দক্ষিনপন্থায় ঘৃণার প্রতিযোগিতা : আক্রান্ত ভারতীয়-খ্রিস্টান, মার্কিনি-হিন্দু

১৯ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

দিন কয়েক আগের কথা। দীপাবলির উৎসবের মধ্যেই ওয়াশিংটনের সিয়াটেলে একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন দুই মার্কিন উগ্র-দক্ষিণপন্থী।  হাতে পোস্টার – ‘সব ডট হেডকে আমেরিকা থেকে বিতাড়িত করো’, অন্যটিতে লেখা, – আমেরিকায় খ্রিস্টানদের জায়গা দখল করছে হিন্দুরা।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার সিয়াটল সেন্টার আর্মরিতে দীপাবলির সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় – মার্কিন পতাকা হাতে হাজির হন জ্যাক ল্যাং ও থমাস অ্যালেন নামে দুই উগ্র-দক্ষিণপন্থী। ‘ডট হেড’ শব্দটি বিশেষত কপালে তিলক বা টিপ পরা ভারতীয়দের উদ্দেশে ব্যবহৃত বর্ণবিদ্বেষী গালি। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বিক্ষোভকারীদের বাধা দিলে – ধস্তাধস্তি হয়। শেষে নিরাপত্তারক্ষীরা দু’জনকে অনুষ্ঠান থেকে বের করে দেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘এই ঘটনা অত্যন্ত ঘৃণ্য ও বর্ণবিদ্বেষী, আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিরাপদে দীপাবলি পালনের অধিকার রয়েছে এবং এমন ঘৃণ্য আচরণের জায়গা আমেরিকা বা সিয়াটলে হতে পারে না।’ ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী অজয় জৈন ভুতোরিয়া ও হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের কর্ণধার সুহাগ শুক্লাও নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

জ্যাক ল্যাং, আমেরিকার উগ্র-দক্ষিণপন্থী রাজনীতির পরিচিত মুখ। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হামলার ঘটনায় তার নাম উঠে আসে। একাধিক অভিযোগে জ্যাকের বিরুদ্ধে ফেডারেল মামলা হয়। ২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করেন। তার সংগঠন ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ আমেরিকায় শ্বেতাঙ্গদের জায়গা অন্য জাতি ও অভিবাসীরা দখল করছে — এমন তত্ত্ব প্রচার করে। এই একই তত্ত্বেই ভারতে সংখ্যালঘু আক্রান্ত হয়। 

অ্যান্টি হিন্দু প্রোটেস্ট

এদিকে গত সপ্তাহে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে ডেমোক্র্যাটদের বড় জয় হয়েছে। ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা রিপাবলিকান প্রার্থীও পরাজিত হয়েছেন। ঘটনার পর সমাজমাধ্যমে নিজের ছবি পোস্ট করে উল্টে আক্রান্ত হওয়ার অভিযোগ করেন ল্যাং। টেক্সাসে রিপাবলিকানদের পরাজয়ের জন্য হিন্দু ভোটারদের তিনি দায়ি করেন।

সাম্প্রতিক অতীতে আমেরিকায় হিন্দু-বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ।এই আবহে ‘হিন্দু-আতঙ্ক’ এবং হিন্দু-বিদ্বেষ রোখার জন্য গত বছর বিল এনেছে জর্জিয়া। আমেরিকায় প্রথম কোনও প্রদেশ এই পদক্ষেপ করে। বিলে হিন্দুবিদ্বেষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আইন করা হয়েছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলেরই সমর্থন রয়েছে বিলে। রিপাবলিকান দলের দুই সেনেট সদস্য শন স্টিল সে সময় বলেন – ‘গত কয়েক বছর ধরে আমরা দেখছি, দেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে।’ ওই বিলে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনাকে ‘বৈরিতামূলক, ধ্বংসাত্মক, অবমাননাকর’ বলে দাবি করা হয়েছে। হিন্দুদের একটি সংগঠন – ‘কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা’ সেনেটরদের ধন্যবাদ জানিয়েছিল। জর্জিয়ায় প্রায় ৪০ হাজার হিন্দুর বাস। সেখানে গত কয়েক বছরে আমেরিকায় হিন্দুদের বিরুদ্ধে হিংসা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। ‘গাভিষ্ঠি ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের পরিসংখ্যান বলছে, ২০২৩-২৫ সালের মধ্যে  আমেরিকায় হিন্দুদের বিরুদ্ধে ১,৩১৪ টি ‘ধর্মীয় হিংসা’-র ঘটনা ঘটেছে।

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সামগ্রিক ঘৃণামূলক অপরাধ কিছু ক্ষেত্রে কমলেও, শিখ ও হিন্দুদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধের হার বৃদ্ধি পেয়েছে। যেমন, এফবিআই ডেটা অনুযায়ী হিন্দু-বিরোধী ঘৃণামূলক অপরাধ প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এইচ-১বি ভিসা এবং অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কের জেরে অনলাইনে ভারতীয় ও হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক পোস্ট এবং বর্ণবিদ্বেষী মন্তব্য উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। 

চার্চে হিন্দুত্ববাদীদের হামলা

ভারতেও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা, নিপীড়ন অব্যাহত। সামাজিক বা আইনি হয়রানির ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে  উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হিন্দুত্ববাদী ও দক্ষিণপন্থী বিভিন্ন সংগঠন প্রায়ই খ্রিস্টান মিশনারি বা সাধারণ বিশ্বাসীদের বিরুদ্ধে জোরপূর্বক বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তর করানোর অভিযোগ তোলে। এর ফলে অনেক রাজ্যে কঠোর ধর্মান্তরবিরোধী আইন প্রণয়ন করা হয়েছে, যা অপব্যবহার করে পাদ্রী ও সাধারণ বিশ্বাসীদের গ্রেপ্তার করা হচ্ছে। উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও মণিপুরসহ বিভিন্ন রাজ্যে প্রার্থনা সভা বা ‘হাউস চার্চ’-এ হামলা, গির্জা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক কালে মণিপুরের জাতিগত হিংসায় শতাধিক গির্জা ধ্বংস হওয়ার তথ্য পাওয়া গেছে। গ্রামীণ অঞ্চল, আদিবাসী এবং নিম্নবর্ণের খ্রিস্টানরা বেশি হামলার শিকার হচ্ছেন। বিশেষ করে আদিবাসী সমাজে যারা খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন, তাদের সামাজিক বয়কট এবং শারীরিক নিপীড়নের মুখে পড়তে হচ্ছে। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরাম এবং অন্যান্য মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বিগত এক দশকে ভারতে খ্রিস্টানদের ওপর সহিংসতা কয়েকগুণ বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতি বছর শত শত হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলেও সম্প্রতি খ্রিস্টানদের ওপর হামলার নানা অভিযোগ সামনে এসেছে।

‘ইন্ডিয়া হেইট ল্যাব’-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় খ্রিস্টানদের ওপর ৬০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৫২টি ঘটনাই ছিল প্রার্থনাসভা ও গির্জায় হানা, আর বাকি ৮টি শারীরিক সহিংসতা, ভিড়ের আক্রমণ বা ভাঙচুরের ঘটনা।খ্রিস্টান সংগঠন ও ভুক্তভোগীদের অভিযোগ, – জোর করে ধর্মান্তরের অভিযোগ তুলে প্রার্থনাসভায় বাধা দেওয়া হচ্ছে। ক্রুশ ভেঙে ফেলা হচ্ছে। কিছু জায়গায় খ্রিষ্টানদের সামাজিক বয়কট বা সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।  খ্রিস্টান সংগঠনগুলি এই অভিযোগ তুলে ধর্মীয় স্বাধীনতা রক্ষা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

ভারত সহ, ইউরোপ-আমেরিকায় বিদ্বেষ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যেন! সংখ্যালঘু নিপীড়ন – সংখ্যাগুরুর ক্ষমতা জাহিরের স্বাভাবিক ঘটনা হয়ে গেছে যেন! ভোট আছে, সস্তা বিদ্বেষ বাড়িয়ে জনসমর্থন দেখিয়ে দেবার খেলা নতুন না। তাতে, ধর্মীয় বিদ্বেষ দেখিয়ে স্থানীয় নেতা তৈরির কারবার – আমেরিকা হোক বা ভারতে ছবিটা একই। বিজেপি ক্ষমতায় আসতে না আসতে – পশ্চিমবঙ্গে খ্রিস্টান-নিপীড়ন বেড়ে গেল। স্থানীয় বিদ্বেষী হয়তো নেতা হবে, ভোটে দাঁড়াবে, জিতবে। কিন্তু, সুদূর বিদেশে – এই চলমান পারস্পরিক বিদ্বেষের শিকার যিনি হবেন – তিনিও সংখ্যালঘু। তিনি হিন্দু বা ভারতীয়। তবু, জর্জিয়ায় বিদ্বেষ মেটানোর আইন হয়। এখানে তখনও দক্ষিনপন্থি নেতা বা দলের টার্গেট নিরীহ সংখ্যালঘু। এখানে যিনি মুসলমান বা খ্রিস্টান। ওখানে তিনি হিন্দু। বিদ্বেষের প্রতিযোগিতা থামার নয়। অথচ, গণতান্ত্রিক দেশের সংবিধানে সবার বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা আছে।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.