আজকের এই কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাটবট, চালকবিহীন গাড়ি এবং অচেনা মেটা-অ্যালগরিদমের যুগে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কী ভাবতেন? তিনি কি এই যন্ত্রসভ্যতাকে সৃজনশীলতার শত্রু বলে সতর্ক করতেন, নাকি একে দেখতেন নতুন দিগন্ত হিসেবে? ডিজিটাল পৃথিবীর পিক্সেল আর অ্যালগরিদমের গোলকধাঁধায় দাঁড়িয়ে যখন আমরা রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা খুঁজি, তখন প্রথমেই প্রশ্ন আসে— আজকের এই চব্বিশ ঘণ্টার দ্রুত ধাবমান জীবনে রবীন্দ্রনাথের ‘ধীর ও গভীর’ দর্শন কি সত্যিই খাপ খায়? শুরুতেই বলা রাখা দরকার যে, রবীন্দ্রনাথ এমন এক সময়ের সন্ধিক্ষণে বাস করতেন যখন সমগ্র পৃথিবী শিল্প বিপ্লবের নেশায় মত্ত— কিন্তু রবীন্দ্রনাথের মনে ছিল সংশয়। কীভাবে যন্ত্র মানুষকে কলকব্জায় পরিণত করে, তা নিয়ে সতর্কও করেছিলেন। পাশাপাশি এ-ও ঠিক, তিনি প্রযুক্তি-বিরোধী ছিলেন না, ছিলেন ‘অন্ধ-প্রগতির’ বিরোধী। তিনি যন্ত্রকে ঘৃণা করতেন না—শুধু চেয়েছিলেন যন্ত্র যেন মানুষের সেবক হয়, হন্তারক নয়। রবীন্দ্রনাথ তাই হয়তো এআই-কে ঘৃণা করতেন না, বরং তার মধ্যেই আবিষ্কার করতেন উত্তর-উত্তর আধুনিকতার ভাবনা।
ফেসবুকের নিউজফিড থেকে ইউটিউবের লিরিক্যাল ভিডিও কিংবা স্পটিফাইয়ের পডকাস্ট—রবীন্দ্রনাথ আজ আর কেবল বইয়ের তাকের হার্ডবাউন্ডে সীমাবদ্ধ নন। বরং তিনি হয়ে উঠেছেন স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা একজন নিত্যদিনের সঙ্গী। ডিজিটাল যুগে রবীন্দ্রচর্চা কোনো পিছুটান নয়, নতুন আঙ্গিকে সৃজনশীল বিস্ফোরণও বটে। আটের শিশু থেকে আশির বৃদ্ধ—সবার কাছেই তিনি আজ ভিন্ন ভিন্ন আবহে হাজির। প্রযুক্তির এই বিশাল ভিড়ে রবীন্দ্রনাথ হারিয়ে যাননি কোনোভাবেই, বরং নিজের রূপ বদলে আরও বেশি ছড়িয়ে পড়েছেন আমাদের মজ্জায়।
একুশ শতকের শুরু থেকেই তথ্যপ্রযুক্তির যে জোয়ার এসেছে, তা আমাদের পড়ার অভ্যাস থেকে শোনার রুচি পর্যন্ত সব বদলে দিয়েছে। দৈনন্দিন জীবনযাপন, অভ্যাস, রুচি, শিক্ষা, বিনোদন, আড্ডা, তর্ক, প্রেম, বিরহ, যৌনতা, বিচ্ছেদ এমনকী বিবাহ— ডিজিটাল পৃথিবীতে সবকিছুর সংজ্ঞা বদলে গিয়েছে। আগে যে রবীন্দ্রচর্চা ছিল মুষ্টিমেয় তথাকথিত ‘রুচিসম্পন্ন’ ‘বিদগ্ধ’ মানুষের ড্রয়িংরুমের আলোচনা, আজ তা সোশ্যাল মিডিয়ার রিলে ছড়িয়ে পড়েছে। সমীক্ষা বলছে, ইন্সটাগ্রাম বা ফেসবুকের তিন মিনিটের রিলসে এখনও ‘ভাইরাল কন্টেন্ট’ সেই রবীন্দ্রনাথই। রবীন্দ্রসংগীতের যে চিরন্তন আবেদন, ইলেকট্রনিক মিউজিকের আবহেও তার মাধুর্য হারায়নি। বরং বহু তরুণ সংগীতশিল্পী আজ পুরনো সেই সুরগুলোকে নতুন যন্ত্রাণুষঙ্গে সাজিয়ে তুলছেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালির কাছে রবীন্দ্রচর্চাকে করে তুলেছে সহজলভ্য।
ধরা যাক, কোনো এক বাঙালি বাড়ির কিশোর পারিবারিক শাসনে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে, হিন্দি তার দ্বিতীয় ভাষা। সেই কিশোরই স্কুল থেকে বাড়ি ফিরে স্পটিফাইতে শুনছে ‘বলাই’, ‘ছুটি’ কিংবা ‘অতিথি’। ডিজিটাল সাউন্ড এফেক্ট আর আবহ সংগীতে সেই পুরনো গল্পগুলো এযুগের এক কিশোরের কাছে নতুন একটা দুনিয়া খুলে দিচ্ছে। সে রবীন্দ্রনাথকে আরও জানতে চাইছে। হয়তো বই পড়ে নয়, অডিও স্টোরি শুনে। কিন্তু এই যে রবীন্দ্রনাথের বাংলা একজন ইংরেজি মাধ্যম পড়া কিশোরের কানে বাজছে, এই বা কম কী! যুগ বদলানোর সঙ্গে কিছু জিনিস মেনে নিতেই হয় নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য। ডিজিটাল পৃথিবী আদতে রবীন্দ্রনাথকে দেখছে একজন ‘টাইমলেস ফিলোসফার’ হিসেবে। তাঁর পরিবেশচিন্তা বা বিশ্বজনীনতা তাই আজকের গ্লোবাল ওয়ার্মিং বা যুদ্ধের বাজারে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ডিজিটাল অডিও মাধ্যমে রবীন্দ্রনাথ কেবল সাহিত্যিক নন, একজন দক্ষ ‘কন্টেন্ট ক্রিয়েটর’, যাঁর গল্প এক শতাব্দী পরেও লুপে শোনার মতো আধুনিক।
পডকাস্টের দুনিয়ায় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আরও চমকপ্রদ। অফিস যাওয়ার পথে বা দীর্ঘ ট্রাফিক জ্যামে বসে মানুষ যখন হেডফোনে ‘গল্পগুচ্ছ’ শোনেন, তখন তা কেবল সময় কাটানোর মাধ্যম থাকে না, হয়ে ওঠে এক মনস্তাত্ত্বিক আশ্রয়। অডিও প্ল্যাটফর্মগুলোতে এখন রবীন্দ্রনাথের ছোটগল্প বা উপন্যাসের পাঠ বিপুল জনপ্রিয়। ‘নষ্টনীড়’ থেকে ‘চতুরঙ্গ’—এই জটিল আখ্যানগুলো যখন দক্ষ কথকদের কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে, তখন শ্রোতা বুঝতে পারেন যে এক শতাব্দী আগে লেখা নারীর অধিকার বা ব্যক্তিস্বাতন্ত্র্যের লড়াই আজও কতখানি প্রাসঙ্গিক। বিশেষ করে একাকীত্ব বা মানসিক অবসাদের এই ডিজিটাল যুগে রবীন্দ্রনাথের গান এক ধরনের থেরাপির কাজ করে। ডিপ্রেশনের অন্ধকারে ডুবে থাকা কোনো যুবক বা যুবতী যখন ইউটিউবে ‘বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা’ অথবা ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’ শোনেন, তখন তিনি কি সেই মুহূর্তে নিজের অস্তিত্বেরই নতুন সংজ্ঞা খুঁজে পান না? অবশ্যই পান। তাই আজ বিভিন্ন থেরাপিতে পেশাদাররা ব্যবহার করছেন রবীন্দ্রনাথের গান।
ই-বুকের বিবর্তন রবীন্দ্রচর্চাকে করে তুলেছে গণতান্ত্রিক। আগে বিশ্বভারতী বা নির্দিষ্ট প্রকাশনীর বইয়ের জন্য শহর বা গ্রন্থাগারের ওপর নির্ভর করতে হতো। এখন কিউরেটেড ওয়েবসাইট বা পিডিএফ ফরম্যাটে রবীন্দ্রনাথের সমগ্র রচনাভাণ্ডার হাতের মুঠোয়। বিদেশের মাটিতে বড় হওয়া যে বাঙালি সন্তান বাংলা অক্ষর পড়তে শিখছে না, সেও কিন্ডল বা ট্যাবলেটে ইংরেজি অনুবাদে ‘গীতাঞ্জলি’ বা ‘গোরা’ পড়ছে। প্রযুক্তির এই সেতুটি না থাকলে হয়তো রবীন্দ্রনাথের বৈশ্বিক পরিচিতি কেবল নোবেল বিজয় আর গুটিকতক গবেষকের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। এখন ডিজিটাল আর্কাইভে রবীন্দ্রনাথের হস্তাক্ষর, তাঁর আঁকা ছবি ও দুষ্প্রাপ্য চিঠিপত্র সংরক্ষিত হচ্ছে, যা ইতিহাসের ছাত্র থেকে সাধারণ কৌতূহলী পাঠক—সবার জন্যই জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কিন্তু প্রযুক্তির এই ভিড়ে কি কোনো আশঙ্কা নেই? অবশ্যই আছে। তথ্যের আতিশয্য অনেক সময় গভীরতাকে গ্রাস করে। রবীন্দ্রনাথ নিজে সারাজীবন আড়ম্বরহীন সহজ সত্যের সাধনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় যখন তাঁর নাম করে ভুল উদ্ধৃতি বা নিম্নমানের প্যারোডি ছড়িয়ে পড়ে, তখন তো তাকে ডিজিটাল যুগের কুফলই বলা উচিত। তবুও, এই সাময়িক চপলতাকে ছাপিয়ে যায় তাঁর দর্শনের গভীরতা। রবীন্দ্রনাথ জানতেন পৃথিবী বদলাবে। তিনি নিজেও ছিলেন প্রচণ্ড আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানুষ। বিলেত থেকে ট্রাক্টর আনিয়ে চাষবাস করা থেকে জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানের জয়গান গাওয়া—রবীন্দ্রনাথ সবসময় নতুনের সমর্থক ছিলেন। বিশ্বাস করতে ইচ্ছা হয়, আজ যদি তিনি বেঁচে থাকতেন, তবে হয়তো এক্স বা ব্লগে নিজের মতপ্রকাশ করতে কুণ্ঠাবোধ করতেন না।
ডিজিটাল যুগের রবীন্দ্রচর্চার আরেকটি বড় দিক হলো বিশ্বজনীনতা। আজ যখন জলবায়ু পরিবর্তন বা যুদ্ধের আশঙ্কায় পৃথিবী কাঁপছে, তখন রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’, ‘তাসের দেশ’ বা ‘মুক্তধারা’র প্রাসঙ্গিকতা নতুন করে প্রমাণিত হচ্ছে। পরিবেশ সচেতনতা নিয়ে করা বিভিন্ন অনলাইন ক্যাম্পেইনে তাঁর গান ও কবিতা হয়ে উঠছে প্রতিবাদের ভাষা। আজকের এনআরসি থেকে ট্রান্সজেন্ডার বিল আন্দোলনে সচেতন নাগরিকদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে রবীন্দ্রসংগীত কিংবা কবিতার লাইন। বইয়ের পাতা থেকে তাঁর লেখা রাস্তায় স্লোগানের হাতিয়ার। আটের শিশুটি যখন ইন্টারনেটে ‘সহজ পাঠ’ পড়ে বর্ণমালা চেনে, আর আশির বৃদ্ধ যখন ডিজিটাল লাইব্রেরিতে বসে তাঁর স্মৃতি হাতড়ান—তখন বোঝা যায় রবীন্দ্রনাথ সময়ের সীমানা পেরিয়ে যান সেকাল থেকে একালের দিকে।
শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার মূল আদর্শ ছিল প্রকৃতির সান্নিধ্যে, মুক্ত পরিবেশে শিক্ষা গ্রহণ, যা প্রথাগত শ্রেণিকক্ষের বাইরে মানুষের মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। প্রকৃতি, স্বাধীনতা, শিল্প আর চিন্তা ছিল তার ভিত্তি—মুখস্থ বিদ্যা নয়। আজকের এই ডিজিটাল উন্নতির পাশে থেকে রবীন্দ্রনাথ এ-ও মনে করিয়ে দিতেন—যন্ত্র শেখার কাজে সহায়তা করতে পারে, কিন্তু প্রজ্ঞা জাগ্রত করতে পারে না। সোশ্যাল মিডিয়ার রিলস হোক বা দীর্ঘ কোনো পডকাস্ট সিরিজ—রবীন্দ্রনাথ আসলে এক প্রবহমান ধারা। তিনি ধ্রুপদী হয়েও চিরকাল আধুনিক। প্রযুক্তির এই বিশাল সমুদ্রের মাঝে রবীন্দ্রনাথ হলেন সেই ধ্রুবতারা, যা আমাদের রুচি আর বোধকে দিশা দেখায়। ডিজিটাল টুলসগুলো কেবল তাঁর কথা বলার মাধ্যম বদলে দিয়েছে, কিন্তু তাঁর অন্তরের বাণীটি আজও এক। তাই ই-বুকের পাতায় হোক বা স্মার্টফোনের স্ক্রিনে, রবীন্দ্রচর্চা কোনোদিন ফুরোবে না। যান্ত্রিকতার এই ভিড়ে যখনই আমরা একটু শান্তির খোঁজ করবো, যখনই আমাদের আবেগগুলোকে সঠিক ভাষায় প্রকাশ করতে চাইবো, তখনই আমাদের ফিরে যেতে হবে সেই একশো বছরেরও বেশি পুরনো লেখনীর কাছে। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক ছিলেন, আছেন এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তাঁর আবেদনের ব্যাপ্তি আরও বহুমাত্রিক হবে—এটাই আজকের ডিজিটাল বাস্তবতার চরম সত্য।
রবীন্দ্রনাথের কাছে সৃজনশীলতা ছিল মানুষের সঙ্গে মহাবিশ্বের এক সেতু। এআই তো মানুষের মেধারই ফসল। তাই এআই-কে প্রতিপক্ষ না ভেবে সহযোগী হিসেবে দেখাই ভালো। রবীন্দ্রনাথ জানতেন, সমস্ত সৃষ্টিই, এমনকী যন্ত্রও, অন্তরের সেই পরম স্রষ্টারই প্রতিধ্বনি। তবুও দিনের শেষে সত্য এই যে, মেশিনের লেখা কবিতা হয়তো চতুর হতে পারে, কিন্তু তা আপনার চোখে জল এনে দেবে না। কেবল কোডিংয়ের চাতুর্যে প্রেম আসে না মানুষ-শরীরে, তার জন্য লাগে ‘বোধ’। ডিজিটাল পৃথিবী এত কর্মকাণ্ডের পরেও স্বপ্ন দেখাতে ব্যর্থ হয়, ভালোবাসতে ব্যর্থ হয়, হারানোর বেদনার ভাষা সে বুঝতে পারে না। এতদসত্ত্বেও অস্বীকার করার উপায় নেই যে, ডিজিটাল পৃথিবী রবীন্দ্রনাথকে একটি ‘নলেজ ব্যাংক’ হিসেবে দেখছে। তিনি এখন আর নির্দিষ্ট কোনো ভূখণ্ডের সীমানায় বন্দি নন; ক্লাউড স্টোরেজে সংরক্ষিত বিশ্বের সম্পত্তি। ডিজিটাল পৃথিবী রবীন্দ্রনাথকে ঠাকুরবাড়ির অন্দরমহল থেকে বেরিয়ে রিলসের ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্ডলের ই-বুক, এক্স-এর থ্রেড আর মেটাভার্সের চিরন্তন অনুপ্রেরণা হিসেবে দেখছে। প্রযুক্তির উন্নতি রবীন্দ্রনাথকে ম্লান করতে পারেনি, বরং তাঁর প্রাসঙ্গিকতাকে আরও শাণিত করেছে। আমাদের দ্রুতগামী জীবনে রবীন্দ্রনাথ তো সেই ধ্রুবতারা, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও মানুষের ‘অকৃত্রিম’ আবেগগুলোকে চিনে নিতে শেখান। ঠিক সেই কারণেই আমাদের আজ রবীন্দ্রনাথকে প্রয়োজন—আগের চেয়েও অনেক বেশি। একমাত্র রবীন্দ্রনাথই তীব্র। রবীন্দ্রনাথই অনিবার্য।










