এবার স্বাস্থ্য দপ্তরে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার৷ এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি ও চিকিৎসকমহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের দীর্ঘদিনের শূন্যপদ পূরণ এবং পিএসসি (PSC)-র মাধ্যমে স্থায়ী নিয়োগে দেরীর জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস (AHSD)-সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে।
রাজ্যের মেডিক্যাল কলেজ থেকে শুরু করে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র—দীর্ঘদিন ধরেই চিকিৎসকের তীব্র ঘাটতি একটি বড় সমস্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুক্তি, পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে স্থায়ী চিকিৎসক নিয়োগের প্রচলিত প্রক্রিয়ায় প্রায় দেড় বছর বা তার বেশি সময় লাগতে পারে। এই দীর্ঘ সময়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই শূন্যতা ঢাকতেই চুক্তিভিত্তিক নিয়োগের ভাবনা। নীতিগতভাবে সরকার পিএসসি-র মাধ্যমেই স্থায়ী নিয়োগের কথা বললেও, বর্তমান সংকট মেটাতে এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক পথ বেছে নেওয়া হয়েছে।
AHSD র সাধারণ সম্পাদক ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের বহুমুখী নেতিবাচক দিকগুলি তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী চুক্তিভিত্তিক চাকরিতে সামাজিক সুরক্ষা ও চাকরির স্থায়ী নিরাপত্তা না থাকায় তরুণ চিকিৎসকরা নিরুৎসাহিত হন। এর ফলে রোগীর সেবার ধারাবাহিকতা ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে।
মেডিক্যাল এডুকেশন সার্ভিস (MES)-এর ক্ষেত্রে চুক্তিভিত্তিক শিক্ষক বা চিকিৎসক নিয়োগ করা হলে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC)-এর নির্ধারিত মানদণ্ড লঙ্ঘিত হতে পারে, যা খোদ মেডিক্যাল কলেজগুলির স্বীকৃতিকেই বিপন্ন করতে পারে। এছাড়া ময়নাতদন্ত, ইনজুরি রিপোর্ট বা আইনি জবানবন্দির মতো অত্যন্ত সংবেদনশীল ক্লিনিকাল বিষয়গুলিতে চুক্তিভিত্তিক চিকিৎসকরা যুক্ত থাকলে বড় আইনি জটিলতা তৈরি হতে পারে। চিকিৎসকরা মাঝপথে চাকরি ছেড়ে চলে গেলে আদালতে শুনানির সময়ে অনুপস্থিতির কারণে বিচারব্যবস্থা ও প্রশাসন মারাত্মক সমস্যার মুখে পড়ে।
জনস্বাস্থ্য পরিকাঠামোয় অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগ বরাবরই একটি বিতর্কিত রাজনৈতিক ও প্রশাসনিক বিষয়। সমালোচকদের মতে, চুক্তিভিত্তিক নিয়োগ দীর্ঘমেয়াদী সমাধানের পরিবর্তে সমস্যার সাময়িক প্রলেপ মাত্র। স্বাস্থ্য ব্যবস্থার মতো একটি মৌলিক ক্ষেত্রে যদি স্থায়ী পরিকাঠামো ও স্থায়ী কর্মী নিয়োগকে অগ্রাধিকার না দেওয়া হয়, তবে তা পরিকাঠামোর মান কমিয়ে দেয়।
অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সময়ে চিকিৎসা পরিষেবা সচল রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ। তবে চিকিৎসক সংগঠনগুলির স্পষ্ট দাবি—অস্থায়ী বা চুক্তিভিত্তিক ব্যবস্থার ওপর নির্ভর না করে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে পিএসসি-র মাধ্যমে দ্রুত স্থায়ী চিকিৎসক নিয়োগই একমাত্র দীর্ঘস্থায়ী সমাধান।

