কারা নির্ধারণ করে আপনার জীবনদায়ি ওষুধের MRP?

২১ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

​ভারতের স্বাস্থ্য ও ওষুধ খাতের নীতি নির্ধারণী পরিসরে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)—এই দুটি নিয়ন্ত্রক সংস্থার কার্যপদ্ধতিতে দীর্ঘদিন ধরে একটি কাঠামোগত বিভাজন বা নীতিগত ব্যবধান পরিলক্ষিত হচ্ছে। CDSCO মূলত ওষুধের লাইসেন্সিং, গুণগত মান এবং সুরক্ষা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত। অন্যদিকে, NPPA এর মূল কাজ হলো জীবনরক্ষাকারী ও প্রয়োজনীয় ওষুধের মূল্য নির্ধারণ এবং তার ওপর নজরদারি করা। ​এই দুই সংস্থার পৃথক দায়িত্ব পালনের ফলে ওষুধ উৎপাদন, অনুমোদন এবং বাজারে তার প্রবেশাধিকারের ক্ষেত্রে এক ধরণের নীতিগত বিচ্ছিন্নতা তৈরি হয়, যা জনস্বাস্থ্য নীতি ও অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে৷

​ভারতের ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রধান সমস্যা হলো লাইসেন্সিং এবং মূল্য নির্ধারণের প্রক্রিয়াগুলো প্রায়শই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে না। CDSCO যখন কোনো নতুন ওষুধের উৎপাদনের অনুমোদন দেয়, তখন তার দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি উপেক্ষিত হয়। ফলে বাজারে এমন সব অতি জরুরি ওষুধ আসে যার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়।

​পক্ষান্তরে, NPPA যখন ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অর্ডার (DPCO)-এর আন্ডারে ওষুধের দাম নির্ধারণ করতে যায়, তখন অনেক উৎপাদক লাইসেন্সপ্রাপ্ত ফর্মুলেশনে সামান্য পরিবর্তন এনে বা নতুন ব্র্যান্ড নেম ব্যবহার করে মূল্য নিয়ন্ত্রণের আওতা এড়িয়ে চলার পথ খুঁজে নেয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে অনেক সময় ফার্মা কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ পায়, যা জনস্বাস্থ্যের অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

​একটি জনকল্যাণমুখী রাষ্ট্রে স্বাস্থ্যসেবা এবং ওষুধ প্রাপ্তি কেবল একটি বাণিজ্যিক বিষয় নয়, এটি মৌলিক অধিকারের সমতুল্য। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, এই নীতিগত ফাঁকফোকর সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করতে পারে। বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায়শই জীবনরক্ষাকারী ওষুধের আকাশচুম্বী দাম এবং মূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা নিয়ে সরকারকে কাঠগড়ায় দাঁড়ায়।

​বিশেষ করে মহামারী বা স্বাস্থ্য সংকটের সময় ওষুধের উচ্চমূল্য এবং নিয়ন্ত্রণহীন বাজার সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। একদিকে মেক ইন ইন্ডিয়া এবং দেশীয় ফার্মা শিল্পকে উৎসাহিত করার রাজনৈতিক সদিচ্ছা, অন্যদিকে সাধারণ গরিব মানুষের জন্য সুলভে ওষুধ নিশ্চিত করার সামাজিক দায়িত্ব—এই দুইয়ের ভারসাম্য বজায় রাখতে CDSCOএবং NPPA এর সমন্বয়হীনতা বড় বাধা হয়ে দাঁড়ায়।

​এই সংকট উত্তরণের জন্য শুধুমাত্র প্রশাসনিক রদবদল যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন বহুমাত্রিক বিশেষজ্ঞের অংশগ্রহণ। ফার্মাসিউটিক্যালস, ক্লিনিক্যাল ট্রায়াল এবং স্বাস্থ্য-অর্থনীতি –এই তিন ক্ষেত্রের বিশেষজ্ঞদের এক প্ল্যাটফর্মে এনে একটি যৌথ উপদেষ্টা পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি।

নতুন কোনো ওষুধের লাইসেন্স দেওয়ার সময় তার থেরাপিউটিক কার্যকারিতা এবং ক্লিনিক্যাল গুরুত্ব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। শুধু বৈজ্ঞানিক মানদণ্ড নয়, সেই ওষুধটি জনসাধারণের চিকিৎসা ব্যবস্থায় কতটা পরিবর্তন আনতে পারবে, তা মূল্যায়ন করা দরকার।

কোনো ওষুধের দাম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ মানুষের পকেট থেকে সরাসরি খরচ এবং সামগ্রিক স্বাস্থ্য বাজেট কীভাবে প্রভাবিত হচ্ছে, তার নিখুঁত অর্থনৈতিক বিশ্লেষণ প্রয়োজন।স্বাস্থ্য-অর্থনীতিবিদরা মূল্য নির্ধারণের এমন একটি সূত্র তৈরি করতে পারেন যা একদিকে যেমন উৎপাদকদের গবেষণা ও উন্নয়নে (R&D) বিনিয়োগের উৎসাহ বজায় রাখে, অন্যদিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেও থাকে।

​এই দ্বিধাবিভক্ত নীতিগত চ্যালেঞ্জ মোকাবিলায় বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে- লাইসেন্সিং এবং প্রাইসিং উইং-এর মধ্যে একটি নিয়মিত তথ্য বিনিময় পোর্টাল বা যৌথ টাস্কফোর্স গঠন করা দরকার, যাতে লাইসেন্স অনুমোদনের প্রাথমিক পর্যায় থেকেই মূল্যের সমীকরণ নিয়ে আলোচনা শুরু হতে পারে।

​নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যক্রমে আরও বেশি স্বচ্ছতা আনতে হবে। কোন যুক্তিতে একটি ওষুধের লাইসেন্স দেওয়া হলো এবং তার MRP কত নির্ধারণ করা হলো, তার স্পষ্ট বৈজ্ঞানিক ও অর্থনৈতিক পত্র প্রকাশ করা উচিত।

​ভারতের মতো বিশাল জনবহুল উন্নয়নশীল দেশে সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। CDSCO এবং NPPA -এর মধ্যকার বর্তমান নীতিগত দেওয়ালটি ভেঙে ফেলে একটি সমন্বিত নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলা সময়ের দাবি। যখন লাইসেন্সিং এবং মূল্য নির্ধারণ নীতি একই সুতোয় বাঁধা হবে এবং তার পেছনে ফার্মাসিউটিক্যাল, ক্লিনিক্যাল ও স্বাস্থ্য-অর্থনৈতিক বিশেষজ্ঞদের কঠোর গবেষণা ও পরামর্শ কাজ করবে।

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.