“মুসলমানের রক্ত হিন্দু নেবে না!” রক্তেরও ধর্ম হয়?

৬১ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

বাংলার যে মাটিতে একদিন জন্মেছিলেন লালন সাঁই রবীন্দ্রনাথ নজরুল—যাঁরা গেয়েছিলেন মানবতার গান—আজ সেই বাংলার মাটিতেই আজ বিভেদের নয়া নজির। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কিছু বার্তা৷ রক্তদানকে কেন্দ্র করে উঠে এসেছে মন্তব্য – “মুসলমানের রক্ত হিন্দু নেবে না।”

বিজ্ঞানের পরীক্ষাগারে অণুবীক্ষণ যন্ত্রের নিচে দাঁড়ালে রক্তের কোনো ধর্ম পাওয়া যায় না। সেখানে রক্তের গ্রুপ কেবল A, B, AB বা O-তেই সীমাবদ্ধ। রক্তে কোনো তিলক থাকে না, থাকে না কোনো নির্দিষ্ট ধর্মের সিলমোহর। তবু আজ বাংলার বুকে তৈরি হয়েছে এক অদ্ভুত কৃত্রিম দেয়াল। রক্তদান শিবিরে হাত বাড়াতে গিয়েও আজ বহু মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইবোনেরা এক অজানা সঙ্কোচে থমকে দাঁড়াচ্ছেন—ভয়ে ভয়ে জানতে চাইছেন, “আমাদের রক্ত নিতে কোনো অসুবিধা হবে না তো?”

বাংলার সামাজিক ইতিহাসে রক্তদান বা সমাজসেবামূলক কাজে ধর্মীয় বা সম্প্রদায়গত ভেদাভেদ কখনো স্থান পায়নি। স্বেচ্ছায় রক্তদান আন্দোলনে এ রাজ্য অতীতে এক উজ্জ্বল নজির স্থাপন করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এক বিশেষ রাজনৈতিক মতাদর্শের উত্থানের ফলে এই পরিবেশ বদলাতে শুরু করেছে।

​বিজেপি ও তার অনুসারী হিন্দুত্ববাদী শক্তিগুলো দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরে মেরুকরণের রাজনীতিকে উৎসাহিত করে আসছে। এই রাজনীতির মূল ভিত্তি হলো ‘আমরা বনাম ওরা’ এই বিভাজনমূলক মানসিকতা। নির্বাচনকেন্দ্রিক রাজনীতি, সোশ্যাল মিডিয়ার ট্রোল আর্মি এবং পরিকল্পিত তথ্যপ্রচারের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবন, আবেগ এবং সামাজিক সম্পর্কগুলোর মধ্যে ধর্মীয় মেরুকরণ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মনস্তত্ত্বে এক ধরনের কৃত্রিম ভীতি ও অনাস্থা তৈরি করা হচ্ছে, যা ব্লাড ডোনেশন ক্যাম্প বা হাসপাতালের মতো পরিসরেও সংক্রমিত হচ্ছে।

সমাজে এই ধরনের কৃত্রিম বিভেদ তৈরি করে একপক্ষের মেরুকরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা লোটা এই রাজনীতির মূল কৌশল। এর মাধ্যমে সাধারণ মানুষের মৌলিক সমস্যা—যেমন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য—থেকে নজর ঘুরিয়ে ধর্মীয় আবেগ ও পরিচয়ভিত্তিক রাজনীতির দিকে চালিত করা হয়।পাড়ায় পাড়ায় বা বন্ধুত্বের সম্পর্কে যে পারস্পরিক বিশ্বাস ছিল, তা ভেঙে দিয়ে এক ধরনের অদৃশ্য দেওয়াল তৈরি করা হচ্ছে। এতে রাজনৈতিক দলগুলো সাময়িকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে সমাজ দুর্বল হয়ে পড়ে।

ভারতের সংবিধানের মূল ভিত্তি হলো ধর্মনিরপেক্ষতা এবং সর্বধর্ম সমন্বয়। এই ধরনের ঘটনাগুলো সেই সাংবিধানিক মূল্যবোধ ও বহুত্ববাদী ভাবমূর্তিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে প্রশ্নবিদ্ধ করে।

এই ধরনের প্রবণতা যদি এভাবেই বৃদ্ধি পেতে থাকে তাহলে ​সমাজ ক্রমশ আরও অসহিষ্ণু হয়ে উঠবে, যেখানে মানবিকতার চেয়ে সংকীর্ণ ধর্মীয় পরিচয় বড় হয়ে দাঁড়াবে। ​জীবনমৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা রোগীরাও যদি রক্তের ধর্ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন, তবে তা চিকিৎসা ব্যবস্থার মৌলিক নৈতিকতাকে ধ্বংস করে দেবে।​বাংলার যে দীর্ঘ ঐতিহ্য প্রগতিশীল চিন্তা, মানবতাবাদ এবং সাংস্কৃতিক সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত, তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রক্তে কোনো ধর্ম থাকে না, থাকে কেবল প্রাণ। যে রাজনীতি মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করে, মানুষের ধমনীতে বিভেদের বিষ ঢেলে দেয়, তা মানুষের শত্রু। বাংলার এই রুগ্ন ও সংকীর্ণ মানসিকতার বিরুদ্ধে আজ প্রয়োজন এক তীব্র সাংস্কৃতিক ও সামাজিক প্রতিরোধ। রক্তদানের মতো পরম মানবিক ব্রতকে রাজনীতির নোংরা থাবা থেকে মুক্ত করে বাংলার সেই পুরনো সম্প্রীতি ও প্রাণের উৎসবকে ফিরিয়ে আনাই আজ সময়ের দাবি৷

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.