পারেন। মনে রাখতে হবে, ২০১০-এ দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদ শেষ করার পর ব্রাজিল ওয়ার্কার্স পার্টির নেত্রী দিলমা রুজেফও একটি পূর্ণাঙ্গ টার্ম ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছিলেন (২০১১ থেকে ২০১৪)।

প্রাক্তন গেরিলা যোদ্ধা ও অর্থনীতিবিদ দিলমা ছিলেন লুলার প্রত্যক্ষ রাজনৈতিক উত্তরাধিকারী। মার্কিন মদতে অতিদক্ষিণপন্থী জাইর বোলসেনারোর ক্ষমতায় আসার পথ মসৃণ করতেই প্রথমে দিলমা রুজেফ, পরে লুলাকে সরিয়ে দেওয়া হয় মসনদ থেকে। দিলমা রুজেফের বিরুদ্ধে বাজেট আইন লঙ্ঘন ও আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়। ফলত, দিলমা তাঁর দ্বিতীয় পর্যায়ের প্রেসিডেন্ট পদের মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি। ২০১৯-এ প্রখ্যাত অন্তর্তদন্তমূলক সংবাদমাধ্যম ‘দ্য ইন্টারসেপ্ট’ একটি বিরাট গোপন আর্কাইভ ও চ্যাট লগ প্রকাশ করে, যার মাধ্যমে এই বিচারবিভাগীয় ষড়যন্ত্র ও তার পিছনে দেশের লুলা-বিরোধী অতিদক্ষিণপন্থী শক্তি ও দেশের বিগ কর্পোরেটদের একাংশের মদত প্রকাশ্যে আসে। জাইর বোলসেনারো ক্ষমতায় এসেই সার্গিও মোরোকে দেশের ‘জাস্টিস মিনিস্টার’-এর পদে অধিষ্ঠিত করেন। লুলা এবং দিলমা রুজেফের নেতৃত্বে প্রায় চারটি টার্মে যে বিপুল জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করে নেওয়া হয়।

আমাজন অরণ্য দেশি-বিদেশি বিগ কর্পোরেটদের কাছে বিক্রির প্রক্রিয়া আরম্ভ হয় এবং তাঁর মার্কিন মেন্টর ডোনাল্ড ট্রাম্পের মতোই বোলসেনারোও ঘোষণা করেন—“বিশ্ব উষ্ণায়ন বলে আদতেই কিছু নেই”। দীর্ঘ চারদশকের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যে অধিকার ছিনিয়ে এনেছিল ব্রাজিলের গরিব মানুষ ও শ্রমিকশ্রেণি, তা সংকুচিত হতে থাকে। পেত্রা কোস্তা পরিচালিত অস্কার-নমিনেটেড ডকু-ফিল্ম ‘দ্য এজ অফ ডেমোক্রেসি’-তে আশির দশকের সামরিক শাসনের সময় থেকে শ্রমিকনেতা হিসেবে লুলার উত্থান ও দুর্নীতির অভিযোগে তাঁকে জেলে ঢোকানো অব্দি সময়কালের এক নিখুঁত থ্রিলারধর্মী উপস্থাপন রয়েছে। ‘নেটফ্লিক্সে’র সুবাদে গোটা দুনিয়ার মানুষের কাছে এই অজানা অধ্যায়ের পূর্ণাঙ্গ ছবি আজ পৌঁছে গিয়েছে ঘরে ঘরে।

কিন্তু ব্রাজিলের ‘ওয়ার্কার্স পার্টি’ এবং তাঁদের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি ঘিরে বিতর্ক একদম সেই আশির দশক থেকেই ছিল। ১৯৮০ সালে ব্রাজিল ‘ওয়ার্কার্স পার্টি’ গড়ে উঠেছিল মূলধারার বামপন্থী বিবিধ গ্রুপ, বিরাট বড়ো ট্রেড ইউনিয়ন আন্দোলন, একাধিক ট্রটস্কিপন্থী গ্রুপ, ক্রিশ্চান ডেমোক্র্যাটিক উপদল ও অন্যান্য প্রেসার গ্রুপের এক সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে। ১৯৬৪ থেকে আরম্ভ হওয়া সামরিক স্বৈরশাসনের অবসান ঘটে ১৯৮৫ সালে। ততোদিনে লুলা এই সামগ্রিক বাম-সমাজতান্ত্রিক লড়াইয়ের পুরোভাগে প্রতিষ্ঠিত। ১৯৯৫ থেকে ২০০২ পর্বে ব্রাজিলের রাষ্ট্রপতি ছিলেন নয়া-উদারনীতিবাদী বৃহৎ ধনকুবেরদের প্রতিনিধি ফার্নান্দো হেনরিক কার্দোসা। তাঁর সময়ে ব্রাজিলীয় জনগণের জীবনযাত্রার মান ক্রমশ তলিয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতি থেকেই লুলার উত্থান ও ২০০২-এর ভোটে জিতে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠান।

কিন্তু যদি একটু পিছিয়ে যাওয়া হয়, সেই আশির দশক এবং নব্বইয়ের দশক থেকেই কিন্তু ব্রাজিল ‘ওয়ার্কার্স পার্টি’র ( পার্টিডো দোস ট্রাবালহ্যাডর্স, সংক্ষেপে ‘পিটি’) সংযুক্ত প্ল্যাটফর্মের ভিতরেই মত ও পথ নিয়ে তীব্র বিতর্ক ছিল এবং যেকারণে দলের একাধিক অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং গোষ্ঠীকে দল থেকে থেকে বহিষ্কার করা হয়। মূল তর্ক ছিল পার্টির কর্মসূচি ও লক্ষ্য নিয়ে। পার্টির ট্রটস্কিপন্থী উপদলগুলি বারবার অভিযোগ জানাচ্ছিল লুলার বিরুদ্ধে, যে, লুলা ক্রমশই বুর্জোয়া উদারনীতিবাদের দিকে ঝুঁকে পড়ছেন এবং এর ফলে দলের বৈপ্লবিক সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে গুরুতর বিচ্যুতি ঘটছে।

মনে রাখতে হবে, ১৯৯১-এ সোভিয়েতের পতন এবং নয়া-উদারনীতিবাদের দুনিয়াজোড়া মুক্তকচ্ছ আগ্রাসন শুরু হবার আগে সত্তর এবং আশির দশকেই কিন্তু লাতিন আমেরিকার দেশে দেশে পুতুল সরকার বসিয়ে এই তীব্র দক্ষিণপন্থী রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা চাপিয়ে দিতে শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের গোয়েন্দা নেটওয়ার্ক সিআইএ। ১৯৭৩-এ চিলিতে সালভাদোর আলেন্দে সরকারকে জেনারেল পিনোচেতের নেতৃত্বে সামরিক ক্যু ঘটিয়ে ফেলে দেওয়া এবং কুখ্যাত ‘শিকাগো বয়েজ’ অর্থনীতিবিদদের নেতৃত্বে মিল্টন ফ্রিডম্যানের অর্থনৈতিক ‘শক্‌ থেরাপি’র প্রয়োগও শুরু হয়ে গিয়েছিল। ১৯৮৯-এ নিকারাগুয়ায় ‘সান্দিনিস্তা’ সরকার ফেলে দেবার মাধ্যমে মার্কিন শক্তি তাদের ‘ব্যানানা রিপাবলিক’ তৈরির প্রকল্পকে আরও জোরদার করে। এই সামূহিক ঘটনাবলি ও সোভিয়েতের পতন ব্রাজিলের লুলা ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদেরও নতুন করে ভাবতে বাধ্য করছিল।

দলের কট্টরপন্থী অংশের বিরোধিতাকে আমল না দিয়ে লুলা তাঁর নিজস্ব পথ বেছে নিয়েছিলেন। ১৯৮৩ সালে ‘মোরেনোপন্থী’ নামের একটি গোষ্ঠীকে বহিষ্কার করা হয়। সেনেটর হেলোইসা হেলেনা, যাঁর একটা বিরাট ভূমিকা ছিল স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্ডারগ্রাউন্ড লড়াই পরিচালনার, তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়। উল্টোদিকে, ট্রটস্কিপন্থীদের মধ্যেই দুজন নেতা, মিগুয়েল রোসেত্তো বা রাউল পন্ট, তাঁরা কিন্তু নিজেদের পুরোনো কট্টরপন্থী অবস্থান থেকে সরে আসেন এবং লুলার মন্ত্রীসভায় গুরুত্বপূর্ণ পদে কাজ করতে থাকেন।

২০০৪ সালে, যখন লুলা প্রথমবার সরকার পরিচালনা করছেন, জেমস পেট্রাসের মতো প্রসিদ্ধ মার্কিন লাতিন আমেরিকা বিশারদ তো ঘোষণাই করেছিলেন, লুলার সরকার আরেকটি দক্ষিণপন্থী বুর্জোয়া সরকার ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ, যারা অত্যন্ত সরল বিশ্বাসে মনে করেছেন লুলার ‘ওয়ার্কার্স পার্টি’র সরকার একুশ শতকে এক নয়া-বামপন্থী সমাজতান্ত্রিক সরকার চালাচ্ছেন, তাঁরা, লুলার পার্টি ও সরকারের কাজকর্মের বিশেষত্ব সম্পর্কে যথেষ্ট তলিয়ে ভাবছেন না বলেই মনে হয়।

একথা সত্যি, একুশ শতকে ব্রাজিল, ভেনেজুয়েলা, বলিভিয়া, উরুগুয়ে, মেক্সিকোয় যে নতুন ফিকে-লাল সরকারগুলি ক্রমাগত নির্বাচনী সাফল্য পাচ্ছিল, তাদের কেউই তৃতীয় আন্তর্জাতিক উদ্ভূত রেজিমেন্টেড পুরোনো কমিউনিস্ট পার্টির ধাঁচের নয়। এদের কাঠামো অনেকটাই খোলামেলা প্ল্যাটফর্মধর্মী, বিষম অবস্থান ও বিশ্বাসের বিবিধ গোষ্ঠী এদের একটাই ছাতার নীচে নিয়ে এসেছে। উপরে আছেন এক প্রবল ক্যারিশম্যাটিক জননেতা বা নেত্রী আর নীচে একটা ঢিলেঢালা পার্টি-সংগঠন। মোটের উপর এদের গঠন অনেকটাই ‘ইনক্লুসিভ’ ধাঁচের। এবং পরস্পরবিরোধী মতামতের এই জোট একটাই পপুলিস্ট চেহারার কাঠামোর মাধ্যমে এদের একত্র করে।

কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ব্রাজিলের লুলার সরকার গোড়া থেকেই উদারনীতিবাদের নিয়ম মেনে বৃহৎ পুঁজির জন্য দরজা খোলা রেখেছে। আবার একইসঙ্গে কর্পোরেট-রেভিনিউ বাড়িয়ে সেই টাকায় বিপুল সামাজিক সুরক্ষামূলক অজস্র প্রকল্প চালিয়ে গেছে। ২০০২ সালে লুলার জোটের ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন ব্রাজিলের অন্যতম বৃহৎ পুঁজিপতি উদারপন্থী নেতা হোসে আলেনকর। শ্রমিক-ক্ষেতমজুর-গরিব মানুষের ভোট যেমন লুলার পাখির চোখ ছিল, তেমনই বিগ কর্পোরেট ও মার্কিন পুঁজিপতি লবিকে তিনি একইসঙ্গে নিজের হাতে রাখতে বদ্ধপরিকর ছিলেন। ‘ব্রাজিলের জনগণের উদ্দেশে’ নামে যে দলিলটি তাঁরা প্রচার করেন, তাতে পরিষ্কার বলা হয়েছিল, বেসরকারি ব্যাংকের আধিপত্য কোনওভাবেই আক্রান্ত হবে না। ওয়ার্ল্ড ব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে পূর্ববর্তী দক্ষিণপন্থী রাষ্ট্রপতি কার্দোসার নীতির কোনও গুরুতর রদবদলও করা হবে না। ব্রাজিলের বিশাল ক্ষেতমজুর সংগঠন এমএসটি- র প্রত্যাশা ছিল, ওয়ার্কার্স পার্টি ক্ষমতায় এলে বিরাট জমিদারি বা ল্যাটিফুন্ডিয়ার জমি বাজেয়াপ্ত করে সমবায় গঠন করা হবে। কিন্তু লুলা জোর দেন বড়ো জমিদারির মাধ্যমে রপ্তানিমুখী কৃষি উৎপাদনের উপর। বিশ্বায়ন ও উদারীকরণের বাস্তবতাকে মেনে নিয়েই লুলা তাঁর পথ চলা শুরু করেছিলেন।

তাহলে লুলার একুশ শতকীয় সমাজতন্ত্রের সামাজিক সুরক্ষার গ্রহণযোগ্য উপাদান গুলো ঠিক কী? ব্রাজিলের বিরাট অর্থনীতির সুযোগ নিয়েই লুলা একাধিক ক্ষেত্রে আন্তর্জাতিক দরকষাকষির কাজ চালিয়ে যান। বিশ্ব বাণিজ্য সংস্থার কানকুন সম্মেলনে (২০১০) ব্রাজিলের উদ্যোগেই বৃহৎ পুঁজিবাদী দেশগুলোর চাপের কাছে অন্য দেশগুলো মাথা ঝোঁকায়নি। লুলা প্রকাশ্যেই ঘোষণা করেছিলেন—”আমাদের লেনিনবাদ জানার দরকার নেই, আমরা ব্রাজিলের সংবিধান মেনেই কাজ করব”। এবং এক্ষেত্রে সামাজিক উদারপন্থা ও নয়া উদারনীতিবাদের প্রতি বাস্তবমুখী আপসের এক অভূতপূর্ব ভারসাম্য তিনি তাঁর তৃতীয় দফার শাসনকালে রক্ষা করেছেন

এই ভারসাম্য রক্ষার নীতিটিই ‘রাজকোষীয় শৃঙ্খলা’ বা ‘ফিসক্যাল ডিসিপ্লিন’-এর সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ারের মিশ্রণ ঘটিয়েছে। বিশেষত, পারিবারিক আর্থিক সুরক্ষা কর্মসূচি হিসেবে ‘বলসা ফ্যামিলিয়া’কে ঢেলে সাজানো হয়েছে। মাসিক সাহায্য ৬০০ রিয়াল থেকে বাড়িয়ে ৬৯১ রিয়াল করা হয়েছে। ন্যুনতম মজুরিকে মুদ্রাস্ফীতি হারের চেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি করা, নিম্ন ও মধ্যবিত্তের উপর আয়করের বোঝা কমানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ‘দেজেনরোলা ব্রাজিল’ প্রকল্প চালু রাখা, গৃহহীন নিম্নবিত্তের জন্য ‘মনসা কাসা, মিনসা ভিদা’ (আমার ঘর, আমার জীবন) প্রকল্পের মতো অজস্র সামাজিক সুরক্ষা ব্যবস্থা চালু রেখেছে লুলা সরকার। ২০২৩ সালের মধ্যে ব্রাজিলের জিডিপি ঘাটতি দুই শতাংশের থেকে কমিয়ে ০.৬ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দেশের দারিদ্রের হার সর্বকালের চেয়ে কম স্তরে নামিয়ে আনা গেছে। অর্থাৎ লুলা যেটা চাইছেন তা হল উদারীকরণের সুফলগুলোকে হাতিয়ার করেই সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানো এবং দারিদ্রের সঙ্গে লড়াই করা। সবচেয়ে বড়ো প্রতিশ্রুতি পালন সম্ভবত ব্রাজিলের আমাজন অরণ্য, যা বোলসেনারোর আমলে প্রায় বিক্রি হয়ে যেতে বসেছিল, তাকে রক্ষা করার দৃঢ় অঙ্গীকার। এবারের প্রথম দফার ভোটে জুনিয়র বোলসেনারো ফ্ল্যাভিও ২ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু দ্বিতীয় দফার ভোটে দেশের অসংখ্য ছোটো-বড়ো অতিবামপন্থী গ্রুপ থেকে আরম্ভ করে পরিবেশকর্মীদের সংগঠন, এনজিও, এলজিবিটিকিউ সম্প্রদায়-সহ এক বিরাট সামাজিক শক্তি লুলাকে সমর্থন করেছেন, যা লুলার জয় নিশ্চিত করেছে।

অর্থাৎ, যাকে ব্রাজিলের ‘নয়া-বামপন্থা’ বলে মনে করা হচ্ছে, তা আসলে একধরনের নিয়ন্ত্রিত উদারনীতিবাদ। এবং তৃতীয় বিশ্বের দেশগুলির নিজস্ব বাস্তবতায় এটাই হয়ে উঠতে পারে উন্নয়নের নতুন মডেল, যা লুলা প্রয়োগ করেছেন তাঁর দেশে।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.