রাত তখন সাড়ে আটটা কি ন’টা। সারাদিনের কাজ সেরে নিরাপদে বাড়ি ফেরার জন্য একটি টোটোয় চেপে বসেছিলেন এক মহিলা। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি, সামনের বাঁক পেরোলেই তাঁর জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ দুঃস্বপ্ন। কিছুটা এগোতেই হঠাৎ অন্ধকার ফুঁড়ে সামনে এসে দাঁড়ায় ছয়জন যুবক। পথ আটকে দাঁড়ায় টোটোটির। প্রথমেই তাদের নজর পড়ে টোটো চালকের ওপর। চালক মুসলিম সম্প্রদায়ের—মস্ত বড় অপরাধ! মদ্যপ অবস্থায় থাকা ওই যুবকেরা নিজেদের স্থানীয় বিধায়কের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে শুরু করে চরম হেনস্থা। মহিলার দিকে আঙুল তুলে তারা হুঙ্কার দেয়, “হিন্দু হয়ে কেন মুসলিমের টোটোতে চেপেছিস? জানিস না এখন রাজ্যে সনাতনি সরকার চলছে!”
ঘটনাটি শুনে উত্তর ভারতের মনে হলেও, এটি ঘটেছে বাংলায়। গত ২ নভেম্বর মেমারী থানার দুর্গাপুর পঞ্চায়েতের ঘোড়াডাঙা এলাকায়। অসহায় মহিলা কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর চাপিয়ে দেওয়া হয় এক অদ্ভুত ফতোয়া—এই ‘অপরাধের’ মাশুল হিসেবে তাঁকে নাকি ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে! মধ্যবিত্ত ঘরের মহিলার পক্ষে অত টাকা দেওয়া সম্ভব ছিল না। অপারগতা প্রকাশ করতেই পরিস্থিতি আরও কুৎসিত রূপ নেয়। অভিযোগ, বিধায়কের নাম ভাঙানো ওই ছয় কর্মী এবার মহিলাকে অশালীন ও কুপ্রস্তাব দিতে শুরু করে।
প্রতিবাদ করায় আরও ক্ষিপ্ত হয়ে ওঠে দুষ্কৃতীরা। নিরীহ টোটো চালককে বেধড়ক মারধর শুরু হয়, চলে মহিলার ওপর চরম মানসিক ও শারীরিক হেনস্থা। এখানেই শেষ নয়, রাত ন’টার সময় কেন তাঁরা একসাথে টোটোয় যাচ্ছেন, তা নিয়ে মিথ্যা বদনাম রটিয়ে দুজনকে বিবস্ত্র করে পরীক্ষা করার জন্যও চাপ সৃষ্টি করা হয়। চরম অপমানেও মাথা নত করেননি ওই মহিলা। দৃঢ় কণ্ঠে তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন, “পুলিশ ডাকুন, প্রয়োজনে আমি মেডিকেল টেস্ট করাতেও রাজি আছি।”
প্রায় দেড় ঘণ্টা ধরে চলে এই নারকীয় তাণ্ডব। অবশেষে মহিলার কাছ থেকে ফোন-পে -এর মাধ্যমে জোরপূর্বক ৬ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁদের ছেড়ে দেয় ওই দুষ্কৃতীরা। পরদিন সকালেই ন্যায়ের আশায় মেমারী থানায় ছুটে যান আক্রান্ত মহিলা। কিন্তু সেখানে গিয়ে যেন আরও বড় ধাক্কা খান তিনি। অভিযোগ, থানার ডিউটিরত পুলিশ কর্মী শৈলেন বাবু অভিযোগ নেওয়া তো দূরের কথা, উল্টে ভয় দেখিয়ে বলেন, “বিধায়কের প্রতিনিধি বিজয় পাল—তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে বাঁচতে পারবি?” মিথ্যা অভিযোগের ভয় দেখিয়ে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয় নির্যাতিতাকে।
পরবর্তীতে স্থানীয় কিছু কর্মীর সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও, ঘটনার ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের টিকিটিও ছুঁতে পারেনি পুলিশ। আক্রান্ত মহিলার প্রশ্ন—”এ কোন রাজ এলো, যেখানে রাত ন’টার সময় একজন মহিলা নিরাপদে টোটো চেপে বাড়ি ফিরতে পারবেন না?” ঘোড়াডাঙার এই ঘটনা মেমারীর বর্তমান পরিস্থিতির এক জলজ্যান্ত প্রতিচ্ছবি।
স্থানীয়দের ক্ষোভ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মাত্র কয়েক সপ্তাহ আগেই, ২০২৬ সালের অক্টোবরে রসুলপুর দলুই বাজারে বিধায়কের নাম ব্যবহার করে এক কাঠমিল মালিকের কাছে ৩ লক্ষ টাকা তোলা দাবি করা হয়েছিল। টাকা না মেলায় মিলের গেটে তালা ঝুলিয়ে দেয় তোলাবাজরা। পরবর্তীতে চাপে পড়ে তালা খুললেও, পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে।
একদিকে বেআইনি পার্কিং ও যানজটের বিরুদ্ধে বিধায়কের নিজের রাস্তায় নেমে হুঁশিয়ারি দেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, অন্যদিকে ডিজে-বিরোধী বার্তার আড়ালে শাসকদলেরই একাংশকে ডিজের তালে নাচতে দেখা যাচ্ছে। এই দ্বিচারিতা আর একের পর এক তোলাবাজি ও হেনস্থার ঘটনায় আজ আতঙ্কিত ও ক্ষুব্ধ মেমারীবাসী। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—আইনের শাসন কি তবে সত্যিই অদৃশ্য হয়ে গেছে, নাকি প্রভাবশালীদের ছত্রছায়ায় এভাবেই অধরা থেকে যাবে অপরাধীরা?

