সেভাবে মেইনস্ট্রিম মিডিয়ায় আলোচিত না হলেও, সোনম ওয়াংচুকের অনশন সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। নিট প্রশ্নপত্র লিক, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক দাবি নিয়ে গত ২০ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। তাঁকে সংহতি জানিয়ে ইতিমধ্যেই একজোট হয়েছেন বিভিন্ন মহলের মানুষেরা। দীর্ঘদিনের অনাহারে ইতিমধ্যেই প্রায় ৯ কেজি ওজন কমেছে তাঁর। স্বাভাবিকের থেকে কম রয়েছে রক্তচাপ এবং সুগারও। তাঁর অনশন প্রত্যাহারের দাবিতে মামলা হয়েছে দিল্লি হাইকোর্টেও। কিন্তু এই সময়েই ওয়াংচুককে চেনেনই না মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা আমির খান। ওয়াংচুকের জীবনের সঙ্গে অদ্ভুত মিল পাওয়া যায় তাঁর ‘থ্রি ইডিয়টস’ ছবির চরিত্রের। তাই তাঁর নীরব থাকায় স্বভাবতই প্রশ্ন উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ওয়াংচুকের ‘থ্রি ইডিয়টস’ যোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।
এই আবহেই আমিরের প্রাক্তন কিরণ রাও সরাসরি সংহতি জানিয়েছেন সোনমের আন্দোলনকে। লাপাতা লেডিজ ছবির পরিচালক কিরণ রাও ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করে সোনম ওয়াংচুকের প্রতি নিজের সমর্থন জানিয়ে লিখেছেন, সোনম ওয়াংচুক, অভিজিৎ দিপকে, ককরোচ জনতা পার্টি (CJP) এবং ছাত্রছাত্রীদের অধিকারের দাবিতে আন্দোলনরত দেশের সব নাগরিকের সঙ্গে তিনি সংহতি প্রকাশ করছেন।

কিরণ রাও আরও বলেন, ন্যায়বিচারের দাবিতে অনশনে বসা সোনম ওয়াংচুক, নেহা, মনীশ, আমিন-সহ আন্দোলনের সঙ্গে যুক্ত সকলকে তিনি স্যালুট জানাচ্ছেন। তাঁর কথায়, দেশের মানুষের উদাসীনতা ভেঙে দিয়ে এবং প্রতিটি কণ্ঠস্বরের গুরুত্ব স্মরণ করিয়ে দেওয়ার ক্ষেত্রে আন্দোলনকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে দেশ তাঁদের কাছে ঋণী বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে কেন্দ্রীয় সরকারের প্রতি আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানান কিরণ রাও। তিনি লেখেন, “আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসুন, ছাত্রছাত্রীদের যন্ত্রণা ও উদ্বেগ বোঝার চেষ্টা করুন এবং এই অচলাবস্থার অবসান ঘটান। দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই কথা শোনার অধিকার রয়েছে।”

