পালাবদলের পর আমূল বদলে গিয়েছে রাজ্য-রাজনীতি। নতুন একাধিক ঘটনা প্রত্যক্ষ করেছে রাজ্যবাসী। ‘ডিম থেরাপি’, ‘বুলডোজার রাজ’, ‘এনকাউন্টার’ এই সরকারের আমলে নতুন। অন্যদিকে ভোটে ভরাডুবির পর তৃণমূল দলটাও ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। তৈরী হয়েছে দুটি আলাদা শিবিরও। একাধিক জায়গায় বিজেপির আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিরোধীদের।
এবার নিজেদের দলের কিছু কর্মী সমর্থকদের বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসে উঠলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। খোটাডিহিতে দলের একটি সভা থেকে জিতেন্দ্র বলেন, ১৫ বছরে তৃণমূল যা গুন্ডামি করেছে, ২ মাসে তার থেকেও বড় গুন্ডা হয়ে উঠেছে বিজেপির কিছু কর্মী। তিনি আরও বলেন, তাঁদের পার্টির কিছু লোকের জন্য সাধারণ মানুষের বেঁচে থাকা দায় হয়ে উঠেছে।

দলের নেতা ও কর্মীদের একাংশের তীব্র সমালোচনা করে ওই বিজেপি বিধায়ক আরও বলেন, “আগে মাসে চারটে কোয়ার্টার দখল হত, আর এখন এক সপ্তাহেই চারটে কোয়ার্টার দখল করা হচ্ছে। যেখানে ইচ্ছে চাঁদা তোলা হচ্ছে। ঠিকাদারদের হয়রানি করা হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, এই কাজ করতে হবে, ওই কাজ করা যাবে না, এর জন্য টাকা দিতে হবে, ওটার জন্যও টাকা দিতে হবে।” বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, যাঁরা মনে করছেন তাঁর কাছে খবর নেই তাদের ধারণা ভুল।
বিজেপি বিধায়কের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি HOW.।

