গত ৩৫ বছরে পৃথিবীর ৪২ কোটি হেক্টর বনভূমি ভ্যানিশ। ২০১৫ থেকে ২০২৫, এই ১০ বছরে, প্রতি বছর ১,০৯,০০০ বর্গকিলোমিটার বনাঞ্চল কমে গেছে। পৃথিবীর স্থলভাগের মাত্র ৩২% এখন জঙ্গল। রাষ্ট্রগুলির মধ্যে প্রতিযোগিতা চলছে গাছ কাটার। বিশ্বব্যাপী বন ধ্বংসের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বাণিজ্যিক কৃষিকাজের। পাম অয়েল বা সয়াবিনের জন্য জমি দরকার। চাই গবাদি পশুর চারণভূমি। নতুন খনি, জলবায়ু পরিবর্তনজনিত দাবানল—গাছ কমছেই। অবৈধ গাছ কাটাও আছে ইতিহাসজুড়ে। কিন্তু বৈধ গাছ কাটা? যাকে উন্নয়ন বলে! কেটে ফেলে জঙ্গলের ২০% রাশিয়া, ১২% ব্রাজিল, কানাডা ৯%, আমেরিকা ৮%, চিন ৫%, বাকি বিশ্বের কেটে ফেলা জঙ্গল ৪৬%। এখন মাত্র ৫টি দেশে পৃথিবীর অর্ধেক জঙ্গল বেঁচে আছে। দ্রুত জঙ্গল কাটার তালিকায় ব্রাজিলের পরে আছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং ইন্দোনেশিয়া।
ভারতে গত ১৫ বছরে জঙ্গল বা বনভূমি ঠিক কতটা কমেছে, তার উত্তর সরকারি নথি এবং আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্রের তথ্যের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে। সরকারি হিসাবে বৃক্ষরোপণ বা বাগান তৈরির ফলে মোট সবুজ আচ্ছাদন বাড়লেও, প্রাকৃতিক বনভূমি ধ্বংস হওয়ার হার উদ্বেগজনক। ভারতেও চলছে সবুজ কমানোর অভিযান। গত ১৫ বছরে, সংসদে পেশ করা সরকারি তথ্য অনুযায়ী—৩ লক্ষ ৫ হাজার ৯৪৫ হেক্টরেরও বেশি বনভূমি—১৭,৩০১টি প্রকল্পের জন্য ধ্বংস করা হয়েছে। খাতায়-কলমে যা হস্তান্তর। শেষ ১২ বছরে ২ লক্ষ ১৫ হাজার ৯৪৩ হেক্টর বনভূমি খনি, জলবিদ্যুৎ প্রকল্প, রাস্তাঘাট এবং সেচের কাজের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। খনির জন্য সবচেয়ে বেশি বনভূমি কাটা হয়েছে—পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। ভারতের কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তথ্য অনুযায়ী, উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর পরিমাণে বনভূমি অ-বনভূমি (নন-ফরেস্ট) কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা—গ্লোবাল ফরেস্ট ওয়াচের স্যাটেলাইট পর্যবেক্ষণ অনুযায়ী, প্রাকৃতিক বনভূমি হারানোর চিত্রটি আরও স্পষ্ট। ২০০১ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে মোট ২৪ লক্ষ হেক্টর বৃক্ষ আচ্ছাদন কমেছে। এর বড় অংশই কমেছে গত ১৫ বছরে।
২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে যত গাছ কমেছে, তার ৯৫% কমেছে প্রাকৃতিক বন। ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে ভারত থেকে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার হেক্টর আর্দ্র প্রাথমিক বনভূমি হারিয়ে গেছে। এই বৃক্ষ আচ্ছাদনের ৬০% কমেছে উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি রাজ্য—আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার এই রিপোর্টের বিপরীত চিত্র অবশ্য দেখায় ইন্ডিয়া স্টেট অফ ফরেস্টের রিপোর্টে। সেখানে ২০২৩ সালে দাবি করা হয়—দেশে মোট বন ও বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ সামগ্রিকভাবে বেড়ে ৮,২৭,৩৫৭ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে! যা দেশের মোট ভৌগোলিক এলাকার ২৫.১৭%। তবে পরিবেশবিদদের মতে, এই বৃদ্ধির মূল কারণ হলো বনের বাইরের এলাকায় বাণিজ্যিক বৃক্ষরোপণ। আসলে তা জঙ্গল নয়। রাবার, চা বা ইউক্যালিপটাসের বাণিজ্যিক চাষ। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্টের রিপোর্টে দেখা গেছে—দেশে ঘন প্রাকৃতিক বনভূমির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের নথি এবং স্বাধীন পরিবেশ সংস্থাগুলোর দাবি অনুযায়ী—গত ১২ বছরের জমানায় ভারতে উন্নয়নমূলক ও পরিকাঠামো প্রকল্পের জন্য আনুমানিক ১.৬ কোটির বেশি গাছ কাটা হয়েছে। আরও প্রায় ১৫-২০ লক্ষেরও বেশি গাছ কাটার পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে—২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বে মোট বনাঞ্চল কমেছে প্রায় ৬.৫-৬.৮ কোটি হেক্টর। নতুন বনায়ন বাদ দিয়ে শুধু বন কাটার হিসাব ধরলে ক্ষতির পরিমাণ কমবেশি ১৬.৫-১৭.৫ কোটি হেক্টর। এই জঙ্গল কমিয়ে ফেলার অভিযানে ভারতের অংশীদারিত্ব নেহাত কম নয়। এই ক্রমান্বয়ে বনাঞ্চল কমিয়ে আনার জন্য গত ৫০-৫২ বছরে বিশ্বজুড়ে মেরুদণ্ডী বন্যপ্রাণী ৭৩ শতাংশ হারিয়ে গেছে।

গত দেড়-দু’দশক, সারা পৃথিবীতেই ধর্মীয় মৌলবাদ বেড়েছে। বেড়েছে দক্ষিণপন্থা। প্রাতিষ্ঠানিক ধর্ম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রকৃতি ও মানুষের সহাবস্থান নিয়ে ধর্ম ও ধর্মগ্রন্থে নিশ্চিতভাবে উল্লেখ পাওয়া যাচ্ছে। মন্দিরে, মসজিদে, গির্জায় প্রার্থনাররত রাষ্ট্রপ্রধান বা পুঁজিপতি পাওয়া গেলেও—গাছের কোতল কমছে না। তা সে খ্রিষ্টান শিল্পপতি বা রাষ্ট্রনেতা হোন, কিংবা মুসলিম অথবা হিন্দু। গাছ কেটে মন্দির-মসজিদ-গির্জা নয়—কেউ বলছেন না এমন কথা। অথচ, ধর্মের পাতায় পাতায় প্রকৃতি বাঁচানোর দায় উল্লেখ করা আছে।
পঞ্চভূতের পূজা করা হিন্দুধর্মে ক্ষিতি বা মাটি, অপ বা জল, তেজ বা আগুন, মরুৎ বা বায়ু এবং ব্যোম বা আকাশ—প্রকৃতির এই পাঁচটি উপাদানকে পবিত্র ও ঐশ্বরিক জ্ঞান বলা হয়েছে। ঋগ্বেদ ও উপনিষদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থে গাছপালা, নদী, পাহাড় ও প্রাণীদের সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। অহিংসা পরম ধর্ম হওয়ায় সব প্রাণের প্রতি সমান শ্রদ্ধা দেখানো হয়।
ইসলামে মানুষ আল্লার প্রতিনিধি। যার কাজ পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। হজরত মুহাম্মদ (সা.) নিজে বৃক্ষরোপণ করেছেন এবং অকারণে গাছ কাটতে নিষেধ করেছেন। কেয়ামতের মুহূর্তেও হাতে চারা গাছ থাকলে তা রোপণ করার নির্দেশ দিয়েছেন তিনি। কোরআনে সম্পদের অপচয় কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
প্রকৃতির সঙ্গে সহাবস্থানের কথা আছে বৌদ্ধধর্মে। বুদ্ধ প্রকৃতির সঙ্গে মানুষের গভীর ও সংবেদনশীল সম্পর্ক স্থাপনের শিক্ষা দিয়েছেন। বৌদ্ধ দর্শনে সকল প্রাণী ও প্রকৃতি একে অপরের ওপর নির্ভরশীল। অহিংসা ও করুণা তাঁর চালিকাশক্তি। প্রতিটি জীবের প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শনের মাধ্যমে পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষার কথা বলা হয়েছে বৌদ্ধধর্মে।

ঈশ্বর মানুষকে তাঁর সৃষ্টির রক্ষক হিসেবে নিযুক্ত করেছেন—এটাই বাইবেলের শিক্ষা। পোপ ফ্রান্সিস তাঁর ‘লাউদাতো সি’ ঘোষণাপত্রে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ধরিত্রেীকে রক্ষার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বরং বিশ্বের বিভিন্ন আদিবাসী সম্প্রদায় এবং শিন্তো বা প্যাগানের মতো প্রকৃতিভিত্তিক ধর্মগুলো খানিক ক্রিয়াশীল। প্রকৃতিকেই সরাসরি ঈশ্বর বা পবিত্র সত্তা হিসেবে পূজা করেন তাঁরা। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায় তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ হিসেবে শত শত বছর ধরে গাছ ও বন্যপ্রাণী রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করে আসছে। এদেশের জঙ্গলে, বনাঞ্চলে, পাহাড়ে আদিবাসী মানুষ গাছ-জঙ্গল বাঁচানোর জন্য লড়ছে। ব্রাজিলের অ্যামাজন জঙ্গল হোক বা ইন্দোনেশিয়া, আফ্রিকার কোনো দেশ হোক বা ইউরোপ—‘উন্নয়নের ভুক্তভোগী’ মানুষ মরণপণ করে গাছ বাঁচানোর চেষ্টা করছেন। দেশে দেশে গাছ কাটার ফিকির এক, ক্ষমতায় সেই একই রকম প্রাতিষ্ঠানিক ধর্মনির্ভর দল ও তাদের বন্ধু পুঁজিপতির অপার লীলা অব্যাহত। পথ খুঁজতে চাওয়া বিজ্ঞানীর চেয়ে—দেশে দেশে ধর্মগুরুদের লীলা বেড়েই চলছে। গাছ কেটে ধর্মগ্রন্থ ছাপছে অবিরাম। গাছ বাড়ছে না। ভারতে পুণ্য অর্জনের জন্য গাছপুজো আছে, গাছ কাটা হলে শোকসভা নেই। হনুমানের মূর্তিপূজা আছে, অথচ—জঙ্গল কাটতে কাটতে বেঁচে থাকা হনুমান তার প্রাকৃতিক স্বভাব হারিয়ে ফেলেছে।
এসব দেখে ভাবি, গাছ যদি উলটে মানুষ মারতে পারে! ২০০৮ সালে কানাডায় ‘ট্রিভেঞ্জ’ নামের একটি হরর সিনেমা হয়। পরিচালক—জেসন আইসেনার। নিজেদের মধ্যে কথা বলতে পারা গাছেদের জঙ্গলে ক্রিসমাসের আগে একদল লোক ঢুকে যায়। চলে অবিরাম গাছ কাটা, ট্রাকে তুলে পাঠানো হয় অন্যত্র। ক্রিসমাসের দিন কাটা গাছ ঘরে সাজিয়ে—মানুষ নিজের বিরক্তি প্রকাশ করতে গিয়ে জঙ্গল থেকে কেটে আনা গাছের ডালপালা ভাঙতে থাকে। ব্যাস! তারপর গাছেরা প্রচণ্ড রাগে মানুষ মারতে শুরু করে। কেউ ছাড় পায় না। এই পাল্টা মার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মানুষ যেমন মরা গাছ টেনে নিয়ে যায়, গাছও মরা মানুষ সাজিয়ে রাখে। প্রাতিষ্ঠানিক ধর্ম পারেনি। ধর্মীয় নেতা, ধার্মিক পুঁজিপতি, ধর্মের নামে ভোট চাওয়া কেউ—গাছের পক্ষে না। কিন্তু ধর্মগ্রন্থ প্রকৃতিবাদী! খুনি হয়ে ওঠা গাছেরা—এসব জেনে গিয়েছিল। তারপর এলো প্রতিশোধ। রিভেঞ্জ। গাছের হত্যাযজ্ঞ চলা সময়ে—‘ট্রিভেঞ্জ’ ছবিটির শুরুতে বিখ্যাত ‘ক্যানিবাল হলোকাস্ট’-এর থিম সং চালিয়ে দেন পরিচালক।
নাগরিক জীবনে গাছের ডাল-পাতা পড়া নিয়ে প্রতিবেশীর ঝগড়া আছে। তুলসি হিন্দু গাছ, গোলাপ মুসলমান—এমন দাবি আছে। বিশেষ দিনে রাষ্ট্রনেতা বা ধর্মগুরুর গাছ লাগানোর ইভেন্ট আছে। গাছ কাটা হলে—শোকসভা নেই। গিজগিজে মানুষের পৃথিবীতে কবে যে গাছেরা—সত্যিই প্রতিশোধ নেবে!

