আট থেকে আশি। বাঙালির গুরুদেব। গুরুদেব বলতে বাঙালি প্রথমজন উত্তর কুমার কে বোঝে। দ্বিতীয় টা শাহরুখ খান।
বাঙালির শাহরুখ খান? হ্যাঁ আজ্ঞে মশাই! বাঙালির প্রেম করতে শাহরুখ খান কে লাগে। তারপর প্রেমে ঢোক গিললে শাহরুখ খান কে লাগে।
কিন্তু এখানে বাঙালি বলতে গেলে বাঙালি কে দুই ভাগে ভাগ করতে হয়। একপ্রকার হলো নর্থ বা সাউথ কলকাতার সেই হিন্দু বাড়িগুলো যেখানে সকালে বেজে উঠেছে দেবব্রত বিশ্বাসের গলায় রবীন্দ্র সঙ্গীত। বিকেলে ড্রয়িং ক্লাস শেষ করে যারা ভিড় জমিয়েছে একাডেমি চত্বরে।
আর একদল হলো আমার মতো। বড়ো হওয়া যাদের ভাঙাচোরা মফস্বলে। বিকেলের আজানের আওয়াজে যাদের পায়ে লেগে আছে কাদা মাটি। টিভিতে ‘পোয়েনজিতের’ সিনেমা আর কয়েকটা নতুন হিন্দি গান যাদের মুখস্থ। যারা বড়ো হতেই চেনা শুরু করেনি সত্যজিৎ রায় কে। তাদের আগলে বড়ো করে রাখার নাম ‘শাহরুখ খান’ ।
কিন্ত শাহরুখ তো শাহরুখ ই। ফেনোমেনা। তাকে আটকানো সাধ্যি কার। শাহরুখ তখন উলুবেড়িয়া ছেড়ে পাড়ি দিয়েছে ছাতুবাবু বাজারে। কাকা জেঠু রা যখন গম্ভীর মুখে সৌমিত্র উত্তমের বিতর্কে মেতে উঠেছে তখন জানালার কাঁচে সিমরানের চোখ। কেত মেরে চুল ঠিক করে নিচ্ছে বাদল বা পিন্টু। ইস! একবার যদি দেখতে পাই ঐ চোখ দুটো। ‘কুছ কুছ হোতা হ্যায় রে পাগলি’ ।
ইদের মেলা বসেছে তখন। না কলকাতায় বসেনি। আরে মশাই কলকাতা অতো প্রোগ্রেসিভ হতে পারলো কই। মেলা বসেছে মেচেদার এক গ্রামে। শাহরুখ খানের ছবি কেনার ভিড় জমেছে। সাইবার ক্যাফে বা প্রিন্ট আউট ব্যাপার টা তখনও গ্রামে প্রচলিত হয়নি। নাগরদোলার লাইনের ভিড় কে ছাপিয়ে গেছে এই ভিড়। পাশ থেকে কে একটা বললো ‘শারুক খান বে’ বলে দুহাত ছড়িয়ে দিলো। ছেলেটার চোখের তারা তখন উজ্জ্বল। মেলার আলোর থেকে ও বেশি উজ্জ্বল।
গ্রাম হোক মফস্বল হোক। প্রেম তো জীবনেই হবে মামা। আর প্রেমে পড়লে শাহরুখ খান তোমার ক্যাটালিস্ট। সেটা কলকাতার বড়ো রাস্তার মোড়ে টিউশন ফেরত হোক। বা মফস্বলের উঠে যাওয়া স্কুলের প্রেম। শাহরুখ আছে বস। গ্রিটিংস কার্ড। হাতের চিঠি। প্রেমিকা কে সেনোরিটা বলে ডাকা। দিনের শেষে তুমিও জানো শাহরুখ না থাকলে তোমার প্রেম টা টিকতো না। তারপর ঐ প্রেম টিকলো না কিন্ত শাহরুখ টিকে গেলো তোমার নেক্সট প্রেম অবধি।
ছোটবেলার মন খারাপ গুলো ঘুমের মতো। কেটে যায় চা খেলেই। নদীর পাশেই আমাদের শহর। মন খারাপ হলেই আমরা চলে যায় তখন হাওয়া খেতে। কারণ সিগারেট খাওয়ার মতো টাকা আর সাহস তখন জোগাতে পারিনি। স্কুলের জামার বুক পকেটে তখন খুচরো তিন চার টাকা হবে। ব্যাগ হাতড়ে পেলাম আরো দুটো টাকা। একটা পেপসি হয়ে যাবে। পেপসির প্যাকেটে শাহরুখের মুখ। শাহরুখ আর আমি একলা। হাওয়া তখন বেশ জোরে। বিকেল গড়িয়ে সন্ধে নামছে। না এবার বাড়ি ফিরতে হবে। মন খারাপ করলে চলবে না। মা শাহরুখের কথাও শুনবে না।

সাউথ কলকাতার সাউথ পয়েন্ট ছিলো। আমাদের ছিলো পাঁচিল টপকানো উচ্চ বিদ্যালয়। ক্লাসরুমে তখন ভূগোলের ম্যাম ঢুকেছে। আমার মতো বাকিদের মনে তখন ‘ম্যায় হু না’ প্লিজ এই স্কুল দখল করে নিক টেরোরিস্ট রা। দু হাত খুলে দাঁড়িয়ে থাকি আমি। ব্যাকগ্রাউন্ডে বাজুক সাতশো আটশো ভায়োলিন। এই উচ্চবিদ্যালয়ের হিরো কে কোনো সাউথ পয়েন্টের নাড়ুগোপাল ভিলেন হারাতে পারবে না। ঢির ছোঁড়া দূরত্বে গার্লস হাইস্কুল। টিফিনের ব্রেক কষে আর্তনাদ ‘পালাট, প্লিজ পালাট’। না কেউ ফিরে তাকায়নি। তখনো তাকায়নি।আজ ও।
কোনো এক পত্রিকা ছেপেছে ‘সন্ত্রাসবাদের ধর্ম হই কি’। হয় বোধহয়। অথবা হয়না। আমার তখন বয়স ছোট। সাইকেল প্যাডেল করে সোজা সমরেশের সেলুন দোকান। গোটা মুসলিম মহল্লায় একটা হিন্দু নাপিত। তাকে ঘিরেই পাড়ার লোকেদের কতো উৎসাহ। ছোটবেলা থেকে দেখি ইদের আগে সারারাত দোকান খোলা। দোকানের পাশেই আবার বিফের হোটেল। আমি একটা সিক কাবাব মুখে পুরে বসে যেতাম চুল কাটতে। ভাগ্যিস চুলের ধর্ম হয়না। তারপর একটু বড়ো হতে টের পেলাম শুধু অঙ্কে না। সমাজে গেঁথে বসে আছে লঘু গুরুর গসাগু। তখন খুব ইচ্ছে করেছিলো ছোটবেলার প্রিয় বন্ধু কে যদি ‘মাই নেম ইজ খান’ দেখাতে পারতাম আজ তাহলে সত্যিই যোগাযোগ থাকতো।
তারপর কয়েকটা শীত। কয়েকটা ঝড়। মফস্বল ছেড়ে আমিও ঢুকে পড়েছি এই ভিড়ের মাঝে। যেখানে মন খারাপ গ্লাসে মাপা হয়। প্রেম মাপা হয় ইংরেজি কবিতায়। আমার তখন কিছুই নেই। ইউনিভার্সিটির গেটে তখন কিছু মিছিল আছে। দাদা দিদির কেতা আছে। প্রেমিকা অভিমান করলে চুমু আছে। আর দু একটা শাহরুখের ডায়ালগ আছে। ঐ ইয়র্কারের মতো কখন কাজে লেগে যায়।
তারপর আমরা ‘ভীর জারা’দেখে চুটিয়ে কেঁদেছিলাম। কাঁদলে এতো রোমান্টিক লাগে এই প্রথম জানলাম। না প্রেম টা টিকলো না। কিন্ত ‘ভীর জারা’ আমি আজ ও দেখি। একলাই দেখি। শুধু কাঁদিনা।উলুবেড়িয়া হোক বা কলকাতা সিঙ্গেল স্ক্রিন গুলো উঠে গেলো। বদলে গেলো শহরের রং। মানুষজনের মুখের আদল। প্রেম বদলে গেলো কত। বদলে গেলো ভালোবাসা ঘেন্নার সম্পর্ক। সেই ঘেন্নায় আক্রান্ত শাহরুখ খান ও। কিন্ত ও তো শাহরুখ খান ভাই। ভালোবাসায় জিতে নেয় সবকিছু। মহব্বত কি দুকান। দু চার ফোঁটা ঘেন্না ছুঁতে পারলো না লোক টা কে।
কিন্তু লোক টা ছুঁয়ে গেলো আমার আমাদের মন মস্তিষ্ক কে। খানিকটা প্রেমিকার কপালের টিপের মতো। সুন্দর। অসম্ভব সুন্দর।
বাঙালির রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায় মজ্জায় জড়িয়ে গেছে। কিন্ত যেই লোক টা পাকস্থলী জুড়ে বসে আছে। আমিষ নিরামিষ সহ্য করে নিচ্ছে অনায়াসে তার কথা ভুলি কি করে। তাকে ভুললে তো আমি আমার ফেলে আসা মফস্বল ভুলে যাবো। তাকে ভুললে তো আমার প্রাক্তন প্রেমিকা কে ভুলে যাবো। তাকে ভুললে তো সেই মেয়ে কে ভুলে যাবো যাকে চাইলেই অনেক কিছু দিতে পারতাম।
তুমি ঐ সেকেলে বাঙালির সেকেলে শ্লোগানের মতোই। শাহরুখ তোমায় ভুলিনি। ভুলছি না।

