25 years of Lagaan: ‘লাগান’-এর আড়াই দশক! কেবল ছবি নয়, অধিকার বুঝে নেওয়ার প্রখর দাবি

৫৯ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

বব ডিলানের একটি বিখ্যাত উক্তি রয়েছে, ‘The battle of life is won by those who believe they can win it’. অর্থাৎ শেষ পর্যন্ত জয়ী তারাই হয়, যারা বিশ্বাস করে তারা জিতবে। আড়াই দশক আগে তৈরি হওয়া এমনই এক বিশ্বাসের নাম ‘লাগান’। তাই Dhurandhar বা The Revenge of Dhurandhar-এর যুগে আজও একইভাবে প্রাসঙ্গিক ২৫ বছর আগের একটি ছবি।

১৮৯৩ সালের ব্রিটিশ শাসিত ভারতের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির মুকুটে পরবর্তীতে পালক জুড়েছে বহু। অস্কারের জন্যও মনোনীত হয়েছিল। কিন্তু এই ছবি তৈরির সময় প্রযোজক খুঁজতে কালঘাম ছুটে গিয়েছিল পরিচালক আশুতোষ গোয়ারিকরের। ছবির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছিলেন গীতিকার জাভেদ আখতার। বলেছিলেন ফ্লপ হওয়ার সমস্ত এলিমেন্টই রয়েছে এই ছবিতে। অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন হৃতিক রোশন থেকে শাহরুখ খান!

অবশ্য প্রশ্ন উঠবে নাই বা কেন? সালটা ২০০১। সেই সময় বলিউডে একের পর এক ব্লকবাস্টার ছবিতে ভরপুর অ্যাকশন, ফ্যামিলি ড্রামা, কমেডি। Kaho Naa… Pyaar Hai, Mohabbatein, Hera Pheri-র মতো ছবির নাম, গান তখন মানুষের মুখে মুখে ফিরছে। সুপারহিট হচ্ছে হৃতিকের হুকস্টেপ। সেখানে রাজস্থানের গ্রামের প্রেক্ষাপটে তৈরি একটা ছবিতে নায়কের পরনে থাকবে ছাপোষা ধুতি, সুতির ফতুয়া, পাগড়ি – দর্শক ‘খাবে’ তো?

মনে সংশয় থাকলেও পরিচালক আশুতোষের ছবির চিত্রনাট্য আর জেদের উপর বিশ্বাস রাখলেন আমির খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার গুরুদায়িত্বও নিলেন নিজের কাঁধে। নিজেকে ভেঙে, গড়ে তৈরি করলেন ভুবনকে। আর সেই ভুবনই ছিনিয়ে আনল ভুবনজোড়া সাফল্য।

লাগানের গল্প মনে করিয়ে দেওয়ার মতো ধৃষ্টতা এই লেখার নেই। কস্মিনকালেও সিনেমা না দেখা মানুষকে পছন্দের সিনেমার নাম জিজ্ঞেস করলে, ফিরে ফিরে আসে লাগানের নাম। কারণ এটি কেবল একটি ছবি নয়, এটি একটি সময়ের দলিল। একটি আত্মমর্যাদার গল্প, শাসকের চোখে চোখ রেখে এই ইঞ্চি মাটি না ছেড়ে যাওয়ার অঙ্গীকার।

ছবি এগোচ্ছে ভারতের এক কাল্পনিক গ্রাম চম্পানকে ঘিরে। দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে গ্রামের মাটি ফেটে কাঠ। এই প্রসঙ্গে আরও একটি গানের কথা না উল্লেখ করলেই নয়! বাংলার খরা, কৃষকদের দুর্দশা নিয়ে তৈরি হয়েছিল গিরিন চক্রবর্তীর সুর, জালাউদ্দিনের লেখা একটি গান, ‘ আল্লাহ মেঘ দে, পানি দে…’, গেয়েছিলেন আব্বাসউদ্দিন। একই প্রেক্ষাপটে ২০০১ সালে AR. Rahman-এর সুর, জাভেদ আখতারের কথায়, উদিত-অলকা-শানদের কণ্ঠে তৈরি হল আরও একটি কালজয়ী গান ‘ঘনন ঘনন’। ছবির শুরুতে এই একটি গানেই বুঝিয়ে দেওয়া হল কৃষআব্বাসউদ্দিনকদের দুরবস্থার কথা। কালো মেঘ জমতে দেখে বৃষ্টি আসার আনন্দে নেচে ওঠা ‘চাষাদের আশা’ আর পূরণ হল না। ফের মেঘ কেটে মাথা তুলল প্রখর রোদ।

গরিব চাষীদের ঘরে ফসল উঠছে না, অথচ ‘লাগান’ (ভূমিকর) দিতেই হবে। এই তো শাসকের চিরকালীন নীতি। রুজি রুটির উল্টোদিকে দাঁতনখ বের করে দাঁড়িয়ে থাকে কখনও লাঠি, বুট, কখনওবা বুলডোজার। ব্রিটিশের এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠল ভুবন। ক্যাপ্টেন এন্ড্রু রাসেল শর্ত দিলেন – গ্রামবাসীরা যদি ক্রিকেট খেলায় ব্রিটিশ দলকে হারাতে পারে তবে ৩ বছরের জন্য মকুব লাগান। অন্যথায় দ্বিগুণ।

স্বাভাবিক ভাবেই চম্পানের গ্রামবাসীদের কাছে এই লড়াই ছিল অসম এবং অত্যন্ত কঠিন, প্রায় অপ্রতিরোধ্য। তবুও হার মেনে নেওয়ার আগে জেতার বিশ্বাসকেই বলে লড়াই। ভুবনের নেতৃত্বে জোট বাঁধল চম্পানের হিন্দু মুসলিম শিখ দলিত সব সম্প্রদায়ের মানুষ। জোট বাঁধল ভারতবর্ষ। সুভাষ চন্দ্র বসুর একটি বিখ্যাত উক্তি, স্বাধীনতা কাউকে দেওয়া যায় না, তা অর্জন করে নিতে হয়। লাগানের শেষ দৃশ্যের সেই ক্রিকেটের মাঠ ছিল রণক্ষেত্র।

পরাধীনতার শিকল ছিঁড়ে বেরোতে ভারী বুটের বিরুদ্ধে মাঠে নামল খালি পা, হেলমেটের সঙ্গে লড়ল পাগড়ি। ব্রিটিশদের অহংকার চূর্ণ হল ভুবনদের ভারতবর্ষের কাছে। তৈরি হল বলিউডের একটি শ্রেষ্ঠ মাস্টারপিস, ‘লাগান’।

তবে আজ থেকে বছর পঁচিশ আগের হিট ছবির সঙ্গে হালফিলের ট্রেন্ডিং ছবির পার্থক্য বিস্তর। ফারাক রয়েছে দৃষ্টিভঙ্গি, রাজনীতি থেকে নির্মাণে। ‘চক দে ইন্ডিয়া’, ‘লাগান’, ‘স্বদেশ’-এর মতো ছবির সঙ্গে বক্সঅফিসের টক্করে নিঃসন্দেহে পাল্লা দিতে পারে ‘কাশ্মীর ফাইলস’, ‘কেরালা স্টোরি’, ‘ধুরন্ধর’। কিন্তু ‘হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিকে’র দেশ ‘ভারতবর্ষ’ সেসব ছবিতে অচেনা। সম্পূর্ণ ইতিহাস নয়, বরং ইতিহাসের থেকে খামচে নেওয়া ঘটনাকেই বড় করে দেখাতে গিয়ে ছবি হয়ে উঠল হিন্দুত্বের বিজ্ঞাপন। দেশভাগের ক্ষত মিটতে না মিটতেই, রোজ একটু একটু করে জমতে থাকা ধর্মীয় দ্বেষে ভাগ হয়ে যেতে বসল ‘ভারতবর্ষ’।

বিভেদের অচেনা সময়ে তাই ‘লাগান’কে কেবল একটি ছবি বললে ভুল হবে, এ এক প্রতিরোধের গল্প। স্বাধীনতার গল্প। একটি স্লোগান। যেখানে আপস না সংগ্রাম শুধোলে সমস্বরে উত্তর আসে, সংগ্রাম সংগ্রাম।

অন্যান্য প্রতিবেদন.