গত শতাব্দীর শেষ দশক। বোম্বের রাজপথে বাইক ছুটিয়ে আসছেন এক তরুণ। চোখে আত্মবিশ্বাস, মুখে দুষ্টু হাসি, শরীরে তারুণ্যের উচ্ছ্বাস। ‘কোয়ি না কোয়ি চাহিয়ে, প্যায়ার করনে ওয়ালা’— গানের তালে ঠোঁট মেলাতে মেলাতে এক ‘আউটসাইডার’ প্রবেশ করলেন বলিউডের রুপোলি পর্দায়। পরবর্তী তিন দশকে তিনিই হয়ে উঠবেন ‘রোমান্স’-এর প্রায় সমার্থক। প্রেমের প্রতি ‘সর্বগ্রাসী বিশ্বাস’ নিয়ে মফস্বলের ঝুলধরা সিনেপর্দা থেকে চাকচিক্যময় মাল্টিপ্লেক্স হ’য়ে তিনি ধীরে ধীরে ঢুকে পড়বেন আমাদের মধ্যবিত্ত ড্রয়িংরুমে, সাদা-কালো টেলিভিশনে— আর সেখান থেকেই গড়ে তুলবেন আমাদের প্রেমের স্বপ্ন, প্রত্যাশা ও আত্মত্যাগের নিজস্ব ব্যাকরণ— ক্রমে হয়ে উঠবেন ভারতীয় মধ্যবিত্তের প্রেমের কল্পনারও এক অবিচ্ছেদ্য মুখ। আমাদের আগের প্রজন্ম প্রেমিকার মুখে ‘একবার বলো উত্তমকুমার’ শুনতে চাইতেন। আমাদের প্রজন্মের প্রেমিক বলতে চেয়েছে– ‘রাজ! নাম তো শুনা হি হোগা!

বলিউডের রোমান্টিক সিনেমাগুলি বরাবরই আমাদের দৈনন্দিন একঘেয়ে ‘লাইফ’-কে রঙিন এসকেপিজমের প্রিজমে ‘লার্জার দ্যান লাইফ’ হিসেবে দেখার সুযোগ করে দিয়েছে। আর এই পলায়নবৃত্তির পথের ‘ফ্রেন্ড ফিলোজফার গাইড’ শাহরুখ। বিশেষত, আমাদের মধ্যবিত্ত পরিবারে প্রেমের ধারণা, রোমান্স এবং সম্পর্কের সমীকরণ নির্মাণে শাহরুখ খান ও তাঁর অভিনীত চরিত্রগুলির প্রভাব এতটাই গভীর যে, তা নিয়ে সমাজতাত্ত্বিক আলোচনা করাই যায়। কীভাবে বছরের পর বছর সাধারণ ছেলেমেয়েদের প্রেমের কল্পনায় ধীরে ধীরে ঢুকে পড়েছে শাহরুখের মুখ, তাঁর সংলাপ, তাঁর হাত দু’দিকে ছড়িয়ে দাঁড়ানোর ভঙ্গি, তাঁর অপেক্ষা, তাঁর আত্মত্যাগ। এক প্রজন্মের কাছে প্রেমিক মানেই যেন শাহরুখ খান। সেলুলয়েডের শাহরুখ এমন প্রেমিক তিনি ভালোবাসার জন্য সব পারেন। সব!
প্রথম ছবি ‘দিওয়ানা’র রাজা দুরন্ত, জেদি এবং প্রেমের প্রতি প্যাশনেট এক তরুণ। যে ভালোবাসার মানুষটিকে পাওয়ার আশায় নিজের সাজানো জীবন ভেঙে নতুন করে গড়তে পারে। বিধবা কাজলের প্রতি তার ভালোবাসার টান এতটাই গভীর যে, ধনী পরিবার, আরাম-আয়েশ ভরা জীবন ছেড়ে বেরিয়ে আসতে সে দু’বার ভাবে না। ‘বীর-জারা’র বীর প্রতাপ সিংয়ের ভালোবাসা তো আত্মত্যাগের ‘সীমানা’ অতিক্রম করে যায়। জারার সম্মান ও পরিবারের মর্যাদা রক্ষা করতে গিয়ে বীর এমন এক অপরাধের দায় নিজের কাঁধে তুলে নেয়, যার জন্য তাকে দীর্ঘ বাইশ বছর পাকিস্তানের জেলে কাটাতে হয়। নিজের জীবনের মূল্য দিয়েও প্রিয় মানুষটির ভালো থাকা নিশ্চিত করাই যেন বীরের প্রেমের শেষ কথা। বীরের কাছে ভালোবাসা মানে কেবল জারাকে পাওয়া নয়, জারার জীবনকে সুখে রাখা, তার ভালো থাকার প্রতিও বীর প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের রবি ঠাকুর তো সেই কবেই ‘মনের বাগান-বাড়ি’-তে বলে গেছেন “ভালবাসা অর্থে, নিজের যাহা কিছু ভাল তাহাই সমর্পণ করা”। এ হেন আত্মত্যাগী পুরুষ দেখে নারী যে ‘আমি তাঁরে পারি না এড়াতে’ ভাববে, সেটাই স্বাভাবিক!

আর ‘রব নে বনা দি জোড়ি’র পাঞ্জাব পাওয়ারের সাধারণ কর্মচারী সুরিন্দর সাহনি— সাদাসিধে পোশাক, শান্ত স্বভাব, লাজুক এবং ‘ওয়ার্কাহোলিক’ ভদ্রলোক। যে স্ত্রী তানির কাছে ‘কমন ম্যান’, ভালো ‘মানুষ’, কিন্তু রোমান্টিক ‘পুরুষ’ নয়। তানির ভালোবাসা, তার স্বীকৃতি পেতে, তার মুখে হাসি ফোটাতে এই সুরিন্দর নিজেরই আর একটি আইডেন্টিটি তৈরি করে— রাজ কপুর। সুরিন্দরের অনাড়ম্বর চেহারা হঠাৎ বদলে যায় ঝলমলে পোশাকে। লাজুক মানুষটি হয়ে ওঠে আত্মবিশ্বাসী, নাচে-গানে পারদর্শী, তথাকথিত স্মার্ট এক ‘মাচো পুরুষ’ – আজকের লব্জে খানিকটা ‘আলফা মেল’! তানির অজান্তে তারই সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে সুরিন্দর। শাহরুখের প্রেমিক ‘পুরুষ’ ভালোবাসার জন্য সব পারে। সে যেন তাঁর অতি-নাটকীয় কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সোচ্চারে শক্তি চাটুজ্জের মতো বলতে চায় – ‘ভালোবাসা পেলে সব লণ্ডভণ্ড করে চলে যাবো’। সুনীলের মতো উচ্চারণ করে – “ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি / দূরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়”।
শাহরুখের কালজয়ী ছবি ‘ডিডিএলজে’-র রাজ সিমরানকে ভালোবাসে, কিন্তু তাকে নিয়ে পালিয়ে যাওয়ার পথ বেছে নেয় না। সিমরনের পরিবারের সম্মতি আদায়ের জন্য সে পাঞ্জাবে যায়, পরিবারের সঙ্গে মেশে, নানা ছলে ও কৌশলে সিমরানের বাবার মন জয় করার চেষ্টা করে। রাজের ভালোবাসার প্রাবল্যে শেষমেশ সিমরনের কঠোর, আপোসহীন বাবার মন গলে যায়। ছবির শেষের সেই আইকনিক দৃশ্য— রাজের বাড়িয়ে দেওয়া হাতে মিশে যাচ্ছে সিমরনের ছুটে এসে ধরে নেওয়া হাত — ভারতীয় মধ্যবিত্তের রোম্যান্টিক কল্পনায় গেঁথে রাখা এ দৃশ্য শঙ্খ ঘোষে-র ‘হাতের উপর হাত রাখা খুব সহজ নয়’-কে তুড়ি মেরে সহজ জলভাত করে দিচ্ছে যেন!
‘কভি খুশি কভি গম’ ছবিতে বাবার ইচ্ছার বিরুদ্ধে অঞ্জলিকে বিয়ে করার কারণে রাহুলকে পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়। রাহুল ভালোবাসার মানুষটির পাশেই দাঁড়ায় এবং লন্ডনে নতুন করে সংসার পাতে। ভালোবাসার মানুষকে কখনো দূরে সরিয়ে দিতে পারে না শাহরুখ অভিনীত প্রেমিক চরিত্ররা।
‘পরদেশ’-এর অর্জুন, ভাইয়ের বাগদত্তা গঙ্গার বন্ধু, হয়ে ওঠে বিদেশ-বিভুঁইয়ে তার ভরসার মানুষ। কিন্তু অর্জুনের ‘বন্ধুত্ব, দায়িত্ববোধ, বিশ্বাস, মান-মর্যাদা, পূজা, প্যায়ার’ একসূত্রে গেঁথে যায়। শেষমেশ ভালোবাসার পথ ধরে অর্জুন গঙ্গার হৃদয়ে নিজের জায়গা করে নেয়। ‘ডেড পোয়েট সোসাইটি’র আদলে নির্মিত ‘মহব্বতে’র রাজ আরিয়ান সঙ্গীতের শিক্ষক হয়েও তিনি ‘প্রেমাচার্য’। তার ভালোবাসার মানুষ ইহলোকে নেই, তবুও সেই প্রিয় মানুষটির স্মৃতিই হয়ে ওঠে রাজ আরিয়ানের প্রেমের চিরস্থায়ী আশ্রয়। রাজের প্রেমের স্মৃতি এখানে বিশ্বব্যাপ্ত সমগ্রতার বীক্ষণবিন্দুতে এসে মিশে যায়। পাশাপাশি জন কিটিং-এর মতো তিনিও প্রথাগত শিক্ষাব্যবস্থার কঠোর অনুশাসনের মধ্যে ছাত্রদের স্বাধীনভাবে ভাবতে, নিজের মতো করে বাঁচতে এবং হৃদয়ের কথা শোনার কথা বলেন। কিটিং যেমন ছাত্রদের কাছে হয়ে উঠেছিলেন ‘O Captain! My Captain!’, তেমনই রাজ আরিয়ানও নারায়ণ শঙ্করের কর্তৃত্ববাদী প্রতিষ্ঠানে প্রেম, সাহস ও ব্যক্তি-স্বাধীনতার পথপ্রদর্শক হয়ে ওঠেন। তাই গুরুকুলের মূলমন্ত্র— ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’-কে তছনছ করে দেয় রাজ আরিয়ানের তিন ছাত্র। প্রেমিকাকে ‘পটানো’র জন্য লেডিজ হোস্টেলে ঢুকে যেতেও দ্বিধা নেই তাদের।
শাহরুখ অভিনীত প্রেমের এই ছবিগুলি মধ্যবিত্ত বাঙালি ও ভারতীয় মনে প্রেমের এক আদর্শ মানদণ্ড বা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছে। মেয়েরা অবচেতনভাবেই পর্দার ‘রাজ’ বা ‘রাহুল’-এর মধ্যে ভবিষ্যতের প্রেমিককে খুঁজতে শুরু করেছিল। শাহরুখ মধ্যবিত্ত মেয়েদের মনে এক চূড়ান্ত রোমান্টিক ফ্যান্টাসি তৈরি করে দিয়েছেন, এমন ‘আদ্যোপান্ত রোমান্টিক প্রেমিক পুরুষ’, যে ভালোবাসার জন্য গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে। পাশাপাশি পুরুষরাও ভাবতে বাধ্য হয়েছে, সত্যিকারের প্রেমিক হতে গেলে বোধহয় এমনই কোনো ‘গ্র্যান্ড জেসচার’ বা মহৎ আত্মত্যাগের প্রয়োজন।
অথচ এই রোমান্টিসিজমের মুদ্রার অন্য পিঠটি বেশ অন্ধকার এবং বাস্তবিক অর্থে ক্ষতিকর। বলিউডের প্রেমের সংজ্ঞায়, বিশেষত শাহরুখ অভিনীত অনেক জনপ্রিয় চরিত্রেই, নায়িকার ‘না’-কে সম্মান জানানোর কোনো জায়গা নেই। বরং নায়িকার ‘না’-কে একপ্রকার ‘হ্যাঁ’-এর প্রাক্-প্রস্তুতি মনে করে জমজমাট, টানটান উত্তেজনাপূর্ণ, মারকাটারি ‘জার্নি’ দেখানো হয়েছে। এবং এই প্রবণতাগুলি তথাকথিত ‘পজেটিভ’ বা রোমান্টিক হিরোদের আচরণের মধ্যে ‘রোমান্টিসাইজ’ করে কী দারুণভাবে পর্দা জুড়ে ফুটিয়ে তুলেছে বলিউড।
‘ডিডিএলজে’-তে ইউরোপের ট্রিপে সিমরনের সঙ্গে রাজের প্রথম দিকের আচরণগুলো আদৌও শালীন ছিল না কোনোভাবেই। সিমরনের স্পষ্ট বিরক্তি এবং বারবার বারণ করা সত্ত্বেও রাজ তাকে নানাভাবে উত্যক্ত করেছে, তার ব্যক্তিগত পরিসরে জোর করে প্রবেশ করেছে। বলিউডের ন্যারেটিভ তরুণ প্রজন্মের পুরুষকে বুঝিয়ে দিয়েছে— এটাই প্রেম নিবেদনের স্টাইল! অর্থাৎ ‘লেগে থাকো ভায়া, লেগে না থাকলে কিচ্ছু হয় না!’ আবার ‘দিল সে’-তে মেঘনার পেছনে বারবার অমরকান্ত বর্মার ছুটে যাওয়া, এখানেও ‘না’-এর মধ্যে লুকিয়ে থাকা কোনও সম্ভাব্য ‘হ্যাঁ’ খুঁজতে থাকে আত্মবিশ্বাসী অমরকান্ত। মেঘনা দূরত্ব বজায় রাখতে চাইলেও তাদের সম্পর্ক শেষমেশ প্রেমের রূপ নেয়, প্রেমের শেষ অধ্যায় লেখা হয় আত্মাহুতিতে। অমরকান্ত বুঝিয়ে দেয়, প্রেমের জন্য সে মরতেও প্রস্তুত।

আর ‘ডর’ এবং ‘আনজাম’-এর শাহরুখের পুরুষ চরিত্র সব ‘হাদ’ পার করে দিয়েছেন। ইদানীং কালের ‘কবির সিং’ বা ‘অ্যানিম্যাল’-এর ‘টক্সিক ম্যাসকুলিনিটি’ নিয়ে বিস্তর কথাবার্তা হয়। অথচ এ বীজ তো সুপ্ত ছিল নয়ের দশকের রাহুল মেহরা ও বিজয় অগ্নিহোত্রীর একতরফা প্রেম নামক অবসেশন-এ। যেখানে সমস্ত লজিক মুখ থুবড়ে পড়ে, আর প্রেমিক হয়ে ওঠে একরোখা, জেদি, সাইকোপ্যাথ। আর সেই মুহূর্তে কেউ যদি জিজ্ঞাসা করে— ‘ভালোবাসার জন্য কি সবকিছুই জায়েজ?’ সে অকপটে, অনায়াসে, নির্দ্বিধায় উত্তর দেবে, হ্যাঁ। এই প্রেমিক পুরুষ প্রতিশোধপরায়ণ, মোহগ্রস্ত, বিপজ্জনক। যেনতেন প্রকারে আমি চাই ব্যাস! ‘কনসেন্ট’-এর ধার ধারে না।
সবচেয়ে ভয়ের ব্যাপার হল, এই সিনেমাগুলি আমাদের সমাজের তরুণ প্রজন্মকে শিখিয়েছে যে— একটি মেয়ে যদি তোমার প্রস্তাবে ‘না’ বলে, তবে তার মানে এই নয় যে সে সত্যিই প্রত্যাখ্যান করছে। বরং এর অর্থ হল, তোমাকে আরও বেশি করে তার পিছু নিতে হবে, তাকে আরও বেশি উত্যক্ত করতে হবে, জোর খাটাতে হবে। রাস্তাঘাটে বা কলেজে একটি মেয়ের পিছু নেওয়া, তাকে বারবার প্রেম নিবেদন করে মানসিকভাবে চাপে ফেলা— এগুলোকে ‘স্টকিং’ বা অপরাধ না বলে, ‘পটানো’ বা ‘রোমান্স’ হিসেবে বরাবর গ্লোরিফাই করেছে বলিউড।
এইবার ‘রিল’ থেকে ‘রিয়েল’- এ আসা যাক। কারোর ইচ্ছের বিরুদ্ধে তার জীবনে প্রবেশ করাকে বলিউড যেখানে ‘প্রেমের পাগলামি’ নাম দিয়ে একরকম বৈধতা দিয়েছে, সেখানে বাস্তবে ‘সাইকো স্টকার’-এর অত্যাচার, অ্যাসিড হামলা, একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি হামেশাই দেখা যায়। সাম্প্রতিককালে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উল্লেখ করছি।
২০২৪-এর এপ্রিল কর্ণাটকের এম.সি.এর-র ছাত্রী নেহা হিরেমঠকে তাঁর প্রাক্তন সহপাঠী কলেজ ক্যাম্পাসে ছুরি দিয়ে আক্রমণ করে হত্যা করে। কর্ণাটক CID-এর চার্জশিট অনুযায়ী, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই হত্যাকাণ্ড ঘটে। ওই বছরের মে মাসে অন্ধ্রপ্রদেশের জাক্কু রত্না গ্রেসকে খুন করে ইয়েসুরত্নম নামে এক যুবক। ‘ইন্ডিয়া টুডে’-র প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে অনুসরণ করছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কারণে সে খুন করেছিল গ্রেসকে। ২০২৫-এর অক্টোবরে নাগপুরের এক যুবক এম.ডি-র ছাত্রীকে অনুসরণ করার পর মায়ো হাসপাতালের পিজি মহিলা হোস্টেলে ঢোকার চেষ্টা করে। ‘টাইমস্ অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, হোস্টেলের আবাসিক ও নিরাপত্তারক্ষী তাকে আটক করে শেষে পুলিশের হাতে তুলে দেন। আর এ বছরের জুলাইতে হাওড়ার ১৬ বছরের একটি ছাত্রী খুন হয়। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত দীর্ঘদিন ধরে কিশোরীকে অনুসরণ করছিল এবং তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার কারণে খুন করে।
আরও কয়েকশো উদাহরণ দেওয়া যায়, এমন ঘটনা বলিউডের রোমান্টিক প্রেমের ধারণাকে অস্বস্তিকর প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ‘এভরিথিং ফেয়ার ইন লভ অ্যান্ড ওয়ার’ মন্ত্র বুকে নিয়ে নারীর ‘না’-কে অসম্মান এবং তাকে উত্যক্ত করা— ‘সেই ট্রাডিশন সমানে চলিতেছে’। এরজন্য সরাসরি কোনো অভিনেতাকে দায়ী করা যায় না, কিন্তু সমাজের মনস্তত্ত্ব গড়ে তোলার পেছনে পপ-কালচার বা জনপ্রিয় সংস্কৃতির ভূমিকাকেও তো অস্বীকার করা যায় না! সত্যিকার অর্থে, ‘রিয়েল’-এ মধ্যবিত্তের প্রেম আর ‘ভীরু’ থাকে না, তা হয়ে ওঠে আগ্রাসী, হিংসাত্মক ও প্রতিশোধপরায়ণ। ‘রিল’-এর ‘সাইকো স্টকার’ দর্শককে ভরপুর বিনোদন দেয়, আর আমরা হাততালি দিয়ে গেয়ে উঠি— ‘এত আকছার ঘটে সাদা কালো লং শটে’। যদিও ‘রিল’-এর ‘সাইকো স্টকার’, নাছোড়বান্দা প্রেমিকও সহজে ছাড় পায় না। ‘ডর’ (১৯৯৩) বা ‘আনজাম’ (১৯৯৪)- এর রাহুল মেহরা বা বিজয় অগ্নিহোত্রীর রোমান্টিক জেদের চূড়ান্ত বিপর্যয়, মর্মান্তিক মৃত্যু দর্শক মনে অভিঘাত এঁকে দিয়ে যায়। এসব ছবি রিলিজের প্রায় দু’দশক পরে এক প্রবীণ, অভিজ্ঞ ও ন্যায়নিষ্ঠ আইনজীবী দীপক সেহগল আদালতে দাঁড়িয়ে জোর গলায় বলবেন— ‘নো মিনস্ নো’। ইন্ডাস্ট্রির অভিভাবকের মতোই তিনি মনে করিয়ে দিলেন— প্রেমের নামে জবরদস্তি চলে না, নারীর সম্মতিই শেষ কথা।

আবার ওই নয়ের দশকেই ‘কভি হাঁ কভি না’ (১৯৯৪)-তে শাহরুখ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে প্রিয় চরিত্রে অভিনয় করবেন। এখানে শাহরুখের প্রেমিক-পুরুষ কোনও নিখুঁত, সর্বজয়ী নায়ক নয়। সে ভুল করে, ঈর্ষায় অন্ধ হয়, ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মিথ্যেও বলে। সবচেয়ে বড়ো কথা, ভালোবাসার পরিণতি হিসেবে সে পায় না মিলন, পায় বিচ্ছেদের বেদনা। সুনীল শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিতে শেখে। আর সেই মেনে নেওয়ার মধ্যেই তার প্রেমিক-সত্তার জয় হয়। এ ছবির শেষ দৃশ্যে ক্রিসের সঙ্গে আনার আংটি বদলের মুহূর্তে আংটি হারিয়ে গেলে সুনীল আংটি দেখেও আনাকে মিথ্যে বলে। পরমুহূর্তেই ক্রিশ আংটি খুঁজে পায়। বিয়ে হয় আনার সঙ্গে ক্রিশের। এই দৃশ্যকে শাহরুখ বলেছেন— “One of my favourite scenes ever in the history of mankind.” এমন বিষণ্ণ আত্মত্যাগের মধ্যে দিয়ে সুনীল বুঝিয়ে দিয়েছিল, ভালোবাসার মানুষকে সুখী দেখাই সর্বশ্রেষ্ঠ সুখ। যাকে শাহরুখ বলবেন— “different level of love”। পরবর্তীকালে ‘কাল হো না হো’-এর আমনের আত্মত্যাগ দর্শকদের বারবার কাঁদিয়েছে। ‘স্বদেশ’-এর মোহন ভার্গবও পরিণত প্রেমিক। যে গীতাকে ভালোবেসেছে কিন্তু কখনো তার ওপর নিজের মত চাপিয়ে দেয়নি। সে গীতার স্বাধীন সত্তাকে সম্মান করেছে। ২০০১-এর সেপ্টেম্বরে আমেরিকার সন্ত্রাসবাদী হামলার পর আমেরিকায় মুসলিম পরিচয়কে ঘিরে যে সন্দেহ ও বিদ্বেষের আবহ তৈরি হয়েছিল, সেই পটভূমিতে নির্মিত ‘মাই নেম ইজ খান’-এর রিজওয়ান খান আত্মপ্রত্যয়ী সুরে ঘোষণা করেছিলেন— ‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট’। তাঁর ব্যক্তিজীবনের মন্নতের অন্দরমহলও তো বহুত্ববাদী ভারতবর্ষের খণ্ড চিত্র। আরব সাগরের তীর ধরে হাঁটতে হাঁটতে একদিন একটা আলিশান বাড়ি দেখে যিনি স্বপ্ন বুনতে শুরু করেছিলেন, অনেক সাধ ও স্বপ্নের স্মৃতি দিয়ে গড়ে উঠেছিল মন্নত।
শাহরুখের ‘জার্নি’ আক্ষরিক অর্থেই ‘গলি থেকে রাজপথ’, তিনি মধ্যবিত্তের স্বপ্নের জগৎ নির্মাণ করে দিয়েছেন। যে স্ক্রিপ্ট শোনার পরেই বলিউডের তাবড় তাবড় অভিনেতারা ‘হিরো ইমেজ নষ্ট হবে’ কিংবা ‘ক্যারিয়ারের ছন্দপতন হবে’— এই ভয়ে মুখ ফিরিয়েছিলেন, সেই স্ক্রিপ্ট পড়েই অভিনয় করতে রাজি হয়েছিলেন এক উঠতি তারকা। তখনও পায়ের তলায় শক্ত মাটি নেই। যে কোনো সময় ধসে যাবার অফুরান সম্ভাবনা। এই রিস্ক, এই চ্যালেঞ্জ, এমন ‘বুকের পাটা’, বুক ঠেলে এগিয়ে যাওয়া– মধ্যবিত্তের তো এসব রোজকার লড়াই। আজকের পাপারাজ্জি জাতীয় মিডিয়া, টেলিভিশন চ্যানেল ও সাক্ষাৎকারের সুবাদে ব্যক্তি শাহরুখের ‘অভিযাত্রা’ মধ্যবিত্তের স্বপ্ন-আকাঙ্ক্ষাকে আরও বেশি করে উসকে দিয়েছে। ক্রমশ পর্দার শাহরুখ এবং ব্যক্তি শাহরুখ মিশে গিয়েছেন। ব্যক্তি শাহরুখ স্টকারের একগুঁয়েমি প্রেমকে স্বীকার করেন না। তিনি নারীদের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর সেন্স অব হিউমার, কথায় কথায় রসিকতা আর মুহূর্তের মধ্যে বুদ্ধিদীপ্ত জবাব দেওয়ার ক্ষমতাতেও মজে থেকেছে মধ্যবিত্ত দর্শক। সাক্ষাৎকার হোক বা মঞ্চ— তাঁর কথার ছলে হাসাতে হাসাতে মন জিতে নেওয়ার কায়দাটাও তো কম রোম্যান্টিক নয়! তাঁর দু’বাহু মেলে দাঁড়ানোর অননুকরণীয় ভঙ্গি যেন লার্জার দ্যান লাইফ, কাশ্মীর টু কন্যাকুমারী— বহু হল-মালিকের সিনেপর্দার দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছে। তিনিই বলতে পারেন— “I’m the last superstar of Bollywood.”

আজ সময় বদলেছে। ধর্মান্ধতার উদগ্র নেশায় আমরা ঘেন্না ছড়াতে তৎপর, প্রেমিক-যুগলকে দেখে হিংস্র হয়ে উঠি, কে কার সঙ্গে প্রেম করবে, কার হাত ধরে ঘুরবে— তার তদারকি করি। ভালোবাসার ব্যক্তিগত পরিসরেও পাহারা বসাতে চায় সমাজের স্বঘোষিত প্রহরীরা। দিন কয়েক আগেই প্রকাশ পেয়েছে তাঁর ‘কিং’ ছবির পোস্টার। সোস্যাল মিডিয়াতে তিনি লিখেছেন– ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি, আশিক হুঁ’। ষাট বছরের শাহরুখের মুখে গোলাপ, হাতে রিভলবার। হিংসার পৃথিবীতেও প্রেমের দাবি নিয়ে ফিরে আসেন তিনি। তিনিই আমাদের শিখিয়েছেন— ‘ভালোবাসা ঘেন্নার চেয়েও বেশি সংক্রামক’। প্রেমের যে ভায়োলিন বাজিয়ে একদিন আসমুদ্র হিমাচল কাঁপিয়ে তুলেছিলেন শাহরুখ, জাত-বর্ণ-ধর্ম-সীমান্ত-কাঁটাতার পেরিয়ে আরও দূরে বেজে উঠুক সেই প্রেমের সুর। সেই সুরে ‘মিলে সুর মেরা তুমহারা’, তবেই তো ‘ইয়ে সুর বানে হামারা’। সে সুর হোক প্রেমের। জিঘাংসা আর হিংসার কর্কশ ভিড়ে সুরেলা প্রেমিক বলে উঠুক সেই চিরন্তন বরাভয় মুদ্রার আশ্বাসবাণী ‘ম্যায় হুঁ না!’

