বুধবার ভোরে অসমের দিগরু রেলস্টেশন এলাকায় কলকাতা-সাইরাং এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়৷ আপাতভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি৷ এই ঘটনা ফের একবার ভারতীয় রেলের সুরক্ষাব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছে। উত্তরে-পূর্ব সীমান্ত রেলওয়ের বিবৃতি অনুযায়ী, দিগারু স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেসকে জায়গা দিতে গিয়ে লোকো পাইলট গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা করা হলেও, কেবিনের একটি ভিডিওতে ব্রেক সিস্টেম সম্পূর্ণ অকার্যকর থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। ভাইরাল হওয়া ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে চালককে আতঙ্কিত অবস্থায় বলতে শোনা যায় যে, ব্রেক পাইপের প্রেশার কমছিল না এবং লাল সিগন্যাল দেখে জরুরি ব্রেক (Emergency Brake) বা কন্ট্রোল প্যানেলের কোনো কিছুই কাজ করছিল না। শেষ পর্যন্ত ট্রেনটি থামাতে না পেরে রেলপথের ব্যারিকেডে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এবং সকল যাত্রী নিরাপদ রয়েছেন। কিন্তু এই স্বস্তির খবরের আড়ালে লুকিয়ে রয়েছে এক গভীর ও অস্বস্তিকর প্রশ্ন—কোটি কোটি টাকা বিনিয়োগের পরেও কেন যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হচ্ছে না?
গত কয়েক বছরে ভারতে ঘটেছে একাধিক মর্মান্তিক রেল দূর্ঘটনা৷ ১৭ জুন, ২০২৪-এ পশ্চিমবঙ্গের রঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালবাহী ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু হয়। ৩০ জুলাই, ২০২৪-এ ঝাড়খণ্ডের চক্রধরপুরে হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়। এছাড়া ২ জুন, ২০২৩-এ ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ত্রিমুখী সংঘর্ষে প্রায় ২৯৬ জনের প্রাণহানি ঘটে, যা সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি। অন্যদিকে, ২৫ আগস্ট, ২০২৩-এ মাদুরাইয়ে ট্রেনের বগিতে অবৈধ গ্যাস সিলিন্ডারে রান্নার সময় অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়।
গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার রেলওয়ের আধুনিকীকরণ, ট্র্যাক আপগ্রেডেশন এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নে রেকর্ড পরিমাণ বাজেট বরাদ্দ করে আসছে। বুলেট ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস কিংবা অমৃত ভারত স্টেশনের মতো ঝাঁ চকচকে প্রকল্পের পাশাপাশি রেলের পরিকাঠামো উন্নয়নে হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। এই বিপুল ব্যয়ের মূল যুক্তি ছিল রেলপথকে আরও নিরাপদ, দ্রুতগামী ও আধুনিক করে তোলা।
কিন্তু প্রশ্ন হলো, যদি এত টাকা খরচ করার পরেও সাধারণ ট্রেনের লোকো পাইলটরা সিগন্যাল বা গতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন বা ট্র্যাকের সুরক্ষা বিঘ্নিত হয়, তবে এই উন্নয়নের সুফল সাধারণ মানুষ পাচ্ছে কোথায়? পরিকাঠামোর জাঁকজমক বাড়লেও মাটির কাছের মৌলিক নিরাপত্তা ব্যবস্থা কি তবে অবহেলিতই থেকে যাচ্ছে?
ভারতীয় রেলের তরফ থেকে ‘কবচ’ নামক স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা চালু করার কথা বারবার বলা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দুর্ঘটনা রোধ করতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি এখনও পর্যন্ত দেশের সমস্ত রুটে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের মতো সংবেদনশীল ও পাহাড়ি অঞ্চলে পুরোপুরি কার্যকর করা গেল না কেন?
দিগুরুর এই ঘটনায় প্রাথমিক কারণ হিসেবে লোকো পাইলটের গতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা বলা হয়েছে। কিন্তু এর নেপথ্যে কি দীর্ঘক্ষণ ডিউটি, অপর্যাপ্ত বিশ্রাম বা পরিকাঠামোগত ঘাটতির মতো কাঠামোগত সমস্যা রয়েছে? রেলের মতো একটি গুরুত্বপূর্ণ জনপরিবহন ব্যবস্থায় শুধুমাত্র মানবিক ভুলের ওপর সম্পূর্ণ দোষ চাপিয়ে দায়িত্ব এড়ানো যায় না। চালকদের ওপর মানসিক ও শারীরিক চাপ কমাতে এবং আধুনিক স্বয়ংক্রিয় সুরক্ষা কবচ দ্রুত সব রুটে বাস্তবায়িত করতে রেল মন্ত্রক কতটা আগ্রহী তা আজ রাজনৈতিক পর্যালোচনার বিষয়৷
ভারতের মতো দেশে রেল শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি কোটি কোটি সাধারণ মানুষের জীবনরেখা। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী রুটগুলিতে এ ধরনের দুর্ঘটনা দেশের সুরক্ষার দিক থেকেও অত্যন্ত সংবেদনশীল। বিরোধী দলগুলি এই ধরনের ঘটনার পর বারবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ‘বিজ্ঞাপনের চমক বনাম বাস্তব সুরক্ষার অভাব’ নিয়ে সোচ্চার হয়েছে।
জনসাধারণের করের টাকায় তৈরি বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার হচ্ছে কি না, তা নিয়ে আজ রাজনৈতিক জবাবদিহিতা জরুরি। শুধু দুর্ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন বা সাময়িক বরখাস্তের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি স্থায়ী, স্বচ্ছ এবং ত্রুটিহীন রেলনিরাপত্তা রূপরেখা তৈরি করা সময়ের দাবি।
কলকাতা-সাইরাং এক্সপ্রেসের এই দুর্ঘটনা বড় কোনো প্রাণহানি না ঘটানোয় বড় বিপদ এড়ানো গিয়েছে ঠিকই, কিন্তু একে নিছক একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উড়িয়ে দেওয়া যায় না। রেলের আধুনিকীকরণের অর্থ কেবল নতুন ট্রেন বা ঝাঁ চকচকে স্টেশন নয়। এর মূল শর্ত হলো প্রতিটি যাত্রীর গন্তব্যে নিরাপদে পৌঁছানোর নিশ্চয়তা। যত দিন না সাধারণ ট্রেনের যাত্রীরা সম্পূর্ণ নির্ভয়ে ট্রেনে চড়তে পারছেন, তত দিন রেলওয়ের হাজার হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ ও উন্নয়নের দাবি প্রশ্নচিহ্নের মুখেই দাঁড়িয়ে থাকবে।

