মহাকালের মনমোহিনী, মুণ্ডমালা কোথায় পেলি

৪০ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

প্রচলিত লোককথা ও ইতিহাস অনুযায়ী, আগে কালীর ধ্যান বা পুজো হলেও ঘরে ঘরে মাটির মূর্তি গড়ে আরাধনার চল ছিল না। কৃষ্ণানন্দ আগমবাগীশ দেবীকে ঘরের মেয়ের রূপে আবহন করতে চেয়েছিলেন। রামপ্রসাদ মন্ত্রতন্ত্রের বেড়া ডিঙিয়ে তাঁকে ঘরের মা-মেয়েই বানালেন। নিত্যকালী। তবু, প্রচণ্ডা, রণরঙ্গিণী, রক্তপিপাসু, যুদ্ধরতা-কালীও রয়ে গেলেন। নানান জীবন ও চর্চায় তিনি ততটাই ডাকাতের উপাস্য, যতটা সেপাইয়ের। ততটাই যোদ্ধার বা স্বাধীনতা সংগ্রামীর। শান্ত শ্যামা বা দক্ষিণা হন বা শ্মশানের কুচকুচে কালো দেবীটি, গলায় ঝুলতে থাকা ৫১টি কাটা মুণ্ড সহ তিনি সর্বত্র বিরাজে। রামপ্রসাদ পার করে আসতে আসতে শুরু হল শাক্ত-কবিদের সাধনভজন। বর্ধমানের রাজা তেজচাঁদের সভাকবি কমলাকান্ত ভট্টাচার্য সেই শাক্ত কবি – যার গানের ঝুলিতে ‘মহাকালের মনমোহিনী শ্যামা’ – ‘কেবল মেয়ে নয়। সে যে মেঘের বরণ করিয়ে ধারণ, কখন কখন পুরুষ হয়! সে যে ‘কমলাকান্তের হৃদি-সরোবরে, কমল-মাঝারে করে উদয়।’ সে এলে আসে কি ‘মুণ্ডমালা’?

আপন মনে নেচেগেয়ে চলা আদিভূতা সনাতনী, শূন্যরূপা শশীভালী – ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুণ্ডমালা কোথায় পেলি? কবির ভাবে কি স্রেফ প্রশ্ন, নাকি – তন্ত্রের অচেনা পথে আছে তার হিসেব রাখা? রামপ্রসাদ অবশ্য ৫১ মুণ্ডর একটা তত্ত্ব-তলাশ দিয়ে গেছেন আগেই –

‘যত শোন কর্ণপুটে সকল মায়ের মন্ত্র বটে। কালী পঞ্চাশৎ বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে।’

বহুকাল পর প্রশ্ন করে দ্বিধা বাড়ালেন কমলাকান্ত? পান্নালাল হয়ে বাংলার নানা প্রান্তে বাজতে থাকা শাক্তকবির গান – সরাসরি উত্তর দেয় না। বরং, গানের আবহে, সুরে মনমোহিনী আর তাঁর গলার মুণ্ডমালা – বৈপরীত্য নিয়ে দাঁড়িয়ে থাকে।

কমলাকান্ত স্থাপিত কালী প্রতিমা

“মম কণ্ঠে স্থিতং বীজং পঞ্চাশ বর্ণমদ্ভুতম্ (কামধেনু তন্ত্র)”। তন্ত্রানুসারে, কালীর গলার ৫১টি কাটা মুণ্ড আসলে সংস্কৃত বর্ণমালার ৫১টি অক্ষরের প্রতীক। এর মধ্যে ১৬টি স্বরবর্ণ এবং ৩৫টি ব্যঞ্জনবর্ণ (মতভেদে ৩৪টি)। যা সৃষ্টির আদি শব্দ বা ‘বীজাক্ষর’। দেবী কালী শব্দ ও জ্ঞানের উৎস, তাই এই বর্ণমালাকে তিনি নিজের অঙ্গে ধারণ করেন। আবার, মুণ্ডমালার প্রতিটি মাথা – অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ ও অজ্ঞানতার প্রতীক। মা কালী তার সন্তানদের অহংকার ও মোহ-রূপী মস্তক ছেদন করে তাদের মোক্ষ বা মুক্তি প্রদান করেন। দেবী সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে দেহ ৫১টি খণ্ডে বিভক্ত হয়ে ভারত উপমহাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবার গল্প সহজে জুড়ে আছে ৫১ সংখ্যার সঙ্গে। মানে ৫১ শক্তিপীঠ। কেউ কেউ মনে করেন – অনেকের মতে, কালের নিয়ন্ত্রক ‘কালী’। মানে সময় বা কাল। ৫১টি মুণ্ড সেক্ষেত্রে – সৃষ্টি, স্থিতি ও লয়ের চক্র। যা, জীবনের, সময়ের অমোঘ নিয়মকে নির্দেশ করে। তন্ত্র সাধনায় সাধকগণ মন্ত্র জপ ও ধ্যানের জন্য অনেক সময় প্রতীকী ‘নরমুণ্ড মালা’ বা ‘কপাল মালা’ বা করোটি ব্যবহার করে থাকেন।

হালিশহরের রামপ্রসাদের মৃত্যু ১৭৭৫ নাগাদ। বর্ধমানের কমলাকান্তের জন্ম ১৭৭২। শাক্তদের আলোচনায় ও আসরের গানে জীবদ্দশাতেই আলোচিত রামপ্রসাদ। ফলে, বেশ দূরে বড় হলেও – কমলাকান্তের সফর জুড়ে রামপ্রসাদ আছেন। রামপ্রসাদের অনুসারী হলেও – কমলাকান্তের গান তত্ত্বের পথে দর্শন খোঁজে। তান্ত্রিক-যোগসাধনা করতেন কমলাকান্ত।

কবি ও সাধক কমলাকান্ত

সৃষ্টিতে যুগের দায় ও পরম্পরা থাকে। সৃষ্টিকর্তা নিজেই সে পথ তৈরি করেন। সরল আকুলতা আর মায়ের কাছে সন্তানের অনুযোগ – এই যদি রামপ্রসাদের চলন হয়, কমলাকান্ত তাতে আনছেন তান্ত্রিক দর্শন এবং শাস্ত্রীয় যুক্তি। তন্ত্রের কঠিন তত্ত্বকে সুর ও বাণীর মাধ্যমে সহজ করলেন কমলাকান্ত। ‘সাধকরঞ্জন’ গ্রন্থে এবং বিভিন্ন পদে দেহের ষড়চক্র, যেমন—অনাহত চক্র, মূলাধার ও ইড়া-পিঙ্গলা-সুষুম্না নাড়ীর মাধ্যমে আধ্যাত্মিক উত্তরণের কথা তিনি লিখেছেন। সমাধি অবস্থার প্রত্যক্ষ অনুভূতি চমৎকারভাবে উঠে এসেছে। তাঁর কালী কেবল সংহারক না। পরম, ব্রহ্মময়ী। ‘শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল ও লোহিত রে/ মায়ের সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে/ শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যাকার হে।’ — যে পরম অসীমে মিলায়।

আমার ধানশহরে কান পাতলে আজও কমলাকান্ত গল্পে ভাসেন। রাজবাড়ি পার হয়ে বোরহাটে কমলাকান্তের কালীবাড়ি। একটু দূরে কৃষ্ণসায়র। একবার নাকি অমাবস্যায় সায়রের দক্ষিণ ঘাটে রাজাকে চাঁদ দেখিয়ে ছিলেন কমলাকান্ত। শাক্তকবির গল্প সে সব ঘোরেফেরে। রাজা তেজচাঁদকে নাকি প্রমাণ দিয়েছিলেন – কালীর প্রাণ আছে। আস্ত বেলকাঁটা কালীর মাটির পায়ে ফুটিয়ে দেন কমলাকান্ত। রক্ত ঝরে। রাজবাড়ি থেকে কার্জন গেট আসতে আসতে – ফৌজদারি কালী সটান দাঁড়িয়ে। কমলাকান্তের সময় থেকে আজ, ক্রমেই কালীক্ষেত্র বর্ধমান। নাগরিক প্রণাম সেরে গন্তব্যে যান। বর্ধমানের সাংস্কৃতিক মঞ্চে আজও আলাদা করে সমাদৃত কমলাকান্তের গান। নির্ঘাত তিনি জানতেন – একদিন কালীর নামে দিব্যি অজস্র শব্দে খুঁজবো বাংলার লোকজীবনের বদল, ভাবরাজ্যের ওঠানামা।

সাধক কমলাকান্ত স্থাপিত কালীবাড়ী

আড়াই দশক আগে – এমনই এক হেমন্তে – খুব ভোরে হাতজোড় করে প্রথম দিনের অপেক্ষা শেষ করেছিল এক নন্দিনী। সামনে তাঁর কালীবাজারের বড়কালী। কালী মানে বিশ্বাসীর কাছে জাগ্রতই হন! খুব কম জাতি আছে – যার উপাস্য আজও নতুন গানে সাজেন। মন্ত্র নয় – গানে যাকে গণদেবী বানিয়ে গেছেন রামপ্রসাদ, কমলাকান্ত আর নজরুল। বর্গী-হানা, পলাশীর যুদ্ধ জীবদ্দশায় দেখেছেন রামপ্রসাদ। শৈশবে মন্বন্তরের রেশ দেখা কমলাকান্ত পেলেন – চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন। দেখলেন রামমোহনের লড়াই। দেখলেন ফকির-সন্ন্যাসী বিদ্রোহ। যে আন্দোলনে উজ্জ্বল হয়ে আছে আরেক কালীসাধক ভবানী পাঠকের নাম। যে সময়কালে চলল শাক্তের শক্তি-সঞ্চয়। পরাধীনতা জাঁকিয়ে বসার দিনে – কালীর শঙ্কাহরনী, মাতঙ্গী আর স্বদেশী আত্মা হতে তখনও দীর্ঘপথ বাকি। তার আগে চলল আরও এক ব্যক্তি ও সমষ্টির নির্মাণ। ভাব আছে তাতে, আছে ভক্তির পরিচিত পথ। আর আছে – বাংলা গানের নয়া গহীন ও নিবিষ্ট যাত্রা। সাধক ছাড়া – সুরে মেশে কি যুগের আর্তি, সময়ের প্রার্থনা? ‘…জনমের সাধ ডাকি গো মা তোরে/ কোলে তুলে নিতে আয় মা/ সকলই ফুরায়ে যায় মা/ আমার সাধ না মিটিলো’! এ তীব্র আর্তি কোথায় পেলেন কমলাকান্ত? যে আর্তিতে মিশে যায় বাঙালির কালীগানের সমস্ত প্রেরনা, সমস্ত শূন্যতা! আজও, নতুন একটা কালীগানে ঠেস দিতে চাওয়া সুরকার-গীতিকার যেন – নানাভাবে বলছেন – ‘এ পৃথিবী ভাল বাসিতে জানেনা/যেথা আছে শুধু ভাল বাসাবাসি/ সেথা যেতে প্রাণ চায় মা/সকলই ফুরায়ে যায় মা…’। অভিমানও কি আছে কিছু? বিষাদ, অপূর্ণতা, বেদনা? এসব আসলে এক পরম কালীর নির্মাণ! লোকায়ত, ঘরের, রোজকার, সেই মূর্তি – যার কাছে অভিমান আর ব্যর্থতা কান্না-হাসি পাশাপাশি রাখা যায়। জাগতিক যন্ত্রণার মুক্তি শুধু মৃত্যুতে? কঠিন বাঁচার ভার ও ভাগ রাখা রইল সদানন্দময়ীর পায়ে! তাঁর আপন নাচে – চলবে সময়। দুঃখের সেইই ভাগিদার! ‘তোমার যারে কৃপা হয়,/ তার সৃষ্টিছাড়া রূপের ছটা,/ দুখে রাখো সুখে রাখো,/ করব কি আর দিলে খোঁটা, মা- কালী, কালী।’ বাংলায় কালীর সাধক আছেন। ছিলেন। বাকি সব অনুষ্ঠান বা উপলক্ষ মাত্র!

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.