উত্তর কলকাতার টালা ট্যাঙ্কের ৭২ ইঞ্চি প্রধান পাইপ ফেটে জলভোগান্তির শিকার স্থানীয়রা৷ উত্তর কলকাতার অন্তত ১০টি ওয়ার্ড—যার মধ্যে বাগবাজার, পাইকপাড়া, বেলগাছিয়া, কুমোরটুলি, আহিরীটোলা, শ্যামপুকুর, নিমতলা, বিধান সরণি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত—টানা তিন দিন ধরে তীব্র পানীয় জলের সঙ্কটে ধুঁকছে।
কলকাতার পানীয় জল সরবরাহের প্রধান প্রাণকেন্দ্র হলো ঐতিহ্যবাহী টালা ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মূল পাইপলাইন ফেটে যাওয়ার ফলে প্রাথমিক পর্যায়ে উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়ে এবং বহু মানুষের একতলা বাড়ি জলের তলায় চলে যায়। এর জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয় প্রশাসন, যা জনজীবনকে আরও বিপর্যস্ত করে তোলে।
প্রশ্ন উঠছে, কলকাতার মতো ঘনবসতিপূর্ণ শহরের মূল পানীয় জল সরবরাহের পাইপলাইনগুলোর রক্ষণাবেক্ষণের মান ঠিক কেমন? বিশেষজ্ঞদের মতে, বছরের পর বছর ধরে পুরনো ও জীর্ণ পাইপলাইনগুলোর আধুনিকীকরণ বা সময়োপযোগী সংস্কার না করার ফলেই এই ধরনের বড় বিপর্যয় নিয়মিত ঘটে চলেছে। সামান্য প্রাকৃতিক চাপ বা ত্রুটির কারণে যদি শহরের প্রায় ১০টি ওয়ার্ডের লক্ষাধিক মানুষ জলশূন্য হয়ে পড়েন, তবে তা নগরোন্নয়নের তথাকথিত ‘উন্নয়ন মডেল’-এর পলকা ভিতকেই স্পষ্ট করে দেয়।
বিপর্যয়ের পর তিন দিন অতিক্রান্ত হলেও কলকাতা পুরসভার পক্ষ থেকে ভূমিকা দেখা গেছে, তা অত্যন্ত হতাশাঞ্জক। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের গাড়ি পাঠানো হয়নি। হাতে গোনা যে কয়েকটি গাড়ি পাঠানো হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে রাস্তার কল বা জলের গাড়ির সামনে সাধারণ মানুষকে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে এক বালতি জলের জন্য৷
এর পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠেছে যে, কিছু কিছু এলাকায় পানীয় জল সরবরাহের বিনিময়ে সাধারণ মানুষের কাছে টাকা দাবি করা হচ্ছে। বিপর্যয়ের এই সুযোগে একশ্রেণির দালাল ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নাগরিক ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কর্পোরেশনের হেল্পলাইন বা জরুরি পরিষেবাগুলোও কার্যত অচল হয়ে পড়ায় মানুষ প্রশাসনের কোনো সাহায্যই সময়মতো পাচ্ছে না।
পানীয় জলের এই হাহাকারের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, প্রবীণ এবং বস্তি এলাকার বাসিন্দারা। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির মতো গণসংগঠনগুলোর তথ্য অনুযায়ী, কেবল ১ থেকে ১০ এবং ১৯ নম্বর ওয়ার্ড মিলিয়েই অন্তত ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানীয় জলের অভাবে চরম দুরবস্থার শিকার।
কাছেই গঙ্গার ঘাট থাকায় বাধ্য হয়ে অনেকে স্নান ও দৈনন্দিন কাজের জন্য গঙ্গার জল ব্যবহার করছেন। কিন্তু গঙ্গার জল তীব্রভাবে দূষিত হওয়ায় তা পান করার কোনো উপায় নেই। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য দিয়ে বোতলের জল কিনতে হচ্ছে সাধারণ মানুষকে, যা নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারগুলোর পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে উত্তর কলকাতার বস্তি ও জনবহুল এলাকাগুলোতে জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এই তীব্র সংকটের প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। সিপিআইএম-এর প্রাক্তন কাউন্সিলর অজয় সাহা এবং বিভিন্ন গণসংগঠনের নেতারা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের অভিযোগ, সরকারের অপরিকল্পিত নীতি এবং ওয়ার্ড স্তরে নজরদারির অভাবের জন্যই আজ সাধারণ মানুষকে মাথার ঘাম পায়ে ফেলে জল সংগ্রহ করতে হচ্ছে। জোড়াবাগানের ট্রিটমেন্ট প্ল্যান্ট সংলগ্ন কিছু এলাকায় যৎসামান্য জল মিললেও বাকি বিস্তীর্ণ এলাকায় জলের ফোঁটাটুকুও নেই।
পানীয় জল মানুষের মৌলিক অধিকার। একটি মেগা সিটির বুকে টানা তিন দিন ধরে লক্ষাধিক মানুষের সুপেয় জল না পাওয়ার ঘটনা প্রশাসনিক স্থবিরতা ও উদাসীনতারই পরিচয় দেয়। কেবল দায়সারা ত্রাণ বিতরণে কাজ চলবে না। অবিলম্বে পাইকপাড়া, কুমোরটুলি বা বাগবাজারের ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করে স্থায়ী ও স্বাভাবিক জল সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এই সংকটের নেপথ্যে থাকা প্রশাসনিক গাফিলতির জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে একটি স্থায়ী আধুনিক মাস্টারপ্ল্যান প্রণয়ন এখন সবচেয়ে বড় দাবি।

