উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘বুলডোজার বাবা’ হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একটি অনুষ্ঠানে লখনউয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি শিল্প সংস্থাগুলিকে উত্তরপ্রদেশে বুলডোজার উৎপাদনের জন্য আমন্ত্রণ জানান। তিনি বলেন — বুলডোজার আজ উত্তরপ্রদেশের একটি স্বতন্ত্র ‘ব্র্যান্ড’ হয়ে উঠেছে। তাই এর উৎপাদনও রাজ্যেই হওয়া উচিত।
গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের ক্ষেত্রে যোগী সরকারের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে বুলডোজার। গ্যাংস্টার, মাফিয়া এবং অপরাধীদের অবৈধ সম্পত্তি গুঁড়িয়ে দেওয়ার প্রতীক হিসেবে এই যন্ত্রটি ব্যবহৃত হয়ে আসছে। অতীতে যা ছিল প্রশাসনের কঠোর পদক্ষেপের একটি মাধ্যম, আজ তা শাসক দলের রাজনৈতিক ব্র্যান্ডিংয়ের প্রধান উপাদান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বুলডোজার সংস্কৃতিকে প্রকাশ্য জনসভায় গৌরবান্বিত করা এবং তাকে রাজ্যের ব্র্যান্ড হিসেবে তুলে ধরা একাধারে অনুগত ভোটারদের মধ্যে ‘শক্তিশালী ও ডিটারমাইনড গভর্ন্যান্স’-এর বার্তা দেয়।
এতদিন যে বুলডোজারগুলি প্রধানত লজিস্টিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হতো, তাকে উত্তরপ্রদেশের নিজস্ব উৎপাদনী পণ্যে পরিণত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একদিকে বুলডোজারের প্রতীকী ব্র্যান্ড ভ্যালুকে ধরে রাখা, অন্যদিকে লজিস্টিকস ও ভারী যন্ত্রাংশ উৎপাদনে বিনিয়োগ এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। দুই পথে হাঁটতে চাইছে যোগী সরকার।
যোগী আদিত্যনাথের এই মন্তব্য দেশজুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। বিরোধী দল এবং মানবাধিকার সংগঠনগুলি এই বক্তব্যকে কড়া ভাষায় সমালোচনা করেছে। সমালোচকদের প্রধান অভিযোগ, কোনো আইনি বিচার প্রক্রিয়া বা আদালতের রায় ছাড়াই সরাসরি অভিযুক্তের সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া বিচারবহির্ভূত শাস্তির আওতায় পড়ে । একে রাজ্যের ব্র্যান্ড হিসেবে ঘোষণা করা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের প্রতি এক প্রকার উপহাস। বুলডোজার চালানোর ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট সম্প্রদায় বা রাজনৈতিক বিরোধীদের নিশানা করা হয়েছে, যা সামাজিক সম্প্রীতির পরিপন্থী।
এই রাজনৈতিক ও প্রশাসনিক হাতিয়ারটি নিয়ে বিতর্কের জেরে দেশের উচ্চ আদালতেও একাধিক মামলা হয়েছে। সুপ্রিম কোর্ট এর আগে বিভিন্ন রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, অপরাধী প্রমাণিত হওয়ার আগেই বুলডোজার চালিয়ে কারও ঘরবাড়ি বা সম্পত্তি ভেঙে দেওয়া সম্পূর্ণ বেআইনি। বিচারব্যবস্থাকে পাশ কাটিয়ে এই ধরনের ‘দ্রুত বিচার’ চলতে পারে না।বিচারালয়ের কড়া নির্দেশ সত্ত্বেও শাসক দলগুলির একাংশ রাজনৈতিক জনসভায় বুলডোজারকে তাদের শক্তির প্রতীক হিসেবে তুলে ধরা থেকে বিরত থাকছে না। যোগীর সাম্প্রতিক মন্তব্য সেই কৌশলকেই আরও এক ধাপ এগিয়ে দিল।
যোগী আদিত্যনাথের এই বক্তব্য প্রমাণ করে যে, বুলডোজার উত্তরপ্রদেশে আজ একটি রাজনৈতিক মতাদর্শ এবং ক্ষমতার প্রতীক। একদল মানুষের কাছে এটি যেমন অপরাধ দমনের এবং সুশাসনের প্রতীক, অন্য দলের কাছে এটি সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের এক বিপজ্জনক নিদর্শন। এই দ্বৈরথের মধ্যেই উত্তরপ্রদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক আঙিনায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে বুলডোজার ব্র্যান্ড।

