​আধুনিক রানারদের স্বাস্থ্য সুরক্ষায় বিরাটিতে বিশেষ শিবির

১৩ জন
পড়েছেন

প্রতিবেদন টি শেয়ার করুন

​আধুনিক নাগরিক জীবনে ‘গিগ ওয়ার্কার’ বা ডেলিভারি কর্মী এবং অ্যাপ-ক্যাব চালকেরা এক অপরিহার্য অঙ্গ। মাত্র কয়েক মিনিটে দরজায় পৌঁছে যাওয়া গরম খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিংবা তীব্র যানজট পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছনোর ভরসা—সবটাই নির্ভর করে এদের চাকার গতির ওপর। রোদে পুড়ে, জলে ভিজে কিংবা তীব্র যানজটের ধোঁয়ায় দমবন্ধ করা পরিস্থিতিতেও এদের চাকা কখনো থামে না। কবি সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন—

​“রানার চলেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে,

রানার চলেছে খবরের বোঝা হাতে…”

​আজকের ডিজিটাল যুগের এই ডেলিভারি বয় আর ক্যাব চালকেরাই যেন সেই আধুনিক রানার। তবে কবিতার সেই করুণ প্রশ্ন—‘কিন্তু তার খবর কে রাখে?’—আজও সমান প্রাসঙ্গিক।

পিপলস রিলিফ কমিটির স্বাস্থ ক্যাম্প

​প্রতিটি বেসরকারি প্ল্যাটফর্মই কর্মীদের বেঁধে দেয় টার্গেট। একটি রাইড বা ডেলিভারি শেষ হতে না হতেই শুরু হয় পরেরটি। প্ল্যাটফর্ম সংস্থাগুলি এদের আইনত ‘শ্রমিক’ হিসেবে স্বীকার করতে নারাজ; তাদের দেওয়া হয়েছে মুখরোচক নাম ‘পার্টনার’। ফলে নেই কোনো নির্দিষ্ট মজুরি কাঠামো, নেই প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি কিংবা জীবনবিমার সুরক্ষা কবচ। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা ১২-১৪ ঘণ্টা রাজপথে কেটে যায়। অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত পানীয় জলের অভাব এবং দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বাইক বা ক্যাব চালানোর কারণে অধিকাংশেরই নেই ন্যূনতম স্বস্তিদায়ক ঘুম।

​এর সঙ্গে সাম্প্রতিক তীব্র দাবদাহ (হিট ওয়েভ) পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চরম গরমে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকার ফলে অধিকাংশ কর্মীর মধ্যেই দেখা দিচ্ছে মারাত্মক ডিহাইড্রেশন, শ্বাসকষ্ট, হিট এক্সহশন এবং ধোঁয়া-ধুলোর কারণে চোখের দীর্ঘস্থায়ী জ্বালা বা সংক্রমণের মতো উপসর্গ। এর পাশাপাশি প্রতিনিয়ত বাইক চালানো ও দীর্ঘক্ষণ স্টিয়ারিং ধরে বসে থাকার ফলে স্পন্ডিলাইটিস, দীর্ঘস্থায়ী কোমর ব্যথা ও হাঁটুর সমস্যায় কাবু হয়ে পড়ছেন অধিকাংশ চালক ও ডেলিভারি কর্মী।

সফর ও রেড ভলেন্টিয়ারস এর উদ্যোগে সচেতনতা শিবির

​তাঁদের স্বাস্থ্য সুরক্ষার তাগিদে ‘সফর’ ও রেড ভলান্টিয়ার্স বিরাটির উদ্যোগে, স্টুডেন্টস হেলথ হোম, ডক্টরস ফর ডেমোক্রেসি ও পিপলস রিলিফ মুভমেন্টের সহায়তায় সম্প্রতি শহরের উপকণ্ঠ বিরাটিতে আয়োজন করা হয় একটি বিশেষ ‘বিনামূল্যে স্বাস্থ্য ও সচেতনতা শিবির’। এই স্বাস্থ্য শিবিরে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু অ্যাপ-ক্যাব চালক এবং ফুড ও গ্রোসারি ডেলিভারি কর্মীরা অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট ও অভিজ্ঞ চিকিৎসকেরা।

টিম

​চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ, ব্যথানাশক অয়েন্টমেন্ট, ওআরএস (ORS) এবং ভিটামিন সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়। চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি একটি বিশদ স্বাস্থ্য সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়। তীব্র দাবদাহের মধ্যে কীভাবে হিট স্ট্রোক এড়াতে হবে, একটানা গাড়ি চালানোর ফাঁকে কীভাবে ছোট স্ট্রেচিং বা অঙ্গসঞ্চালন করতে হবে ইত্যাদি বিষয়গুলি সেখানে বুঝিয়ে দেওয়া হয়।

​

নির্ভীক ও স্বাধীন সাংবাদিকতার পাশে থাকুন

সত্যকে স্বাধীন রাখতে আমাদের পাশে থাকুন। অনুদান দিতে QR কোড স্ক্যান করুন অথবা আমাদের UPI ID ব্যবহার করুন।

UPI ID 8240214079@okaxis

অন্যান্য প্রতিবেদন.