শবরীমালা মন্দিরে ঘি কেলেঙ্কারি ,নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য!

২৫ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

সম্প্রতি সামনে এসেছে ​কেরালার প্রখ্যাত শবরীমালা মন্দিরে সংঘটিত ‘ঘি কেলেঙ্কারি’ র ঘটনা৷ এই ঘটনা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা, প্রাতিষ্ঠানিকতা এবং রাজনৈতিক সুরক্ষার এক গভীর সংকটকে উন্মোচিত করেছে। মন্দিরের পবিত্র ‘অরবনা প্রসাদ’ তৈরির জন্য বরাদ্দ করা উন্নতমানের ঘি পাচার, নিম্নমানের ঘি সরবরাহ এবং ‘আদিয়া সিষ্টম ঘি’ (Aadiya Sishtam Ghee) বিক্রির অর্থ আত্মসাতের ঘটনা সামনে এসেছে৷ যা কেরালাজুড়ে তীব্র রাজনৈতিক ও সামাজিক আলোড়ন সৃষ্টি করেছে।

কেরালা কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (KCMMF) বা ‘মিল্মা’ থেকে মন্দিরের উদ্দেশ্যে পাঠানো উচ্চমানের ঘি মাঝপথেই পাচার করে দেওয়া হয়। প্রধান অভিযুক্ত এস. এস. বিনু নামের একজন পরিবহন ঠিকাদার ডেয়ারি থেকে শবরীমালা মন্দিরে ঘি পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। তিনি প্রায় ১১,০০০ লিটার আসল মিল্মা ঘি মন্দিরে না নিয়ে গিয়ে তামিলনাড়ুর ওটানচাটরামের দুই পাইকারি ব্যবসায়ী—ভেঙ্কটেশ্বরণ এবং কুমারনের কাছে নগদ ৫০ লাখ টাকায় বিক্রি করে দেন। এরপর মন্দিরে সেই আসল ঘি-এর বদলে অত্যন্ত নিম্নমানের ও কমদামী ঘি সরবরাহ করা হয়।

অভিযোগ রয়েছে, জয়লাল ঠিকাদারের সাথে হাত মিলিয়ে ভুয়া নথিপত্র তৈরি করেছিলেন এস.এস. বিনু। রেজিস্টার খাতায় জালিয়াতি করে দেখানো হয়েছিল যে মিলমার আসল ঘি সম্পূর্ণই মন্দিরে পৌঁছেছে, যাতে ঠিকাদার সহজেই বিলের টাকা তুলে নিতে পারে।

মন্দিরের স্টোর নথিপত্রে জালিয়াতি এবং প্রায় ৩৫ লক্ষ টাকার ‘আদিয়া সিষ্টম ঘি’ বিক্রির অর্থ তছরুপ প্রমাণ করে যে প্রশাসনিক স্তরে দুর্নীতির শিকড় কতদূর গভীরে বিস্তৃত। কেরালার উচ্চ আদালত একে সরাসরি একটি বড় ধরনের “প্রাতিষ্ঠানিক ব্যর্থতা” হিসেবে আখ্যা দিয়ে সঠিক পদক্ষেপের নির্দেশ দিয়েছে।

​এই কেলেঙ্কারির পর কেরালা উচ্চ আদালতের কঠোর অবস্থান এবং ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন ব্যুরো (VACB)-র বিশেষ তদন্তকারী দলের (SIT) তৎপরতা প্রশংসনীয়। মূল অভিযুক্ত ঠিকাদার এস. এস. বিনু, দেবস্বম বোর্ডের স্টোর সুপারভাইজার জয়লাল এবং তামিলনাড়ুর ওডানচাট্রামের দুই পাইকারি ব্যবসায়ী ভেঙ্কটেশ্বরন ও কুমারনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বিশেষ করে, কেলেঙ্কারির সাথে যুক্ত এক অভিযুক্তের পুনরায় সর্বনিম্ন দর হেঁকে টেন্ডার পাওয়ার চেষ্টা রুখে দিয়ে দেবস্বম বোর্ডের পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যা প্রশাসনিক সততা ফেরানোর একটি জরুরি পদক্ষেপ।

​শবরীমালা মন্দির কেরালায় কেবল একটি উপাসনালয় নয়, বরং এটি রাজ্যটির সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুভূতির একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র। অতীতেও শবরীমালা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এই ঘি কেলেঙ্কারির ফলে সাধারণ ভক্তদের মনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনার সুযোগ নিয়ে দেবস্বম বোর্ডের পরিচালনা পর্ষদ এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছে। ভক্তদের পবিত্র নৈবেদ্য নিয়ে এ ধরনের বাণিজ্য ও দুর্নীতি ধর্মীয় ভাবাবেগের ওপর এক নির্মম আঘাত।

​শবরীমালা মন্দিরের এই ঘি কেলেঙ্কারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পবিত্র ধর্মীয় স্থানগুলির ব্যবস্থাপনা ও প্রশাসনিক ক্ষেত্রে নিখুঁত স্বচ্ছতা এবং কঠোর নজরদারি কতটা জরুরি। উচ্চ আদালতের তত্ত্বাবধানে ভিজিল্যান্সের চলমান তদন্ত যেন কেবল কয়েকজন ছোট বা মাঝারি স্তরের কর্মচারীর গ্রেপ্তারে সীমাবদ্ধ না থাকে; এর পেছনে থাকা মূল হোতা এবং রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবশালীদের মুখোশ উন্মোচন করা অত্যন্ত প্রয়োজন। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে দেবস্বম বোর্ডের সম্পূর্ণ কাঠামোগত সংস্কার এবং স্বাধীন ও নিরপেক্ষ তদারকি ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.