শব্দবাজির দাদাগিরি! আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতভর তাণ্ডব

১৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

​গতকাল দীপাবলির সন্ধ্যায় খাস কলকাতা থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে শব্দবাজি ও পরিবেশ দূষণের অভূতপূর্ব তাণ্ডব দেখা গেল। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো আমাদের রাজ্যের প্রশাসনিক নিষ্ক্রিয়তা।উৎসবের রাতে কলকাতার বাতাসে ধূলিকণার (PM 2.5) পরিমাণ ৪১৫-৪২০ মাইকোগ্রাম প্রতি ঘনমিটারে গিয়ে ঠেকেছিল, যা নির্ধারিত মাত্রার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। গত তিন দশকে রাতের শহরে এমন দূষণ ও শব্দের তাণ্ডব দেখা যায়নি।

প্রতি বছর কালীপুজো ও দীপাবলির আগে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সবুজ বাজি ফাটানো এবং নির্দিষ্ট সময়সীমা মেনে চলার কড়া নির্দেশিকা জারি করা হয়। কিন্তু এ বছর তার ছিটেফোঁটাও হতে দেখা যায়নি। ফুলবাগানের শিশু হাসপাতাল, আর জি কর মেডিক্যাল কলেজ চত্বরের মতো নিঃশব্দ এলাকাগুলিতেও নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার শব্দবাজি ও রকেট ছোড়া হয়েছে। সাধারণ মানুষ যখন পুলিশকে ফোন করে অভিযোগ জানান, তখন নির্বিকারভাবে “একটু মানিয়ে-গুছিয়ে নিন” জাতীয় মন্তব্য করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

​ কিছুদিন আগে রাজ্য পুলিশের পক্ষ থেকে ‘দায়িত্বশীল দেওয়ালির’ আর্জি জানিয়ে একটি পোস্ট করা হলে বাজি-অনুরাগীদের একাংশের তীব্র ক্ষোভ ও ‘হিন্দু-বিরোধী’ তকমা পাওয়ার ভয়ে পুলিশ সেই পোস্ট সরিয়ে নিতে বাধ্য হয়। এই পিছু হটার ঘটনাটিই মূলত আইন প্রয়োগকারী সংস্থাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিল। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার সুযোগেই শব্দদানবরা শহর থেকে মফস্বল—সর্বত্র মুক্তাঞ্চল পেয়ে যায়। এমনকি গভীর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে নিজে রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখতে হয়।

এই সমগ্র তাণ্ডবের পেছনে রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের একটি অংশের দায়িত্বজ্ঞানহীন ভূমিকা বারবার আলোচিত হয়েছে। শাসক শিবিরের একাংশের নেতারাই এমন কিছু মন্তব্য করেছেন যা পরোক্ষভাবে আইন ভাঙতে উৎসাহ জুগিয়েছে। যেমন, টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী কালীপুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য করেন যে “বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়”। যদিও তিনি পরে তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন, তবুও এ ধরনের মন্তব্য জনমানসে ভুল বার্তা পাঠায়।

​একইভাবে, শাসক দলের কিছু নেতার তরফেও অতীতে লাগাতার শব্দবাজি পুড়লে পোকামাকড় বা অসুখ দূর হওয়ার মতো অবৈজ্ঞানিক ও বিতর্কিত কথা শোনা গিয়েছে। যখন রাজনৈতিক নেতারা বা দলীয় কর্মীরা জনসমক্ষে পরিবেশ বিধি ও আদালতের নির্দেশকে লঘু করে দেখেন, তখন সাধারণ মানুষ বা বাজি ব্যবসায়ীরা স্বাভাবিকভাবেই আইনকে তোয়াক্কা না করার সাহস পায়। রাজনৈতিক সুরক্ষার বলয় এবং ভোটের সমীকরণের ভয়ে স্থানীয় স্তরে প্রতিবাদ করার সাহসও হারিয়ে ফেলেন সাধারণ নাগরিকরা।

আদালতের স্পষ্ট নির্দেশ এবং সবুজ বাজির নিয়ম থাকা সত্ত্বেও তার বাস্তবায়ন কেন বারবার ব্যর্থ হয়, তার মূল কারণ রাজনৈতিক সদিচ্ছার অভাব। উৎসবের মরসুমে ভোটব্যাংক বা জনতুষ্টির রাজনীতির কাছে বারবার পরাজিত হয়েছে পরিবেশের সুস্থতা এবং প্রবীণ-রোগী-শিশুদের মৌলিক অধিকার। গত বছরের তুলনায় এ বছর পুলিশের ধরপাকড় ও নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করার পরিমাণও ছিল অত্যন্ত হতাশাজনক, যা প্রমাণ করে যে প্রশাসনিক সদিচ্ছা কতটা তলানিতে এসে ঠেকেছিল।

শব্দবাজি ও পরিবেশ দূষণের এই সংকট প্রমাণ করে যে শুধু খাতায়-কলমে নির্দেশিকা জারি বা পুলিশের প্রতীকী তৎপরতা দিয়ে এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব নয়। এর জন্য দলমত নির্বিশেষে রাজনৈতিক সদিচ্ছা, আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ও কঠোর ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে প্রকৃত পরিবেশগত সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যথায়, প্রতি বছর দীপাবলি আনন্দের আলোর পরিবর্তে এক অসুস্থ ও বিপর্যস্ত পরিবেশের বার্তা নিয়ে হাজির হতে বাধ্য।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.