পরিবর্তনের বাংলায় নিউনর্মাল ‘এনকাউন্টার সংস্কৃতি’। রাজ্যে চতুর্থ এনকাউন্টার

১৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত দিলীপ রায় নিহত পুলিশি এনকাউন্টারে আজ ভোরবেলা৷ চলতি সরকারের সাত মাসের কার্যকালের মধ্যে এটি চতুর্থ এনকাউন্টারের ঘটনা। এর আগে বারুইপুর, গাইঘাটা এবং সমশেরগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছে। অপরাধ দমন ও দ্রুত ন্যায়বিচারের দাবিতে যখন জনরোষ চরমে ওঠে, তখন এই ধরনের পুলিশি পদক্ষেপের ঘটনা সমাজ ও রাজনীতিতে গভীর প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।

ভোর সাড়ে ৩টে নাগাদ বিহার সীমান্ত লাগোয়া গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় এই এনকাউন্টার ঘটে।পুলিশের দাবি দিলীপ রায় বিহারে পালানোর চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে, অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে দিলীপ গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

​রায়গঞ্জে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাটি চরম অমানবিক ও পৈশাচিক। এই ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ এবং দ্রুত শাস্তির দাবি সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু এই জনরোষের আবহে পুলিশি এনকাউন্টারের ঘটনায় প্রশ্ন উঠেছে যে, তাৎক্ষণিক সমাধানের পথ কি আদতে দীর্ঘমেয়াদে অপরাধ দমনে কার্যকর?

​একটি গণতান্ত্রিক রাষ্ট্রে অপরাধী যতই গুরুতর অপরাধ করুক না কেন, তার বিচারপ্রক্রিয়া নির্ধারিত হয় দেশের সংবিধান ও আইনের শাসন অনুযায়ী। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার কাজ অপরাধীকে গ্রেপ্তার করে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো এবং তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচার নিশ্চিত করা।

পুলিশের দাবি অনুযায়ী আত্মরক্ষার্থে গুলি চালানোর তত্ত্ব প্রতিটি ক্ষেত্রেই সামনে আসে, যা নিয়ে মানবাধিকার সংগঠনগুলি বরাবরই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছে। বিচারবহির্ভূত হত্যাকে আইনি বৈধতা দিলে তা বিচারব্যবস্থার উপর মানুষের আস্থাকে কমিয়ে দিতে পারে।

​সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে পরপর চারটি এনকাউন্টারের ঘটনা ঘটায় এটি ‘নিউ নর্মাল’ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন। বিরোধীদের একাংশের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মহিলা সুরক্ষার প্রশ্ন থেকে নজর ঘোটাতে এবং সাধারণ মানুষের তাত্ক্ষণিক ক্ষোভ প্রশমিত করতে এই ধরনের কঠোর পদক্ষেপকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে একে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি হিসেবে দেখানো হলেও, এর দীর্ঘমেয়াদি সামাজিক প্রভাব অত্যন্ত বিপজ্জনক।
​
​রায়গঞ্জের ঘটনায় অভিযুক্তের মৃত্যু হয়তো একটি নৃশংস ঘটনার তাৎক্ষণিক ইতি টেনেছে, কিন্তু এটি আমাদের শাসনব্যবস্থার সামনে এক গভীর সংকট তৈরি করেছে। বিচারব্যবস্থাকে বাইপাস করে পুলিশি এনকাউন্টারকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। স্থায়ী সুরাহা এনকাউন্টার নয়, বরং সুদৃঢ় আইন, নিরপেক্ষ বিচার এবং অপরাধমুক্ত সমাজ গঠনের রাজনৈতিক সদিচ্ছা।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.