সুমিত বাবু, একটি বিষয় অত্যন্ত বিনীতভাবে বলতে চাই।
‘হিজড়া’ শব্দটি দক্ষিণ এশিয়ার একটি ঐতিহাসিক ও সামাজিক সম্প্রদায়ের পরিচয়। কিন্তু প্রত্যেক রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার মানুষের পরিচয় এই একটি শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন মানুষের আত্মপরিচয় কী হবে, সেটা তাঁর নিজের সিদ্ধান্ত এবং সেই পরিচয়কে সম্মান করাই আমাদের সকলের দায়িত্ব।
আমি একজন রূপান্তরিত নারী। আমার নিজের পরিচয়, আমার পেশা, আমার পরিবার, আমার ব্যক্তিগত জীবন, আমার দাম্পত্য, আমার সামাজিক অবস্থান—সবকিছু নিয়েই আমি একজন সম্পূর্ণ মানুষ। আমি আমার পেশাগত জীবন সামলাই, আমার সংসার সামলাই, আমার সম্পর্ক সামলাই এবং নিজের মতো করে একটি সম্মানজনক জীবন গড়ে তুলেছি। আমার ট্রান্সজেন্ডার পরিচয় নিয়ে আমার কোনও সংকোচ নেই। আমার সমস্ত আইনগত নথিতেও আমার পরিচয় স্বীকৃত।
কিন্তু প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয় ও পছন্দের শব্দ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে ‘হিজড়া’ শব্দটির সঙ্গে নিজেকে পরিচিত করাতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমার পরিচয় আমি একজন ট্রান্সজেন্ডার নারী, একজন রূপান্তরিত নারী—এভাবেই দিতে পছন্দ করি। এই পছন্দের প্রতি সম্মান দেখানোটা কোনও বিশেষ দাবি নয়, বরং একজন মানুষের ব্যক্তিগত পরিচয়কে সম্মান করার ন্যূনতম সৌজন্য।
একজন মানুষের পেশা, সামাজিক পরিচয় কিংবা কোনও বিশেষ গোষ্ঠীর সঙ্গে তাঁর সম্পর্ক কখনোই তাঁর সম্পূর্ণ ব্যক্তিত্বের মাপকাঠি হতে পারে না। আমরা কাউকে তাঁর পেশা দিয়ে চিনি, কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন, মূল্যবোধ, সম্পর্ক, যোগ্যতা কিংবা মানুষ হিসেবে তাঁর মর্যাদা সেই পেশার মধ্যে সীমাবদ্ধ থাকে না।
ঠিক তেমনই, কোনও একটি শব্দ দিয়ে একজন মানুষের সম্পূর্ণ জীবন, ব্যক্তিত্ব ও পরিচয়কে বিচার করা উচিত নয়।
আমার পরিচয় কী, আমি কোন শব্দে নিজেকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি—সেই সিদ্ধান্ত আমার। এবং সেই সিদ্ধান্তকে সম্মান করাটাই প্রকৃত সচেতনতা ও মানবিকতা।
সুমিতের উত্তর-
প্রান্তিক পরিচিতির যে কোনও সত্তাকে সবার মাঝে নিয়ে – সবার অংশ করার দায়িত্ব গণমাধ্যমের থাকে। অন্তত আমরা তা মনে করি। শেষমেশ মানুষ। এই নানা রকম বিভাজনের সময়, নানান রকমের আধিপত্যের মাঝে – আমরা তথ্য রাখতে চাই, চিন্তা-সমাজভাবনা আদানপ্রদান করতে চাই। তাতে, আপনার-আমার, আমাদের সবার জায়গা সমান। এটাই গণতন্ত্র। শুভেচ্ছা নিন। আমরা নিশ্চিত আমাদের সময় ও সমাজ নিয়ে খোলা মনে আলোচনা করবো।

