ভারতের নির্বাচন কমিশনের সেন্ট্রালাইজড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া. বিশেষ করে এসআইআর সাম্প্রতিক সময়ে দেশের গণতান্ত্রিক কাঠামো ও নাগরিক অধিকারের সুরক্ষার সামনে এক গভীর সংকট তৈরি করেছে। লাখ লাখ বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ পড়ার মুখে ঠেলে দিয়েছে এই প্রক্রিয়াটি৷ এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এক বিপজ্জনক ‘প্রযুক্তিগত বিপর্যয়’-এর রূপ নিয়েছে।
এসআইআর প্রক্রিয়ায় যে সফটওয়্যার বা অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, তা দেশের জটিল ভাষিক বৈচিত্র্য, ঐতিহাসিক ও জনমিতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। পুরনো ও ত্রুটিপূর্ণ লিগেসি ডাটা ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করতে গিয়ে নামের বানান বিভ্রাট, বয়স ও পারিবারিক সম্পর্কের তথ্যে অসংগতি দেখা দেয়। সফটওয়্যারের অসম্পূর্ণ লজিক্যাল ফিল্টার এবং ত্রুটিপূর্ণ অটো-ট্রান্সলিটারেশনের কারণে বহু বৈধ নাগরিককে ‘যৌক্তিক অসংগতি’ (Logical Discrepancies) বা সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এর ফলে প্রশাসনিক স্তরে যন্ত্রনির্ভর ও অন্ধ সিদ্ধান্তের জেরে ভোটার তালিকা থেকে মানুষের নাম কেটে যাওয়ার ঘটনা ঘটে, যা প্রকারান্তরে গণতান্ত্রিক ভোটাধিকারের যান্ত্রিক হরণ ছাড়া কিছু নয়।
এই গোটা প্রক্রিয়ার সবচেয়ে উদ্বেগের দিকটি হলো এর ট্রেড-সিক্রেট ও অস্বচ্ছ গোপনীয়তা। নির্বাচন কমিশন কোন সংস্করণের সফটওয়্যার বা অ্যালগরিদম ব্যবহার করছে, তার ত্রুটির হার (Error Rate) কত—তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। উপরন্তু, কেন্দ্রীয়ভাবে প্রবর্তিত অনমনীয় ডিজিটাল কর্মপ্রবাহ বুথ লেভেল অফিসারদে পরিধি ও স্থানীয় নির্বাচনী আধিকারিকদের স্বাধীন বিচারবুদ্ধিকে সংকুচিত করেছে। অনেক ক্ষেত্রে, যেমন গোয়া বা অন্যান্য রাজ্যে, আধিকারিকরা শুনানির পরে যোগ্য বলে ঘোষণা করলেও ডেটাবেস সিস্টেমের ত্রুটির কারণে তা চূড়ান্ত তালিকায় প্রতিফলিত হতে পারেনি, যা স্পষ্ট করে যে সফটওয়্যার বা কোড এখানে আইন ও প্রবিধানের ঊর্ধ্বে স্থান পেয়েছে।
সংবিধানের মৌলিক গণতান্ত্রিক অধিকার যেখানে সরাসরি প্রযুক্তির ত্রুটির ওপর নির্ভরশীল হয়ে পড়ে, সেখানে প্রশ্ন ওঠে—এই সিদ্ধান্তের দায় কার? অপর্যাপ্ত পরীক্ষামূলক রূপায়ন ও প্রশাসনিক প্রস্তুতি ছাড়াই এ ধরনের সংবেদনশীল প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রয়োগের দায় একশতভাগ নির্বাচন কমিশন ও নীতিনির্ধারকদের। তাড়াহুড়ো করে নির্বাচনী তফসিলে কৃত্রিম চাপ সৃষ্টি করার ফলে যে সামাজিক আতঙ্ক ও আস্থার সংকট তৈরি হয়েছে, তার দায় কোনো একক ভেন্ডর বা প্রযুক্তির ওপর চাপিয়ে দেওয়া যায় না।
প্রযুক্তি কখনোই গণতান্ত্রিক সংবিধান ও আইনের ঊর্ধ্বে উঠতে পারে না। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের অহংকার যেন দেশের সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার হাতিয়ার না হয়, এসআইআর বিতর্ক আজ সেই নির্মম সত্যটিই সামনে এনেছে। তাই স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসনের প্রতি আনুগত্য নিশ্চিত না করে আমূল ডিজিটাল রূপান্তর গণতন্ত্রের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

