”তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে”—সম্প্রতি ‘বাগেশ্বর বাবা’ বা ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। শ্রীকৃষ্ণ ও শ্রীরাম—উভয়কেই হিন্দু সনাতন ধর্মের আরাধ্য ও বিষ্ণুর অবতার হিসেবে পূজা করা হয়। কিন্তু এদের তুলনামূলক অবমূল্যায়ন করে কোনো নির্দিষ্ট অবতারকে খর্ব করা এবং তার সঙ্গে আঞ্চলিক বা সাংস্কৃতিক ভাবাবেগকে যুক্ত করার প্রচেষ্টা ভারতের বহুত্ববাদী ও সমন্বয়ী সংস্কৃতিতে এক নতুন বিভাজনের রেখা টানছে।
ভারতের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে ভক্তি আন্দোলন এক অনন্য বিপ্লব, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রেম, সাম্য এবং মানবতাবাদী দর্শন। বিশেষ করে বাংলার ভক্তি আন্দোলন শ্রীচৈতন্য মহাপ্রভুর হাত ধরে কেবল আধ্যাত্মিক সাধনায় সীমাবদ্ধ থাকেনি, বরং এটি হয়ে উঠেছিল তৎকালীন সামন্ততান্ত্রিক ও ব্রাহ্মণবাদী সমাজব্যবস্থার বিরুদ্ধে এক নীরব অথচ শক্তিশালী রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ।
তৎকালীন নবদ্বীপ তথা বাংলায় সেন ও সুলতানি আমলে সমাজে কট্টর জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা এবং উচ্চবর্ণের একাধিপত্য মানুষের জীবনকে পঙ্গু করে দিয়েছিল। চৈতন্যদেব প্রবর্তিত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও নাম সংকীর্তন আন্দোলন এই কৃত্রিম দেওয়ালগুলোকে গুঁড়িয়ে দিয়েছিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে—চণ্ডাল থেকে শুরু করে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষ—সকলের জন্য ভক্তির দরজা উন্মুক্ত করে দিয়ে চৈতন্যদেব এক অভূতপূর্ব সামাজিক সমতার বার্তা দিয়েছিলেন। সুলতানি আমলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ধর্মান্তরিত হয়েছিলেন যেসকল হিন্দু, তাঁদেরকেও একই ভক্তিবাদের শামিয়ানার তলায় নিলেন চৈতন্যদেব৷ ভারতবর্ষ দেখেছিল ভক্তির এক অন্য রূপ।

চৈতন্যদেবের এই আন্দোলন ছিল সর্বস্পর্শী ও গণতান্ত্রিক। যেখানে রাষ্ট্রীয় বা সামাজিক ক্ষমতার কেন্দ্র থেকে সাধারণ মানুষকে দূরে রাখা হতো, সেখানে ‘নাম সংকীর্তন’-এর মাধ্যমে তিনি রাজপথ ও জনজীবনকে দখল করেছিলেন। এখানে শ্রীকৃষ্ণ কেবল কোনো পৌরাণিক চরিত্র বা তাত্ত্বিক অবতার নন; তিনি হয়ে উঠলেন বঞ্চিত মানুষের আপনজন—নিখিল প্রাণের আরাধ্য, প্রেম ও ভক্তির প্রতীক। বৈষ্ণব পদাবলীর কবিরা (যেমন—চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, লোচনদাস প্রমুখ) কৃষ্ণের প্রেমে রাধার আকুতির মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের যে রূপক ফুটিয়ে তুলেছেন, তা সংকীর্ণ ধর্মীয় সীমানা ও জাতপাতের গণ্ডি অতিক্রম করে মানবপ্রেমের সর্বজনীন ও বিদ্রোহী বার্তা দেয়।
চৈতন্যদেবের সমসাময়িক বা কাছাকাছি সময়ের আরেক মহান সাধক হলেন সন্ত কবীর দাস। কবীরের ধর্মীয় দর্শন নিছক কোনো ভক্তিবাদী বা আধ্যাত্মিক তত্ত্ব ছিল না; এটি ছিল সেকালের ধর্মীয় গোঁড়ামি, বর্ণপ্রথা এবং রাজনৈতিক মেরুকরণের বিরুদ্ধে এক তীব্র বিদ্রোহী রাজনৈতিক ঘোষণা।
কবীর তৎকালীন হিন্দু ও ইসলাম—উভয় ধর্মেরই মৌলবাদী ও পন্ডিত-মৌলবিদের ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি সরাসরি ঘোষণা করেছিলেন—”মদিনা কিসি কি মক্কা কা, হরি হ্যয় দিল কে ভিতর।” অর্থাৎ, ঈশ্বর বা আল্লাহ কোনো নির্দিষ্ট মন্দির বা মসজিদে বন্দি নন, তিনি মানুষের অন্তরে বাস করেন। তৎকালীন সমাজ ও রাষ্ট্রে ধর্মকে যখন বিভাজনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, কবীর তখন রাম ও রহিমকে একসূত্রে গেঁথে ঐক্যের বার্তা দিয়েছিলেন।

কবীর পেশায় একজন তাঁতি ছিলেন। সমাজের অবহেলিত শ্রমজীবী শ্রেণির মধ্য থেকে উঠে এসে তিনি তৎকালীন সামাজিক কাঠামোর উচ্চবর্ণীয় ও রাজনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর পদা বা দোহাগুলো ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, যার মধ্য দিয়ে তিনি সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
মীরাবাই থেকে শুরু করে সুরদাস, তুকারাম, কবীর—সকলের সাধনাতেই কৃষ্ণভক্তি বা ভক্তি মার্গ অহিংসা, বিনম্রতা এবং আত্মত্যাগের বার্তা বহন করেছে। বাগেশ্বর বাবার মতো প্রচারকদের বক্তব্যে শ্রীকৃষ্ণকে ‘বাঁকা কৃষ্ণ’ বা বংশীধারী হিসেবে বিদ্রুপ এবং শ্রীরামকে ‘ধনুর্ধর’ বা উগ্র পুরুষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা কোনো সহজ বা সরল তুলনা নয়। এর পেছনে রয়েছে বর্তমান ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির একটি গভীর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাল।
বর্তমান রাজনৈতিক পরিসরে ধর্মকে প্রায়শই একটি মেরুকরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। গত এক দশকে ভারতীয় রাজনীতিতে শ্রীরামকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ভাবাদর্শের (Majoritarian Nationalism) প্রতীক হিসেবে একচ্ছত্রভাবে ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা গেছে। রামকে যেখানে উগ্রতা, শক্তি প্রদর্শন এবং রাজনৈতিক আধিপত্যবাদের মোড়কে হাজির করা হচ্ছে, সেখানে কৃষ্ণকে তার বিপরীত মেরুতে—অর্থাৎ নরম, লাস্যময়, বাঙালি তথা অহিন্দুবাদী সংস্কৃতির সঙ্গে যুক্ত করে এক কৃত্রিম বিভাজন তৈরি করা হচ্ছে।
এই রাজনীতির মূল উদ্দেশ্য হলো—রামের ভাবমূর্তিকে রাজনৈতিক শক্তির প্রতীক হিসেবে সর্বভারতীয় স্তরে প্রতিষ্ঠিত করা এবং আঞ্চলিক ও লোকায়ত সংস্কৃতিগুলোকে (যেমন বাংলার বৈষ্ণবধর্ম বা কৃষ্ণসংস্কৃতি) অবমূল্যায়ন করা। বাংলার সাংস্কৃতিক চেতনায় শ্রীকৃষ্ণ এক গভীর এবং অন্তরঙ্গ সত্তা। কীর্তন গান, রাস উৎসব, ঝুলন যাত্রা এবং বৈষ্ণব সংস্কৃতি বাঙালি হিন্দুর সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সুদীর্ঘ ঐতিহ্যকে খাটো করে যখন কোনো মন্তব্য করা হয়, তখন তা স্বাভাবিকভাবেই বাঙালি ভক্তপ্রাণ মানুষের মনে গভীর আঘাত হানে৷ এটি কেবল ধর্মীয় ভাবাবেগের ওপর আঘাত নয়, বরং সাংস্কৃতিক ক্ষেত্রে দিল্লির এককেন্দ্রিক আধিপত্য কায়েমের এক সুদূরপ্রসারী রাজনৈতিক নকশা। এই সুদীর্ঘ ঐতিহ্যকে খাটো করে যখন কোনো মন্তব্য করা হয়, তখন তা স্বাভাবিকভাবেই বাঙালি ভক্তপ্রাণ মানুষের মনে গভীর আঘাত হানে৷
ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি হলো ‘সর্বধর্ম সমন্বয়’ এবং বহুত্ববাদ। কিন্তু বর্তমানকালে একশ্রেণির প্রচারক ও রাজনৈতিক শক্তির মদতে যে সংস্কৃতি গড়ে উঠছে, তা মিলনের পরিবর্তে দূরত্ব বাড়াচ্ছে। কৃষ্ণের বাঁশির সুর যেখানে মানুষকে জাতপাত ও ভেদাভেদের ঊর্ধ্বে এক সুতোয় বাঁধে, সেখানে এ ধরনের বক্তব্য সেই সুরকে স্তব্ধ করে বিভেদের বাদ্য বাজাতে চায়।
কোনো প্রকৃত ধর্মই মানুষকে হিংসা শেখায় না, শেখায় না বৈরিতা। চৈতন্যদেব, মীরাবাই, কবীর কিংবা নানক—প্রত্যেকেইসমাজের প্রচলিত গোঁড়ামি এবং কৃত্রিম বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রেমের জয়গান গেয়েছেন।
পরিশেষে বলা যায়, বাগেশ্বর বাবার মন্তব্য কোনো সাধারণ ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যা নয়; এটি চৈতন্যদেবের প্রবর্তিত সাম্য ও সমন্বয়ের ভক্তি সংস্কৃতিকে আঘাত করার এবং রাজনৈতিক মেরুকরণকে উসকে দেওয়ার সুপরিকল্পিত প্রয়াস। বাংলার ভক্তি আন্দোলন, বৈষ্ণব পদাবলী এবং শ্রীকৃষ্ণের বাঁশির সুর ভারতবর্ষের যে ঐক্যের বার্তা বহন করে এসেছে, তা কোনো সাময়িক প্রচার বা রাজনৈতিক প্রোপাগাণ্ডার দ্বারা মুছে ফেলা সম্ভব নয়। বর্তমান ভারতের সংকটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আপামর ভারতবাসীর দায়িত্ব হলো এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্যকে প্রত্যাখ্যান করে ভারতবর্ষের শাশ্বত প্রেম, সৌহার্দ্য ও সহাবস্থানের সংস্কৃতিকে টিকিয়ে রাখা।

