প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের ছবিযুক্ত পোস্টারে আপত্তিকর মন্তব্যের ঘটনায় দুই স্নাতকোত্তর ছাত্রীকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
সাম্প্রতিক অতীতে ভারতের বিভিন্ন প্রান্তে ঐতিহাসিক ব্যক্তিত্ব ও সমাজসংস্কারকদের মূর্তি ভাঙা বা বিকৃত করার ঘটনা রাজনীতিতে একটি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ঠিক পরেই বিলোনিয়াতে লেনিনের মূর্তি ভাঙার মধ্য দিয়ে এই ধারার সূচনা হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, এমনকি কবি জীবনানন্দ দাশের মূর্তি ভাঙচুর এবং অবমাননার অভিযোগ উঠেছে।
এই ধরনের ঘটনাগুলি আসলে একটি নির্দিষ্ট মতাদর্শগত এজেন্ডার অংশ, যা দেশের বহুত্ববাদী সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যকে মুছে ফেলার চেষ্টা করে। অন্যদিকে, শাসক দল বা দক্ষিণপন্থী শক্তির সমর্থক ও নীতি নির্ধারকদের বক্তব্য হলো, এই ধরনের অপরাধমূলক কাজের সাথে মতাদর্শের কোনো সম্পর্ক নেই, বরং এগুলি সমাজবিরোধীদের কাজ এবং এর পেছনে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাটিতেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়ে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে, যা নিয়ে ক্যাম্পাসে ও রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে তীব্র মতপ্রার্থক্য দেখা দিয়েছে।
কিছু সময় আগে ইসকনের প্রবীণ প্রচারক ও ব্রহ্মচারী অমোঘ লীলা দাস তাঁর একটি বক্তৃতায় স্বামী বিবেকানন্দের আমিষ আহার নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে, কোনো “দিব্য পুরুষ” মাছ খেতে পারেন না। পাশাপাশি তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের দর্শন ও বাণী নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। ঐতিহাসিক ও প্রামাণিক তথ্যানুযায়ী, স্বামী বিবেকানন্দ তাঁর জীবদ্দশায় এবং বিদেশ ভ্রমণের সময় আমিষ আহার গ্রহণ করতেন এবং এই বিষয়ে তাঁর কিছু বিখ্যাত মন্তব্যও রয়েছে। তিনি মনে করতেন, শারীরিক ও মানসিক শক্তির বিকাশের জন্য খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অন্ধ গোঁড়ামির কোনো স্থান নেই।কিন্তু এসবক্ষেত্রে কখনোই প্রশাসনকে এই সকল ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নি, যতটা তৎপরতা তারা প্রেসিডেন্সির দুই ছাত্রীর বহিষ্কারের সময় দেখালেন৷
বাঙালি সংস্কৃতিতে মাছ, মাংস এবং আমিষ পদের উপস্থিতি সুপ্রাচীনকাল থেকেই একটি সামাজিক ও সাংস্কৃতিক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সমালোচকদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে দক্ষিণপন্থী মতাদর্শের প্রভাবে আমিষ খাদ্যাভ্যাস, বিশেষ করে নিরামিষবাদকে একমাত্র ‘পবিত্র’ বা ‘গ্রহণযোগ্য’ হিসেবে প্রতিষ্ঠা করার একটি সুপ্ত প্রচেষ্টা চলছে।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাঙালি সংস্কৃতির মূল স্তম্ভগুলির ওপর পরোক্ষ প্রভাব ফেলার চেষ্টা চলছে। দক্ষিণপন্থী রাজনীতির মূল ভিত্তি হলো সাংস্কৃতিক জাতীয়তাবাদ। এর সাথে বাংলার ঐতিহ্যগত উদারপন্থী, বহুত্ববাদী এবং খাদ্যাভ্যাসের স্বাধীনতা অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। ফলত স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বরা বাঙালি মানসে যে স্থান দখল করে আছেন, তাঁদের চিন্তাধারাকে বর্তমান রাজনৈতিক কাঠামোর উপযোগী করে উপস্থাপনের বা খণ্ডিতভাবে ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়।
খাদ্য এবং সংস্কৃতির মতো ব্যক্তিগত ও সামাজিক বিষয়গুলিকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে আসার ফলে জনমানসে মেরুকরণ সহজ হয়, যা নির্বাচনী রাজনীতিতে প্রভাব ফেলে।
একদিকে যেমন ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতির স্বাতন্ত্র্য রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন রয়েছে, অন্যদিকে তেমনই জাতীয়তাবাদী ভাবধারা ও শৃঙ্খলা রক্ষার কড়া প্রশাসনিক দাবিও সামনে আসছে। এই দুইয়ের সংঘাত আগামী দিনে বাংলার রাজনীতি ও সমাজবিন্যাসকে কোন দিকে চালিত করবে, সেটাই এখন দেখার বিষয়।

